নতুন করে চেনার আছে চিনির বাজার
শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের কাছ থেকে এত দিন সবাই জেনেছেন দেশের চিনির বার্ষিক চাহিদা ১০ লাখ টন। এক বছর আগের সরকারি পরিসংখ্যান আমলে আনলে এ অনুমান যুক্তিযুক্তও বটে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রতিবেদন অনুযায়ী ২০০৮ সালে চিনি আমদানি হয়েচিল আট লাখ ৬৭ হাজার মেট্রিক টন। সে বছর দেশের ভেতর উত্পাদন হয়েছিল দেড় লাখ টনের মতো। তবে বন্দর কর্তৃপক্ষের সর্বশেষ প্রতিবেদনটি পিলে চমকে দিয়েছে। ২০০৯ সালে চিনি আমদানি হয়েছে ১৪ লাখ ৪৪ হাজার টন। প্রতিবেদনের তথ্য ভুল নয়, এ পরিমাণ চিনি সত্যিই আমদানি হয়েছে। আবার গত বছর দেশে চিনির উত্পাদন ছিল ৭৫ হাজার মেট্রিক টন। তাহলে কি বছরান্তেই আমাদের চিনি খাওয়া সোয়া ১০ লাখ টন থেকে সোয়া ১৫ লাখ টন হয়ে গেল?মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বাজার গবেষণা প্রতিষ্ঠানের হিসাবে বাংলাদেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের উল্লেখযোগ্য সম্প্রসারণের ফলে চিনির চাহিদা বাড়ছে। তবে সে প্রবৃদ্ধি ১০ শতাংশের বেশি নয়।চিনির মূল্য বৃদ্ধির প্রবণতাও বেশ চড়া ছিল গতবার। বছর শুরুর ৩৬ টাকা কেজির চিনি রমজানে ৬৬ টাকা। ৫০ থেকে ৬০ টাকায় থেকেছে চিনি বাকি সময়। এত মূল্য বৃদ্ধির পর একটি জাতি আর যাই হোক, চিনি খাওয়ার মহোত্সবে নেমে যেতে পারে না! অনেকের স্মরণে থাকার কথা, গত রমজানে সংবাদপত্রের শিরোনাম, ‘এত চিনি যায় কোথায়?’ পাঁচটি বেসরকারি চিনি শোধনাগার সমানে উত্পাদন করছে। তার পরও মিলগেটে ডিলারদের ট্রাকের লাইন শেষ হচ্ছে না। ভুতেও চিনি খায়নি আর দুর্মূল্যের বাজারে গতবার রোজাদারেরা নিশ্চয়ই শরবত খাওয়া দ্বিগুণ করেননি।আপাতভাবে বর্ধিত মনে হলেও এই চাহিদাই প্রকৃত চাহিদা। তবে চাহিদা পূরণ করতে হয়েছে নিজের ঘর থেকে। বাইরে থেকে কেউ বাজারে সিঁধ কাটেনি। সম্ভবত প্রথম একটি বছর পার করেছে বাংলাদেশ চিনি চোরাকারবারিদের উত্পাত ছাড়া। এতেই বাজারে বিপত্তি। ভারতে চিনির এত সংকট হয়েছিল, গতবার উল্টো বাংলাদেশ থেকে সেখানে চিনি যাওয়ার জোগাড়।পারটেক্স গ্রুপের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, ‘আসলে হিসাবটি খুব সহজ। চোরাচালান বন্ধ তো বাংলাদেশের চিনি শিল্পের সুদিন, না হলে দুর্দিন।’ এমন দুর্দিনেই অনেক বছর পার করেছে বাংলাদেশের চিনি শিল্প। বছর তিনেক আগে একটি বড় চিনি শোধনাগার চালু করেই আবার বন্ধ করেছে পারটেক্স গ্রুপ। চিনি চোরাচালানের কারণে লোকসানি বাজার পরিস্থিতিও ছিল এর প্রধান কারণ।চোরাচালানির উত্পাতে লোকসানে চিনি বিক্রি করতে হয়েছিল সব বেসরকারি শোধনাগার মালিকদের। অবশ্য পারটেক্স ছাড়া অন্য সবাই সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, ইগলু সুগার, দেশবন্ধু বাজারে থেকেছে, লড়াইও করেছে। সর্বশেষ যোগ দিয়েছে এস আলম গ্রুপ।গত বছর বিশ্ববাজারে চিনির দাম বাড়ার বিভিন্ন পর্যায়ে বেশ মুনাফাও করেছে এসব প্রতিষ্ঠান। মুুনাফা আবার উত্পাদনক্ষমতার সম্প্রসারণে ব্যয় করেছে তারা। বর্তমানে বেসরকারি খাতের শোধনাগারগুলোর উত্পাদনক্ষমতা এত যে, তা দিয়ে দেশের চাহিদাই শুধু মিটবে না, এর চেয়ে বেশি পরিমাণ চিনি রপ্তানিও হতে পারে। স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ থেকে শুল্কমুক্ত চিনি রপ্তানির বিশাল বাজারও রয়েছে ইউরোপ, জাপান ও অন্যত্র।তবে আমদানিনির্ভর পণ্যের বিশ্ববাজার তেতে ওঠার সুযোগে যেমন কোটি কোটি টাকার মুনাফার সুযোগ আসে, আবার লোকসানে কোমর ভাঙার ঝুঁকিও থাকে। কয়েক সপ্তাহ ধরে খাতুনগঞ্জ আর মৌলভীবাজারে এমনই অনেক কোমর ভাঙার কাহিনি। গত ১৩ ফেব্রুয়ারি চিনির পাইকারি দর ছিল প্রতি মণ দুই হাজার ৫০ টাকার বেশি। গত বৃহস্পতিবার সেটি এক হাজার ৫০০ টাকায় নেমেছিল। ব্লুমবার্গের সর্বশেষ খবরে চিনি নেমেছে প্রতি টন ৫৪০ ডলারে। মাসখানেক আগেও ছিল ৭৬০ ডলার। এটিই হলো কমোডিটি মার্কেট, ক্যাসিনোর চেয়েও অনেক উত্তেজনাকর ঘটনা ঘটে এখানে। ব্রাজিল থেকে রপ্তানি বৃদ্ধি, ভারতে ভবিষ্যত্ উত্পাদনের ভালো পূর্বাভাস এবং আরও কিছু বিষয় চিনির বিশ্ববাজার দরে ধস নামিয়েছে। এতে ধরাশায়ী বাংলাদেশের শোধনাগার মালিক, ফার্স্ট পার্টি হিসেবে পরিচিত বড় ট্রেডার ও ছোট-বড় পাইকার। ব্যাংকপাড়ায় এখন শোনা যায়, খাতুনগঞ্জের বড় ব্যবসায়ীরা গড়ে প্রতিজনে পাঁচ থেকে ৫০ কোটি টাকা পুঁজি হারিয়েছেন। পণ্য বাণিজ্যে অর্থায়ন করে এমন একটি বেসরকারি ব্যাংকের শীর্ষস্থানীয় কর্তার হিসাবে, গত এক মাসে শোধনাগার মালিক, প্রথম পক্ষ আর পাইকারদের সম্মিলিত লোকসানের অঙ্কটি ৫০০ কোটি টাকার বেশি। খুচরা বাজারে ৬০ টাকার চিনি এখন ৫০ টাকায় নেমেছে। তার মানে পাইকারি দরপতনের পুরো সুফলটি ভোক্তাকে পেতে দেয়নি খুচরা দোকানদারেরা। তবে আমদানিকারক আর পাইকারের এবারকার লোকসানের প্রভাব চিনি শিল্পে আর সরবরাহ ব্যবস্থায় ঠিকই দাগ রেখে যাবে।