নতুন করে শেয়ার ছাড়বে বেক্সিমকো লিমিটেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বেক্সিমকো লিমিটেডের ৮০ লাখ ৬৩ হাজার ৮৬৮টি শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার কমিশনের ৪২৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে বিকেল তিনটার দিকে এসইসির সভাকক্ষে কমিশন সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন।এসইসির ওয়েবসাইটে প্রকাশিত ওই সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, আজকের সভায় কমিশন বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের (বেক্সিমকো) ১০ টাকা মূল্যমানের ৮০ লাখ ৬৩ হাজার ৮৬৮টি সাধারণ শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়া হয়। আলোচ্য ইস্যুর সম্পূর্ণ মূল্য আট কোটি ছয় লাখ ৩৮ হাজার ৬৮০ টাকা। এই ইস্যুর মাধ্যমে ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড, বেক্সিমকো ফ্যাশন লিমিটেড, ক্রিসেন্ট ফ্যাশন অ্যান্ড ডিজাইন লিমিটেড ও ফ্রেশটেক্স বাংলাদেশ (প্রাইভেট) লিমিটেডের প্রায় ১০০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে বেক্সিমকো লিমিটেড।ইস্যুকৃত শেয়ারের ওপর তিন বছরের লক-ইন থাকবে বলে সংবাদবিজ্ঞপ্তিতে আরও বলা হয়।