নতুন কোম্পানি আইন আগামী জুনের পর
নতুন কোম্পানি আইন করতে আগামী জুন পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, আইনটি ব্যবসাবান্ধব করা হবে এবং বিবেচনায় থাকবে এর কোনো ধারা যাতে অন্য আইনের সঙ্গে সাংঘর্ষিক না হয়।
রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) আয়োজিত ‘ব্যবসার পরিবেশ সহায়ক কোম্পানি আইন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
বিইআই সভাপতি ফারুক সোবহানের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য দেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, যুগ্ম বাণিজ্যসচিব আবদুল মান্নান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আসিফ ইব্রাহীম, আইনজীবী নিহাদ কবির প্রমুখ। ব্যারিস্টার তানজিব-উল আলম এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রবন্ধে নতুন কোম্পানি আইনে বাই-ব্যাক পদ্ধতি চালু করার পক্ষে মত দেওয়া হয়। বাই-ব্যাক হলো কোনো কোম্পানির বাজারে থাকা শেয়ার একটি নির্দিষ্ট দামে নেমে এলে ওই কোম্পানির উদ্যোক্তা কর্তৃক তা আবার কিনে নেওয়া।
বেসরকারি কোম্পানির ক্ষেত্রে বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং পর্ষদের ক্ষমতা, পরিচালকদের দায়িত্ব ইত্যাদি বিষয় সুনির্দিষ্ট করার কথাও উঠে আসে প্রবন্ধে।
ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, বাংলাদেশের মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবে বেসরকারি খাত। আইন করার সময় বিষয়টি বিবেচনায় রাখা হয়।
বহুস্তর বিপণন (এমএলএম) পদ্ধতির কোম্পানির কার্যক্রম প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, দেশের মানুষকে ভিখারিতে পরিণত করেছিল এই এমএলএম। এর পরও গত বছর পাঁচ এমএলএম কোম্পানির লাইসেন্স দেওয়া হয়েছে।