নতুন কোম্পানি আইন প্রণয়ন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যমান কোম্পানি আইনটি পুরোনো এবং এই আইনের বেশ কিছু ধারা ব্যবসায়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। এই প্রেক্ষাপটে দেশে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য কোম্পানি আইন পরিবর্তন করে নতুন আইন করতে হবে।রাজধানীর একটি অভিজাত হোটেলে গতকাল সোমবার কোম্পানি আইন সংস্কার নিয়ে আয়োজিত পরামর্শ সভায় এই অভিমত উঠে এসেছে। যৌথভাবে সভার আয়োজন করে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই), ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) ও বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ড (বিআইসিএফ)।সভায় জানানো হয়, দেশের বিদ্যমান কোম্পানি আইনটি ১৯৯৪ সালে প্রণয়ন করা। ১৯৫৬ সালের ভারতীয় কোম্পানি আইন অনুযায়ী এটা তৈরি করা হয়েছিল। সময়ের পরিবর্তনে নতুন প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বিভিন্ন দেশ নতুন করে কোম্পানি আইন তৈরি করেছে। গত সপ্তাহে ভারতের লোকসভায় নতুন কোম্পানি আইনের বিল উঠেছে। হংকং কোম্পানি আইন বিল আকারে তুলেছে গত ১১ জুলাই, যা শিগগিরই পাস হওয়ার কথা।বাংলাদেশের কোম্পানি আইন কেমন হওয়া উচিত, সে বিষয়ে সভায় আলোচনা করেন ব্যারিস্টার তানজীব উল আলম। তিনি বলেন, বিশ্বায়নের ফলে ব্যবসা এখন বহুজাতিক পর্যায়ে উন্নীত হয়েছে। একসঙ্গে বহু দেশের নিয়মনীতি মেনে ব্যবসা করতে হয়। এসব বিষয় বিদ্যমান আইনে অনুপস্থিত।‘আমাদের কোম্পানি আইনটি অনেকটাই দেশীয় বা স্থানীয় মানের’ উল্লেখ করে তিনি বলেন, দেশে কোনো কোম্পানি খুলতে কমপক্ষে দুজন শেয়ারহোল্ডার লাগে। কিন্তু সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে একজন শেয়ারহোল্ডার হলেই কোম্পানি খোলা যায়।ব্যারিস্টার তানজীব বলেন, দেশের কোম্পানিগুলোর অনুমোদিত মূলধন সীমিত। অথচ যুক্তরাজ্যের আইনে এই মূলধনের কোনো সীমারেখা রাখা হয়নি। প্রণীতব্য আইনটিতেও এই বিধান রাখা যেতে পারে।কোম্পানি আইনে যুক্তরাজ্যের মতো বেসরকারি কোম্পানিগুলোর (প্রাইভেট লিমিটেড) জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) বাধ্যতামূলক নয়—এমন বিধান রাখা যেতে পারে। তবে যদি সংঘ স্মারকে উল্লেখ থাকে, তাহলে এই সভা করা বাধ্যতামূলক করা যেতে পারে। আর তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে এই সভা বাধ্যতামূলক করাই সঠিক।বেশি শেয়ার আছে—এমন শেয়ারহোল্ডাররাই কেবল কোম্পানির পক্ষে মামলা করতে পারেন। কিন্তু যুক্তরাজ্যের আইন অনুযায়ী, বেশি শেয়ারহোল্ডার যদি কোম্পানির বিপক্ষে যান কিংবা এমন কোনো কাজ করেন, তবে কম শেয়ারহোল্ডারও তাঁদের বিরুদ্ধে মামলা করতে পারেন—এমন বিধান দেশের আইনে রাখা যেতে পারে।বিদেশি কোম্পানিকে নিবন্ধন পেতে হলে দেশের তিনটি কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হয়। এ জন্য চার মাস সময় লেগে যায়। বিদেশি কোম্পানিকে দেশে বিনিয়োগের পথ সহজ করতে হবে।তানজীব উল আলম আরও কিছু প্রস্তাবের কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে: কোম্পানির ক্ষেত্রে ব্যবসায়িক উদ্দেশ্য (অবজেক্ট ক্লজ) না থাকলেও চলে; বিকল্প পরিচালকদের নিয়োগের বিষয়টি স্পষ্ট করতে হবে; এমপ্লয়ি স্টক স্কিমের বিষয়ে আইনে বিধান রাখা উচিত।সভায় এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় রিটার্ন দাখিল না করার অভিযোগে ১১টি কোম্পানির বিরুদ্ধে মামলা হয়েছিল। আইনে রিটার্ন দাখিল না করার শাস্তি ছয় মাসের কারাদণ্ড। তিনি বলেন, ‘এখন আমি যদি কোনো কারণে সময়মতো রিটার্ন দাখিল করতে না পারি, তাহলে আমাকে জেলে যেতে হবে। এই আইন ব্যবসায়ীরা চান না। এটা সংশোধন করা প্রয়োজন।’ তিনি বলেন, দেশের তিন কোটি মানুষের ট্রেড লাইসেন্স আছে। তাঁরা সবাই ব্যবসায়ী। আইনে বলা আছে, ট্রেড লাইসেন্স নবায়ন না করলে জেলে যেতে হবে, জরিমানা হবে।এ কে আজাদ বলেন, দেশে বিভিন্ন আইন সংশোধন হচ্ছে কিংবা পরিবর্তন হচ্ছে। কিন্তু দেশের কোম্পানি আইনটি সংশোধন করা হয়নি। বর্তমান সময়ের সঙ্গে উপযোগী করে নতুন আইন তৈরি করতে হবে।বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পাশাপাশি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সঙ্গেও এই আইন নিয়ে আলোচনা করা উচিত। এতে আইনের বিষয়ে নতুন নতুন মত উঠে আসবে।সভায় অন্যদের মধ্যে বৈশ্বিক কোম্পানি আইন বিশেষজ্ঞ রিচার্ড শ, যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর কার্যালয়ের নিবন্ধক আহমেদুর রহিম, বিআইসিএফের কর্মসূচি ব্যবস্থাপক মাশরুর রিয়াজ প্রমুখ বক্তব্য দেন।