নতুন কোম্পানি ঘিরে লেনদেন আবর্তিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালসকে ঘিরেই গতকাল বুধবার দেশের শেয়ারবাজারে লেনদেন আবর্তিত হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন কোম্পানিটির প্রায় ৫২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। প্রথম দিনেই কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৪০০ শতাংশ বেড়েছে। বেশ কিছুদিন ধরে নতুন তালিকাভুক্ত কোম্পানিকে ঘিরে বাজারে লেনদেন পরিচালিত হচ্ছে। তালিকাভুক্তির প্রথম দিন থেকেই অস্বাভাবিক হারে বাড়তে থাকে নতুন কোম্পানিগুলোর শেয়ারের দাম। এতে এসব শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে যায়। ফলে হাতে থাকা অন্য কোম্পানির শেয়ার বিক্রি করে নতুন কোম্পানিতে বিনিয়োগ করেন সাধারণ বিনিয়োগকারীদের অনেকে।কিন্তু দেখা যায়, সাধারণ বিনিয়োগকারীদের অনেকে শেষ পর্যন্ত লাভের মুখ দেখেন না। কারণ শুরুতে কোম্পানিগুলোর শেয়ার উচ্চ দামে কেনাবেচা হলেও তা বেশি দিন স্থায়ী হয় না। ডিএসই সূত্রে জানা গেছে, নতুন তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দামের ওপর প্রথম পাঁচ দিন কোনো ধরনের মূল্যস্তর (প্রাইস লিমিট) থাকে না। পাশাপাশি নির্ধারিত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত নতুন কোম্পানিকে নতুন সূচক গণনার হিসাবে ধরা হয় না। তাই সাম্প্রতিক এই প্রবণতাকে বাজারের জন্য ইতিবাচক নয় বলেই মনে করেন বাজার-সংশ্লিষ্টরা। জানতে চাইলে ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, ‘বাজারে কিছুদিন ধরে দেখা যাচ্ছে নতুন শেয়ার তালিকাভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সবাই সেটির পেছনে ঝুঁকছে। বিনিয়োগের চিন্তা থেকে কেউ এসব শেয়ারে ঝুঁকছেন না। সবাই ট্রেডিং বা স্বল্প সময়ের মুনাফার প্রবণতা থেকে এমনটি করছেন। এতে দেখা যাচ্ছে সেসব কোম্পানির শেয়ারের দাম কয়েক দিনের মধ্যেই অস্বাভাবিক বা অযৌক্তিক পর্যায়ে চলে যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত সেই দাম আর টিকছে না।’শাকিল রিজভী আরও বলেন, ‘বেশির ভাগ বিনিয়োগকারী হাতে থাকা শেয়ার বিক্রি করে দিয়ে নতুন কোম্পানির শেয়ার কিনছেন। এতে করে এক দিকে পুরোনো তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিক্রির চাপ বাড়ছে। যার নেতিবাচক প্রভাব পড়ছে সূচকে।’ কসমোপলিটন ফিন্যান্সের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার বাজারে গতকাল লেনদেনের শীর্ষে ছিল ওষুধ খাত। গতকাল বুধবার থেকে লেনদেন শুরু হওয়া এ খাতের কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালসের কারণেই মূলত এটি লেনদেনে শীর্ষে উঠে আসে। এদিন এ খাতের ১৮ কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭০ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ২৫ শতাংশ। আগের দিন লেনদেনে শীর্ষে থাকা ব্যাঙ্কিং খাত এদিন খাতভিত্তিক লেনদেনের দিক থেকে ষষ্ঠ অবস্থানে নেমে এসেছে। এ খাতের লেনদেন হওয়া ৩০ কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২০ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের মাত্র ৭ শতাংশ।ঢাকার বাজারের সাধারণ মূল্যসূচক এদিন ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় তিন হাজার ৯৩৭ পয়েন্টে। নতুন সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে তিন হাজার ৮৫৫ পয়েন্টে। ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে প্রায় ৭৫ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৭৮ কোটি টাকায়।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক প্রায় ৮৫ পয়েন্ট কমে নেমে এসেছে ১২ হাজার ৫১ পয়েন্টে। লেনদেনের পরিমাণ ছিল ৪১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১২ কোটি টাকা বেশি।