নতুন কোম্পানির তথ্য যাচাইয়ে ‘দক্ষ প্যানেল’ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে নতুন কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার সময় সংশ্লিষ্ট কোম্পানির তথ্য যাচাই-বাছাইয়ের জন্য একটি ‘দক্ষ প্যানেল’ গঠন করা হয়েছে। এই প্যানেল সংশ্লিষ্ট কোম্পানির জমা দেওয়া তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পর্ষদে উপস্থাপন করবে। পর্ষদ এসব তথ্য পরীক্ষা-নিরীক্ষা করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) সুপারিশ পাঠাবে।আজ বুধবার দুপুরে ডিএসই এক সংবাদ ব্রিফিংয়ে সংস্থাটির সভাপতি রকিবুর রহমান এসব কথা জানান। এর আগে ডিএসইর পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনি এসব কথা সাংবাদিকদের জানান।রকিবুর রহমান বলেন, পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কোম্পানির তথ্য পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। এ লক্ষ্যে ১৪ সদস্যের একটি প্যানেল তৈরি করা হয়েছে। প্যানেলে দক্ষ ব্যক্তিরা রয়েছেন। তাঁরা নতুন কোম্পানি আসার ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানির আর্থিক প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করবেন এবং একটি প্রতিবেদন ডিএসইতে জমা দেবেন। ডিএসইর পক্ষ থেকে সেটা আবারও যাচাই করে এসইসিতে সুপারিশ পাঠাবে। এ ছাড়া ডিএসইর পক্ষ থেকে সংশ্লিষ্ট কোম্পানি পরিদর্শনেরও সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।দক্ষ প্যানেলে যেসব ব্যক্তি রয়েছেন, তাঁরা হলেন আইসিএমএবির প্রেসিডেন্ট মমতাজ উদ্দিন আহমেদ, আইসিএবির সাবেক প্রেসিডেন্ট জামালউদ্দিন আহমেদ, আইসিএবির সাবেক প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক হাবিবুর রহমান, আকতার সোহেল কাশেম, আদিব এইচ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক এম এ বাকি খলীলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক সাদিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক স্বপন কুমার বালা, আনিসুর রহমান, আশরাফুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. সালাহউদ্দিন চৌধুরী, আশরাফ উদ্দিন আহমেদ ও আকতার হোসেন সান্নামাত।এ ছাড়া তালিকাভুক্ত কোম্পানির কার্যক্রমের ওপর পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। এ লক্ষ্যে ১৪ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে বলে জানান রকিবুর রহমান।