নতুন ক্রান্তিকালে দেশের চামড়াশিল্প
বার্ষিক উৎপাদন: এক কোটি ৫০ লাখ বর্গফুট সারা দেশে ট্যানারি: ২৪০টি বাজার: অন্তত সাড়ে পাঁচ হাজার কোটি টাকাবিশ্ববাজারে মন্দাভাব আর পরিবেশবান্ধব উৎপাদনের অভাবে দেশের চামড়াশিল্প এখন আরেকটি ক্রান্তিকালে এসে দাঁড়িয়েছে। আসন্ন কোরবানি ঈদের প্রাক্কালে এসে দেশের চামড়াশিল্পের অবস্থা পর্যালোচনা করতে গিয়ে এমন পর্যবেক্ষণই বেরিয়ে এসেছে।সাম্প্রতিককালে ইউরোপ ও আমেরিকার অর্থনৈতিক মন্দার কারণে বাংলাদেশি চামড়াজাত পণ্যের রপ্তানি এখন নিম্নমুখী হয়ে পড়েছে। বিশ্ববাজারে চামড়ার দর কমে যাচ্ছে। অন্যদিকে রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে চামড়া প্রক্রিয়াকরণ কারখানা বা ট্যানারিগুলো স্থানান্তরিত না হওয়ায় পরিবেশবান্ধব উৎপাদনের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা সৃষ্টি হয়েছে। বিশেষত, ২০১৪ সালের পর পরিবেশসম্মতভাবে চামড়াজাত পণ্য তৈরি করতে না পারলে ইউরোপের বাজারে বাংলাদেশি চামড়াজাত পণ্য প্রবেশ করতে পারবে না।২০০৩ সালের ১৬ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) ‘চামড়া শিল্পনগর—সাভার, ঢাকা’ নামের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। কাছাকাছি সময়ে পরিবেশদূষণ ঠেকাতে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতও হাজারীবাগ থেকে দ্রুত ট্যানারিগুলো সাভারে স্থানান্তর করতে সরকারকে সময় বেঁধে দেয়। সর্বশেষ ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ট্যানারিগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ ছিল উচ্চ আদালতের।তবে আজ পর্যন্ত হাজারীবাগ থেকে এসব ট্যানারি স্থানান্তর আর হয়নি। এ জন্য সরকার ও উদ্যোক্তা-ব্যবসায়ীরা পরস্পরকে দোষারোপ করছেন।জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে থাকা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ শেষ করতে পারেনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট বা সিইটিপি) নির্মাণ, সেটির জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানই চূড়ান্ত করতে পারেনি বিসিক।সরকারের অভিযোগ, চামড়া ব্যবসায়ীরা সাভারে যেতে চান না। আর ব্যবসায়ীদের অভিযোগ, বিসিকের গড়িমসিতেই সাভারে স্থানান্তর বারবার পিছিয়ে যাচ্ছে। তা ছাড়া হাজারীবাগে তাঁরা ভবন নির্মাণ ও ট্যানারির যন্ত্রপাতি স্থাপন করেছেন ব্যাংক ঋণ নিয়ে। এখন ব্যাংকের ছাড়পত্র ও সরকার থেকে ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত তাঁরা সাভারে যেতে রাজি নন।ব্যবসার পরিসংখ্যান: মান ভালো হওয়ায় বিদেশি বাজারে প্রতিবছরই বাংলাদেশি চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদা বাড়ছে। বিশ্বের মোট চাহিদার দুই থেকে তিন শতাংশ জোগান দিচ্ছে বাংলাদেশ।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, গত অর্থবছর প্রক্রিয়াজাত চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে আয় ছিল ৩৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। ২০০৯-১০ অর্থবছরে এই আয়ের পরিমাণ ছিল ৩৫ কোটি ৩২ লাখ ডলার। এর আগের অর্থবছরে রপ্তানি আয় হয় ১৭ কোটি ৭৩ লাখ ডলার। তবে চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আয় হয়েছে নয় কোটি ২৮ লাখ ডলার, যা এই প্রান্তিকের লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ শতাংশ কম।জানা গেছে, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্যের প্রধান প্রতিদ্বন্দ্বী চীন, ভিয়েতনাম, ব্রাজিল ও ভারত। চার বছর আগে ইউরোপের বাজারে চীনের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে এন্টিডাম্পিং শুল্ক আরোপ করে ইইউ। ফলে চীন ওই সময় পাদুকাসহ মানসম্মত চামড়াজাত পণ্য তেমন বাজারজাত করতে পারেনি। বাংলাদেশ সুযোগটি কাজে লাগায়।কিন্তু গত এপ্রিলে ইউরোপীয় ইউনিয়ন এই শুল্ক প্রত্যাহার করার পর চীন আবার ইউরোপের বাজারে তাদের দখল বাড়াচ্ছে, যা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।আবার বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার কারণে গত দুই মাস ধরে চামড়ার দাম কমছে। দুই মাস আগে দেশের ব্যবসায়ীরা প্রতি বর্গফুট প্রক্রিয়াজাত চামড়া দুই ডলার ২০ সেন্টে বিক্রি করতেন। কিন্তু এখন এর দর নেমে গেছে এক ডলার ৮০ সেন্ট থেকে এক ডলার ৯০ সেন্টে।বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) সূত্রে জানা যায়, গত দুই মাস ধরে বিদেশি ক্রেতাদের কাছ থেকে কার্যাদেশ কমেছে। অন্য বছরগুলোয় কোরবানির ঈদের আগে প্রচুর অগ্রিম কার্যাদেশ পাওয়া গেলেও এ বছর পরিস্থিতি পুরো উল্টো।কোরবানির পশুর চামড়া থেকেই সারা বছরের কাঁচা চামড়ার জোগানের ৭০ থেকে ৮০ শতাংশ সংগ্রহ হয়। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে কোরবানির পশুর চামড়ার সংগ্রহমূল্য নির্ধারণ করেন ট্যানারির মালিক ও ব্যবসায়ীরা। তিন-চার বছর ধরেই এ অবস্থা চলে আসছে। তবে আন্তর্জাতিক বাজারের উত্থান-পতনের কারণে এবার কোরবানির ঈদে গরু, খাসি ও বকরির চামড়া সংগ্রহে কোনো মূল্য নির্ধারণ করেননি ব্যবসায়ীরা।এদিকে গত বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত এক সেমিনারে লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর জানান, চামড়াশিল্পের ৯০ শতাংশ কাঁচামাল দেশেই পাওয়া যায়। আর পাদুকা ও অন্যান্য পণ্য তৈরিতে উৎপাদিত পাকা চামড়ার মাত্র ৫০ শতাংশ ব্যবহূত হয়। সেদিক থেকে চামড়াজাত পণ্য ও পাদুকাশিল্পের প্রসার দ্বিগুণ করা সম্ভব।দেশের যে কটি চামড়াজাত পণ্য বিদেশে নিজেদের অবস্থান দৃঢ় করেছে, তার অন্যতম হচ্ছে পাদুকা। প্রতিবছরই পাদুকা থেকে রপ্তানির আয় বাড়ছে। তা ছাড়া ইউরোপীয় ইউনিয়ন, জাপান, কানাডা, অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে বাংলাদেশের পাদুকা রপ্তানিতে শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা পায়। এসব কারণে বাংলাদেশে পাদুকাশিল্পের বিনিয়োগে তাইওয়ানসহ কয়েকটি দেশ এগিয়ে আসছে বলেও তিনি জানান। সাভারে যেতে গড়িমসি: সাভারের হেমায়েতপুরের হরিণধরা গ্রামে ধলেশ্বরী নদীর পাড়ে ২০০ একর জায়গাজুড়ে সাভার চামড়া শিল্পনগর গড়ে তোলা হয়েছে। শিল্পনগরের ১৯৫টি প্লট ইতিমধ্যে বরাদ্দও দেওয়া হয়েছে। তবে সিইটিপি নির্মাণ না হওয়ার অজুহাতে হাজারীবাগ ছাড়ছেন না ট্যানারির মালিকেরা।সাভার চামড়া শিল্পনগরের প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে প্রকল্পের কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে। সিইপিটি নির্মাণের দরপত্রের প্রক্রিয়া শেষ পর্যায়ে। এটি নির্মাণে আরও দুই বছর লাগবে। সিইটিপি হলেই হাজারীবাগ থেকে সব ট্যানারি সাভারে সরিয়ে নেওয়া হবে।গত মঙ্গলবার সরেজমিন ঘুরে দেখা গেছে, পুরো প্রকল্প এলাকায় পিচঢালা পথ রয়েছে। পথের দুই ধার দিয়ে সারিবদ্ধভাবে চামড়া পাকা করার কারখানার প্লট। কোনো কোনো প্লটে ট্যানারির নামসংবলিত সাইনবোর্ড বসানো হয়েছে। পরিকল্পিত নর্দমা দেখা গেল পথ ও কারখানার পাশে। আবার প্লটগুলোর পাশ দিয়ে চলে গেছে খুঁটিতে ঝোলানো বৈদ্যুতিক তার।প্রায় সাড়ে তিন বছর ধরে এভাবেই সব অবকাঠামো প্রস্তুত করা হয়েছে সাভারের এই চামড়া শিল্পনগরে। বিদ্যুতের জন্য তৈরি করা হয়েছে একটি উপকেন্দ্র। গ্যাস সংযোগের জন্য আছে অবকাঠামো। নদীর পাড়ে তৈরি করা হয়েছে বেড়িবাঁধ। নিরাপত্তার জন্য আছে পুলিশ ফাঁড়ি। প্রকল্প এলাকার নদীর একপাশে কেন্দ্রীয় পানি শোধনাগারের কাজও প্রায় শেষ পর্যায়ে। এখন প্রকল্প কার্যালয়ের পাশেই চলছে গাড়ি পার্কিংয়ের কাজ। তবে পুরো এলাকায় একপাশে নিরাপত্তা দেয়াল নির্মাণ করা হলেও তিন পাশ এখনো খোলাই আছে।প্রকল্প এলাকা ঘুরে আরও দেখা যায়, এরই মধ্যে রাস্তার বেশ কয়েকটি স্থানে ভাঙন ধরেছে। অকেজো অবস্থায় পড়ে থাকার কারণে শ্যাওলা, ময়লা ও মাটি জমে নর্দমা ভরাট হয়ে যাচ্ছে। প্রকল্প কার্যালয়ের দোতলা ভবনেও জমে আছে ধুলোবালি। পুরো এলাকা দেখাশোনার জন্য আছেন বিসিকের আবদুল হান্নান ভূঁইয়াসহ তিন কর্মচারী। শিল্পনগরটিতে এখনো কোনো কারখানা না বসায় সেটি এখন বিনোদনের স্থানে পরিণত হয়েছে। আবার দিনের বেলা অনেকে এখানকার পিচঢালা পথে গাড়ি চালানো শিখতে আসেন। পাশের গ্রামবাসীরা গরু চরান।চামড়া শিল্পনগর সম্পর্কে জানতে চাইলে শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, প্রকল্পটি শেষ করতে সরকারের ওপর চাপ আছে। ইউরোপীয় ইউনিয়ন ২০১২ সালের মধ্যে সিইটিপি নির্মাণের তাগিদ দিচ্ছে। ২০১৪ সালের মধ্যে পরিবেশসম্মতভাবে চামড়াজাত পণ্য তৈরি করতে না পারলে ইউরোপের বাজারে বাংলাদেশের চামড়াজাত পণ্য ঢুকতে দেবে না।খোঁজ নিয়ে জানা যায়, অবকাঠামো সব প্রস্তুত হলেও ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট কিছু বিষয় সুরাহা না হলে সমস্যা থেকেই যাবে। সাভারে কারখানা স্থানান্তরের জন্য ট্যানারির মালিকেরা ২০০৩ সালে সরকারের কাছে এক হাজার ৮৯ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে ২০০৬ সালে সে সময়ের শিল্পসচিবের নেতৃত্বে গঠিত কমিটি ট্যানারির মালিকদের ২৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করে।বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ প্রথম আলোকে জানান, ‘ব্যবসায়ীরা ভালো পরিবেশে পণ্য উৎপাদন করতে সাভারে চামড়া শিল্পনগরে যেতে ইচ্ছুক। সে কারণে প্লটের জন্য অগ্রিম টাকাও দিয়েছে। কিন্তু সেখানে যাওয়ার জন্য সচিব কমিটির সুপারিশ অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে এখনো কোনো অগ্রগতি নেই।’ অবশ্য শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী বলেন, ‘ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনায় আছে। ব্যবসায়ীদের দিকটিও দেখতে হচ্ছে। তাঁদের সঙ্গে আলোচনা করেই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।’আবার প্লট নিয়েও ক্ষোভ রয়েছে ব্যবসায়ীদের। এ বিষয়ে বাংলাদেশ প্রক্রিয়াজাত চামড়া, চামড়াপণ্য ও জুতা রপ্তানিকারক সমিতির (বিএফএলএলএফইএ) সভাপতি বেলাল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের যতগুলো ট্যানারি আছে, সাভারে প্লট তার চেয়ে কম। এ ছাড়া প্রতিটি ট্যানারির জন্য বরাদ্দকৃত জায়গার পরিমাণ খুবই কম। আনুষঙ্গিক আরও কিছু ব্যবসাপ্রতিষ্ঠান সেখানে প্রয়োজন। এ জন্য আরও ২০০ একর জায়গা দরকার।