নতুন ক্রেডিট কার্ড চালু করেছে সিটি ব্যাংক লিমিটেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন প্লাটিনাম ক্রেডিট কার্ডের উদ্বোধন অনুষ্ঠানে সিটি ব্যাংক লিমিটেড ও আমেরিকান এক্সপ্রেসের কর্মকর্তারা ষ প্রথম আলো
নতুন প্লাটিনাম ক্রেডিট কার্ডের উদ্বোধন অনুষ্ঠানে সিটি ব্যাংক লিমিটেড ও আমেরিকান এক্সপ্রেসের কর্মকর্তারা ষ প্রথম আলো

সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস প্লাটিনাম কার্ড নামে নতুন ক্রেডিট কার্ড চালু করল সিটি ব্যাংক লিমিটেড। এই ক্রেডিট কার্ডের মাধ্যমে অভিজাত গ্রাহকেরা বিশেষ ভ্রমণ ও জীবন যাপনে বিভিন্ন ধরনের সুবিধা পাবেন।
গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে সিটি ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ ও আমেরিকান এক্সপ্রেস গ্লোবাল মার্চেন্ট সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট প্রণব ভরতওয়াল আনুষ্ঠানিকভাবে কার্ডটির উদ্বোধন করেন। রাজধানীতে গুলশানের সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহমুদ সাত্তার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন ও ফারুক এম আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, হেড অব কার্ডস মাজহারুল ইসলাম, আাামেরিকান এক্সপ্রেস পার্টনার সার্ভিসের পরিচালক ও প্রধান রুপালী শর্মা প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্লাটিনাম কার্ডধারীরা বিশ্বজুড়ে বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন। ভ্রমণসুবিধার মধ্যে রয়েছে ব্যাংকক এয়ারওয়েজে ঢাকা থেকে ব্যাংকক রিটার্ন সৌজন্য টিকিট, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ লাউঞ্জে সারা বছর সেবাসুবিধা ও ‘মিট অ্যান্ড গ্রিট’ সেবা, আন্তর্জাতিক প্রায়োরিটি পাসের মাধ্যমে বিশ্বের ১০০টির বেশি দেশের বিমানবন্দরের লাউঞ্জে সম্পূর্ণ বিনা মূল্যে প্রবেশ ও ব্যবহারের সুবিধা। সদ্য চালু হওয়া সিটি এয়ারমাইল রিওয়ার্ডসের আওতায় আমেরিকান এক্সপ্রেস কার্ডে খরচের বিপরীতে জমা হওয়া রিওয়ার্ড পয়েন্টের বিনিময়ে পৃথিবীর বিভিন্ন বিমান সংস্থার টিকিট ক্রয় এবং হোটেল বুকিংয়ের সুবিধাও রয়েছে।
এ ছাড়া ডাইনারস ডাইন ফ্রি প্রোগ্রামের আওতায় দেশের শীর্ষস্থানীয় ১০টি রেস্টুরেন্টে ন্যূনতম তিনজন অতিথি নিয়ে গেলে এই কার্ডধারী সৌজন্য ডাইনিংয়ের সুবিধা পাবেন। বাংলাদেশের ১১৬টি পার্টনার রেস্টুরেন্ট ও দোকানগুলোয় বিশেষ মূল্যছাড়; আমেরিকান এক্সপ্রেসের গ্লোবাল কনসিয়ার্জ সেবা, প্লাটিনাম ওভারসিজ ও মেডিকেল সহায়তা, ইনস্যুরেন্স সেবা ইত্যাদি পাওয়া যাবে।
রুবেল আজিজ বলেন, ‘এই কার্ড প্রচলনের মধ্য দিয়ে অধিক গ্রাহক সন্তুষ্টি আদায়ে আমরা দৃঢ় অঙ্গীকারের পথে আরও এক ধাপ এগিয়ে গেলাম।’
প্রণব ভরতওয়াল বলেন, কৌশলগত সহযোগিতার আওতায় আমেরিকান এক্সপ্রেসের বিশ্বব্যাপী সুনাম ও সামর্থ্যকে সিটি ব্যাংকের সঙ্গে একসূত্রে গাঁথা হয়েছে।