সরকারের রাজস্ব আদায় বাড়াতে নতুন নতুন খাতে করারোপের সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)।
সংস্থাটি সব ধরনের উৎস থেকে অর্জিত মুনাফায় করারোপ, বেতনসহ বিভিন্ন আয়ের ওপর করারোপ, তামাকশিল্পের ওপর কর বৃদ্ধি ও সম্পদ কর প্রবর্তনের সুপারিশ করেছে। এ ছাড়া তৈরি পোশাক খাতে উৎসে কর কমপক্ষে দশমিক ৮ শতাংশে উন্নীত করার প্রস্তাবও রয়েছে।
পিআরআই গতকাল শনিবার ঢাকার বনানীর নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক প্রাক্-বাজেট আলোচনা সভায় এসব সুপারিশ-প্রস্তাব করেছে। সংস্থাটির চেয়ারম্যান জাইদী সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, ‘১৬ কোটি মানুষের দেশে মাত্র ১১ লাখ মানুষ কর দেন। এটি একটি অবাস্তব বিষয়। আমার ইচ্ছা, এ দেশের প্রত্যেক মানুষ কর দেবেন। ন্যূনতম কর হলেও সবারই তা দেওয়া উচিত।’ তিনি বলেন, ‘বেতন ও মজুরি থেকে কর আদায়ের বিষয়টি কখনো ভেবে দেখিনি। এটা বিবেচনা করা যেতে পারে।’
সভায় দেশে ব্যাংক দেউলিয়া এবং ব্যাংক একীভূতকরণের কোনো আইন না থাকার বিষয়ে আলোচনা হয়। এ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, দেশে ব্যাংক দেউলিয়া এবং ব্যাংক একীভূতকরণের কোনো আইন নেই। এই দুটি বিষয়ে আইন প্রণয়ন নিয়ে কাজ করা যেতে পারে।
কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘মিষ্টি ও ওষুধ কেনার সময় বিক্রেতা রসিদ দেন না। এতে মূল্য সংযোজন কর (মূসক) পাওয়া যায় না।’ তিনি মনে করেন, সিগারেট ও বিড়িশিল্প হলো কর আদায়ের একটি খনি। এই খাত থেকে কীভাবে আরও বেশি রাজস্ব আদায় করা যায়, সেই নীতি ঠিক করার পরামর্শ দেন তিনি।
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, উচ্চ বিনিয়োগের মাধ্যমে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করাই এখন অন্যতম চ্যালেঞ্জ। আর রাজস্ব বোর্ডের সক্ষমতার চেয়ে বেশি রাজস্ব লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে বলে তিনি মনে করেন।
মেট্রোপলিটন চেম্বারের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, কর কর্মকর্তাদের ব্যবহার ব্যবসাবান্ধব নয়। তিনি আরও বলেন, অবকাঠামো নির্মাণ ও মানবসম্পদ উন্নয়নে পর্যাপ্ত বিনিয়োগ হচ্ছে না।
পিআরআইয়ের সুপারিশ: গবেষণা সংস্থাটির নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর মূল প্রবন্ধে রাজস্ব আদায় বাড়াতে আগামী বাজেটে বেশ কিছু খাতে শুল্ক-কর আরোপের প্রস্তাব দেন। তিনি বলেন, ২০১৩-১৪ অর্থবছরে রাজনৈতিক অস্থিরতার কারণে সাময়িকভাবে তৈরি পোশাকের রপ্তানিমূল্যের ওপর উৎসে কর দশমিক ৩ শতাংশে নামিয়ে আনা হয়। আগামী অর্থবছরে তা কমপক্ষে আগের স্থানে, অর্থাৎ দশমিক ৮ শতাংশে উন্নীত করা উচিত। এতে ৬০০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হবে।
পিআরআই বেতনসহ বিভিন্ন আয়ের ওপর করারোপের প্রস্তাব দিয়ে বলেছে, এর মাধ্যমে এখন বাংলাদেশের মোট আয়করের মাত্র ২ শতাংশ আসে। আর যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় এ খাত থেকে আসে আয়করের যথাক্রমে ৮৭ দশমিক ৬ শতাংশ ও ৬২ দশমিক ৭ শতাংশ।
প্রবন্ধটিতে বলা হয়েছে, বিদ্যমান কর হারের কারণে কম দামের সিগারেট ও বিড়িশিল্প থেকে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হচ্ছে না। এ জন্য গত ছয় অর্থবছরে কমদামি সিগারেটের বাজার অংশীদারত্ব ৩৬ থেকে ৬৪ শতাংশে উন্নীত হয়েছে। তাই কমবেশি সব দামের সিগারেটের জন্য অভিন্ন কর হারের প্রস্তাব করা হয়েছে।
পিআরআই বলেছে, তথ্যপ্রযুক্তি খাতে এখন কর ভার ৫৬ শতাংশ। এটা কমানো উচিত। এ ছাড়া প্রধান প্রধান মূলধনি পণ্যের ওপর ৩ শতাংশ আমদানি শুল্ক নির্ধারণ এবং এসব পণ্যের ওপর থেকে সম্পূরক ও নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দেয় সংস্থাটি।
আরেক প্রবন্ধে পিআরআইয়ের ভাইস চেয়ারম্যান সাদিক আহমদ চারটি সুপারিশ করেন। সুপারিশগুলো হচ্ছে রাজস্ব আদায় বৃদ্ধি, স্বাস্থ্য-শিক্ষা-সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বাড়ানো, পাইপলাইনে থাকা বিদেশি সহায়তার ব্যবহার বৃদ্ধি এবং ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার ব্যয়ের বিষয়ে পরিষ্কার বক্তব্য প্রদান।
সভায় আরও বক্তব্য দেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান।