
নজরকাড়া সাজের স্টলে পণ্যের সাজানো পসরা নেই। নেই ক্রেতাদের হুমড়ি খেয়ে পড়া ভিড়ও। মাঝেমধ্যে একজন, দুজন দর্শনার্থী আসছেন। অন্যান্য স্টলের মতো বিক্রয়কর্মীদের ব্যস্ততাও খুব বেশি চোখে পড়ল না।
তবু বাণিজ্যমেলার মতো বারোয়ারি মেলায় প্রদর্শনী কেন্দ্র বা বিক্রয়কেন্দ্র খুলেছে গাড়ি বিক্রেতা একাধিক প্রতিষ্ঠান। এসব বিক্রয়কেন্দ্রে সাজিয়ে রাখা হয়েছে নানা ব্র্যান্ডের বিলাসী গাড়ি।
এবারের মেলায় অংশগ্রহণকারী গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের চেয়ে কম। এবারই মেলায় প্রথমবারের মতো অংশ নিয়েছে ইফাদ অটোস। প্রতিষ্ঠানটি ভারতীয় অশোক লেল্যান্ড ব্র্যান্ডের গাড়ি বাজারজাত করে থাকে। এ ছাড়া বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও মেলায় অংশ নিয়েছে টয়োটাসহ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি বাজারজাতকারী দেশীয় প্রতিষ্ঠান নাভানা।
নাভানার প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক তৌহিদুর রহমান প্রথম আলোকে বলেন, নতুন আসা কয়েকটি ব্র্যান্ডের গাড়িই মেলায় প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। সর্বশেষ ২০১৫ সালের মডেলের এসব গাড়িতে মেলা উপলক্ষে এক থেকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত নগদ ছাড় দেওয়া হচ্ছে। এ ছাড়া কোনো ক্রেতা যদি বেসরকারি ইস্টার্ন ব্যাংকের যেকোনো ধরনের কার্ডধারী হন তাহলে ওই ক্রেতার জন্য রয়েছে আরও অতিরিক্ত ৫০ হাজার টাকা নগদ ছাড়।

তৌহিদুর রহমান জানান, বাজারে নতুন আসা টয়োটার বিভিন্ন নামের গাড়ির মধ্যে অন্যতম আকর্ষণীয় গাড়িটি হলো ২৫০০ সিসি ইঞ্জিন ক্ষমতার ক্যামরে। এটি পরিবেশবান্ধব হাইব্রিড গাড়ি, অর্থাৎ ব্যাটারিচালিত। গাড়িটির দাম ৭০ লাখ টাকা। মেলা উপলক্ষে ৫ লাখ টাকা ছাড়ে তা ৬৫ লাখ টাকায় বিক্রি করা হচ্ছে।
তৌহিদুর রহমান আরও জানান, নতুন আসা ২০১৫ সালের মডেলের ২৫০০ সিসি ইঞ্জিন ক্ষমতার ভায়োস বাজারমূল্যের চেয়ে এক লাখ টাকা কমে ২৮ লাখ ৯০ হাজার, ১৩০০ সিসি ইঞ্জিন ক্ষমতার ইয়ারিস দেড় লাখ টাকা কমে ২৬ লাখ এবং ১৫০০ সিসির এভেনজা বাজারমূল্যের চেয়ে ১ লাখ ৬০ হাজার টাকা কমে ২৯ লাখ ৯০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
ইফাদ অটোসের সহকারী মহাব্যবস্থাপক খলিলুর রহমান জানান, বাণিজ্যিকভাবে ব্যবহৃত অশোক লেল্যান্ডের নতুন মডেলের গাড়িগুলো পরিচিত করতেই তাদের মেলায় অংশগ্রহণ। তবে মেলা উপলক্ষে আলাদা করে মূল্যছাড়ের কোনো ব্যবস্থা নেই।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, ১ টন থেকে শুরু করে ৪৯ টন পর্যন্ত পণ্যবাহী গাড়ি রয়েছে। এ ছাড়া নতুন এসেছে ২৩ সিটের যাত্রাবাহী শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস। স্কুল, কলেজ ও বিভিন্ন করপোরেট অফিসের ব্যবহারের জন্য এ গাড়ি বাজারে আনা হয়েছে। এর বাইরে ৪৬, ৫২, ৫৬ ও ৬০ সিটের যাত্রাবাহী এসি ও নন-এসি বাস রয়েছে। খলিলুর রহমান জানান, সব কটি গাড়িই সর্বশেষ ২০১৫ মডেলের।