নতুন গৃহনির্মাণ ঋণ চালু করেছে ব্র্যাক ব্যাংক

ঢাকার বাইরের নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য গৃহনির্মাণ ঋণ ‘নিজের বাড়ি’ চালু করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। সম্প্রতি ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ফজলে হাসান আবেদ ব্যাংকের প্রধান কার্যালয়ে নতুন এই ঋণ ব্যবস্থার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক শিবনারায়ণ কৈরী ও হাফিজ জি এ সিদ্দিকী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান ফিরোজ আহমেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্র্যাক ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিম্ন ও মধ্য আয়ের মানুষদের বাড়ি করার স্বপ্ন পূরণে সহায়তা করবে প্রথমবারের মতো চালু করা এই বিশেষ ঋণ ব্যবস্থা। প্রাথমিকভাবে কুমিল্লা, জয়দেবপুর, নরসিংদী সদর, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, টঙ্গি ও বগুড়ায় এ ঋণ পাওয়া যাবে।
চাকরিজীবী, পেশাজীবী, ব্যবসায়ী ও বাড়ির মালিক তাঁদের নির্মাণাধীন, সমাপ্ত, পুরোনো ফ্ল্যাট/বাড়ি নির্মাণ বা সম্প্রসারণের জন্য এ ঋণ সুবিধা পাবেন। সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ পাওয়া যাবে, যা সর্বোচ্চ ১০ বছরের মধ্যে পরিশোধ করা যাবে।