নতুন চিনি রাখার জায়গা নেই জয়পুরহাট চিনিকলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যতম চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকল প্রায় ৩৭ কোটি টাকা মূল্যের পাঁচ হাজার ২২৬ মেট্রিক টন চিনি অবিক্রীত রেখেই আগামী ৬ ডিসেম্বর থেকে ২০১৩-১৪ মৌসুমের আখমাড়াই মৌসুম শুরু করতে যাচ্ছে। কিন্তু গুদামে স্থান সংকুলানের অভাবে নতুন চিনি কোথায় রাখা হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস সালামও স্বীকার করেন যে এবার নতুন চিনি রাখা নিয়ে গুদামে জায়গার সংকট হতে পারে। এ ছাড়া দীর্ঘদিন গুদামে চিনি অবিক্রীত অবস্থায় পড়ে থাকলে তার রং ও গুণগত মান নষ্ট হওয়ারও আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
জানা গেছে, এ চিনিকলে চলতি ২০১৩-১৪ মাড়াই মৌসুমে এক লাখ মেট্রিক টন আখ মাড়াই করে সাড়ে সাত হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে চিনি আহরণের হার ধরা হয়েছে সাড়ে ৭ শতাংশ। ২০১২-১৩ মৌসুমে ৯০ হাজার ১৯২ টন আখ মাড়াই করে ছয় হাজার ৭৮ টন চিনি উৎপাদন করা হয়েছিল। দাম বেশি হওয়ার কারণেই মূলত জয়পুরহাট চিনিকলে বিপুল পরিমাণ চিনি অবিক্রীত রয়ে গেছে।
ডিলার ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজারে যেখানে বেসরকারি কোম্পানির চিনি ৪৬ থেকে ৪৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেখানে এ চিনিকল থেকে তা ৫০ টাকা কেজি দরে তুলে খুচরা বাজারে আরও বেশি দামে বিক্রি করা সম্ভব নয়। তাই তাঁরা লোকসানের ভয়ে চিনিকলটি থেকে চিনি তুলছেন না।
ডিলার সামছুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাজারে এই চিনিকলের চেয়ে বেসরকারি কোম্পানিগুলোর চিনি কেজিপ্রতি ৪ থেকে ৫ টাকা কম দরে কেনাবেচা হচ্ছে। তাই ক্রেতারা বেসরকারি কোম্পানিগুলোর চিনিই কিনছেন।
চিনিকল সূত্রে জানা গেছে, গত ২০১১-১২ ও ২০১২-১৩ অর্থবছরের প্রায় পাঁচ হাজার ২২৬ টন চিনি অবিক্রীত রয়েছে। যার মূল্য ৩৬ কোটি ৮২ লাখ টাকা। এই বিপুল পরিমাণ চিনি অবিক্রীত থাকায় চলতি মৌসুমে উৎপাদিত চিনি গুদামজাত করা নিয়ে বিপাকে পড়তে পারেন জয়পুরহাট চিনিকল কর্তৃপক্ষ।