নতুন চেয়ারম্যান, তিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল), বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) সরকার নতুন তিনজন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত সোমবার বিডিবিএলের চেয়ারম্যান পদে নিয়োগের জন্য মো. ইয়াসিন আলীকে নির্বাচিত করে ওই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) চিঠি দিয়েছে। ইয়াসিন আলী বিএইচবিএফসির চেয়ারম্যান থাকায় একই দিনে তাঁকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এদিকে বিএইচবিএফসির পরিচালক ও নতুন চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের (বিসিবিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক শেখ আমিনউদ্দিন আহমেদকে।
আর আইসিবির পরিচালক ও চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের চেয়ারম্যান মুজিব উদ্দিন আহমেদকে। গত ৭ জুলাই তিন বছরের জন্য তাঁকে বেসিক ব্যাংকের পরিচালক নিয়োগ দেওয়া হয়। চার মাস পর এই পরিচালককে নতুন দায়িত্ব দেওয়া হলো।
সংস্থাটিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী শফিকুল আজম। তাঁকে আইসিবির এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।