নতুন ছয় মডেলের বাইক আনছে টিভিএস

ছয়টি নতুন মডেলের মোটরসাইকেল বাজারজাত করতে যাচ্ছে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল মঙ্গলবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মোটরসাইকেলগুলোর বিপণন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
নতুন মোটরসাইকেলগুলো হলো ১৫০ সিসি ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন অ্যাপাচি আরটিআর, ১২৫ সিসি ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন ফিনিক্স ও স্ট্রাইকার, ১১০ সিসি ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন মেট্রো প্লাস এবং স্কুটারের নতুন সংস্করণ জুপিটার। এ ছাড়া রয়েছে ১০০ সিসি ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন এক্সএল-১০০। এক্সএল ১০০ মডেলের মোটরসাইকেলটিতে ছোট ব্যবসায়ীদের পণ্য পরিবহনের সুবিধা রয়েছে।
টিভিএস অটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসাইন বলেন, এ ছয়টি মোটরসাইকেল বাজারজাত করার মধ্য দিয়ে দেশে বাইকের বাজারে টিভিএসের অবস্থান সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে এসব মডেলের উদ্বোধন করা হলেও দাম অবশ্য জানানো হয়নি। তবে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের হেড অব অপারেশন বিপ্লব কুমার রায় বলেন, গ্রাহকের ক্রয়ক্ষমতার মধ্যেই দাম থাকবে। অন্য প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতার বিষয়টি মাথায় রেখে দাম নির্ধারণ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির টু হুইলার বিজনেসের প্রধান মৃগেন ব্যানার্জী, ন্যাশনাল সেলস ম্যানেজার আতিকুর রহমান ও বিপণন ব্যবস্থাপক আশরাফুল হাসান, টিভিএস অ্যান্ড সন্সের অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট কল্লোল চৌধুরী, টিভিএস মোটর কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক অরো আশিষ চৌধুরী প্রমুখ।
টিভিএস অটো বাংলাদেশ ২০০৭ সাল থেকে দেশে টিভিএস মোটরসাইকেল সংযোজন ও বিপণন করে আসছে।