নতুন জীবনবিমা কোম্পানি ব্যবসা করতে পারছে না
নতুন লাইসেন্স পাওয়া ১৩ জীবনবিমা কোম্পানির কোনোটিই ভালো ব্যবসা করতে পারছে না। আওয়ামী লীগের বর্তমান ও সাবেক মন্ত্রী, আঞ্চলিক ও বিদেশ শাখার নেতা ও সাবেক সেনা কর্মকর্তারা ২০১৩ সালে দুই দফায় এ লাইসেন্স পেয়েছিলেন।
নতুন জীবনবিমা কোম্পানিগুলোর ভালো বিনিয়োগ নেই অথচ কোম্পানিগুলোকে ব্যবস্থাপনা ব্যয় ঠিকই করতে হচ্ছে। কোম্পানিগুলো এমনকি অতিরিক্ত ব্যয় করছে। গ্রাহকের অর্থের নিরাপত্তার জন্য জীবন তহবিল (লাইফ ফান্ড) হচ্ছে যেকোনো জীবনবিমা কোম্পানির প্রাণ। অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় করতে গিয়ে টান পড়ছে জীবন তহবিলে।
সম্প্রতি নতুন জীবনবিমা কোম্পানিগুলোর ওপর করা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) ২০১৪ ও ২০১৫ সালের হিসাব থেকে এ চিত্র পাওয়া গেছে।
আইডিআরএর হিসাব বিশ্লেষণে দেখা যায়, ২০১৫ সালে ৮ জীবনবিমা কোম্পানির জীবন তহবিল আগেরবারের চেয়ে কমেছে। কোম্পানিগুলো হচ্ছে জেনিথ লাইফ, যমুনা লাইফ, এনআরবি গ্লোবাল লাইফ, প্রোটেকটিভ ইসলামী লাইফ, বেস্ট লাইফ, চার্টার্ড লাইফ, ট্রাস্ট ইসলামী লাইফ এবং স্বদেশ লাইফ ইনস্যুরেন্স কোম্পানি।
একই সময়ে বিনিয়োগ কমে গেছে জেনিথ লাইফ, মার্কেন্টাইল লাইফ, স্বদেশ লাইফ ও ডায়মন্ড লাইফের।
জীবনবিমা কোম্পানিগুলোর মূল ব্যবসা আসে প্রথম বছরের প্রিমিয়াম আয় থেকে। আগের বছরের তুলনায় প্রথম বছরের প্রিমিয়াম আয় কমেছে বেস্ট লাইফ, যমুনা লাইফ, এনআরবি গ্লোবাল লাইফ ও প্রোটেকটিভ ইসলামী লাইফ—এ চার কোম্পানির।
কোম্পানিগুলো ব্যবস্থাপনা ব্যয় কত করতে পারবে—সে ব্যাপারে আইডিআরএর নির্দেশনা আছে। তা অমান্য করে কোম্পানিগুলো ৪৫ কোটি টাকা অতিরিক্ত ব্যয় করেছে।
জানতে চাইলে প্রোটেকটিভ ইসলামী লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী মৃধা গতকাল প্রথম আলোকে বলেন, গত নভেম্বরে এই কোম্পানির দায়িত্ব নিয়ে অতিরিক্ত ব্যবস্থাপনা খরচ কমিয়ে আনার উদ্যোগ নিয়েছেন তিনি। ব্যবসা বৃদ্ধির জন্য নতুন নতুন পলিসিও গ্রহণ করেছেন।
রাজনৈতিক বিবেচনায় আওয়ামী লীগ সরকার ২০১৩ সালে মোট ১৬টি বিমা কোম্পানির লাইসেন্স দেয়, যার মধ্যে ১৩টিই জীবনবিমা কোম্পানি। নতুনদের বাইরে বিদেশি মেটলাইফ, রাষ্ট্রায়ত্ত জীবন বীমা করপোরেশন এবং আরও ১৬টি বেসরকারি জীবনবিমা কোম্পানি রয়েছে দেশে।
নতুন করে লাইসেন্স দেওয়া হয়েছে ভারতের জীবনবিমা কোম্পানি এলআইসিকে, যে কোম্পানি বাংলাদেশে ব্যবসা করার কার্যক্রম গোছাচ্ছে। যুক্তরাজ্যের কোম্পানি প্রুডেনশিয়ালকেও লাইসেন্স দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নতুন লাইসেন্স দেওয়ার আগে থেকে যে ১৬টি জীবনবিমা কোম্পানি রয়েছে, খারাপ অবস্থার কারণে সেগুলোর কয়েকটির লাইসেন্স বরং বাতিল করা দরকার, অর্থ মন্ত্রণালয়কে এমন মত জানিয়েছিল আইডিআরএ। কিন্তু সরকার তা আমলে নেয়নি।
দেশে আর কোনো বিমা কোম্পানির লাইসেন্স দেওয়ার বাস্তবতা রয়েছে কি না, আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদের কাছে ২০১২ সালে একটি বিশ্লেষণমূলক সমীক্ষা চেয়েছিলেন অর্থমন্ত্রী।
শেফাক আহমেদ বিশ্লেষণ করে অর্থমন্ত্রীকে তখন জানান, বড়জোর দুই থেকে তিনটি জীবনবিমা কোম্পানির লাইসেন্স দেওয়া যেতে পারে। অর্থ মন্ত্রণালয় এটিকেও গুরুত্ব দেয়নি।
দেশে বিমা কোম্পানির লাইসেন্স দেয় আইডিআরএ। জানা গেছে, সরকারের শীর্ষ পর্যায়ের নীতিগত সিদ্ধান্ত ছাড়া আইডিআরএ লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরুই করে না।
বিমা কোম্পানির মালিকদের সংগঠন বিআইএর সভাপতি শেখ কবির হোসেন বলেন, ‘কোম্পানি এতগুলো হওয়াতেও কোনো ক্ষতি ছিল না, আমাদের দরকার এখন দক্ষ জনবল তৈরি। কিন্তু বিদ্যমান বিমা একাডেমি দিয়ে এই কাজটি যে হচ্ছে না, তা সরকার বুঝতে পারছে না।’
আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদ প্রথম আলোকে বলেন, দেশের বিপুল জনগোষ্ঠী এখনো জীবনবিমার আওতার বাইরে। সে বিবেচনায় জীবনবিমা ব্যবসায়ের ভালো সম্ভাবনা রয়েছে বলেই নতুন লাইসেন্স দেওয়া হয়েছিল। কাজে লাগাতে না পারলে তা কোম্পানিগুলোর ব্যর্থতা বলে তিনি মনে করেন।