প্রথমবারের মতো বিমা কোম্পানি গঠনের নীতিমালা চূড়ান্ত হচ্ছে
নতুন জীবনবিমা কোম্পানির লাইসেন্স দেওয়া হবে
শুধু ব্যাংক নয়, রাজনৈতিক বিবেচনায় কিছু বিমা কোম্পানিরও লাইসেন্স দেওয়া হচ্ছে। বাস্তবতা না থাকা সত্ত্বেও সরকার এ লাইসেন্স দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এ পর্যন্ত ২০০টি প্রস্তাবিত কোম্পানির একটি তালিকা তৈরি করেছে অর্থ মন্ত্রণালয়। আর আবেদনকারীরা সরকারের শীর্ষ মহলে লাইসেন্সের জন্য রীতিমতো তদবির করে বেড়াচ্ছেন।অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিমা কোম্পানির লাইসেন্স দেওয়ার বাস্তবতা আছে কি না, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (ইডরা) কাছে এ বিষয়ে মতামত জানতে চাইলে সংস্থাটি বড়জোর দুই থেকে তিনটি জীবন বিমা কোম্পানির লাইসেন্স দেওয়ার পক্ষে মত দেয়। কিন্তু কোনো অবস্থাতেই সাধারণ বিমা (নন লাইফ) কোম্পানির জন্য লাইসেন্স দেওয়ার পক্ষে নয় ইডরা।তবে নিয়ন্ত্রক সংস্থার মতামত উপেক্ষা করে সরকার নতুন সর্বোচ্চ ১০টি জীবন বিমা কোম্পানির লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে।মন্ত্রণালয় অবশ্য বলছে, এবার আর যেনতেনভাবে লাইসেন্স দেওয়া হবে না। আবেদনকারীদের নতুন নীতিমালার আওতায় লাইসেন্স নিতে হবে, যা আগের তুলনায় কঠিন। সূত্রমতে, আবেদনকারীদের মধ্যে নামে-বেনামে ক্ষমতাসীন মন্ত্রীরা যেমন রয়েছেন, রয়েছেন পদ ও ক্ষমতাবঞ্চিত দলীয় নেতারাও। আওয়ামী লীগের কেন্দ্রীয় থেকে উপজেলা—সব পর্যায়ের নেতারা এ লাইসেন্স নেওয়ার জন্য ইডরার কাছে আবেদন করেছেন। প্রাথমিক বাছাই শেষে এরই মধ্যে আবেদনপত্রগুলো ইডরা পাঠিয়ে দিয়েছে অর্থ মন্ত্রণালয়ে। শেষ পর্যন্ত নতুন কয়টি জীবনবিমা কোম্পানির লাইসেন্স দেওয়া হচ্ছে, এমন প্রশ্নের জবাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী বলেন, দেওয়া হবে বলে তিনি জানেন। তবে সংখ্যাটি বলতে পারবেন না। সরকারি সংস্থা জীবন বীমা করপোরেশন, বিদেশি প্রতিষ্ঠান মেটলাইফ আলিকোর পাশাপাশি দেশে বেসরকারি খাতে আরও ১৬টি জীবনবিমা কোম্পানি রয়েছে। নতুন জীবনবিমা কোম্পানি বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো ইডরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যমান জীবনবিমা কোম্পানির অনেকগুলোই বিনিয়োগ নীতিমালা অনুসরণ করছে না। কোনো কোনো কোম্পানি নিয়মের বাইরে গিয়ে এমনকি শেয়ার ব্যবসা করছে। এতে পলিসি গ্রাহকদের অর্থ থাকছে ঝুঁকির মধ্যে। এতে আরও বলা হয়েছে, জীবনবিমা কোম্পানিগুলো কম পরিশোধিত মূলধনের সুযোগে বেশি লভ্যাংশ দিচ্ছে, তিনটি কোম্পানি ১০ বছর ধরে আইপিওতে আসতে পারছে না এবং একটি কোম্পানি ১৫ বছর ধরে নিয়মিত লভ্যাংশ দিতে ব্যর্থ।প্রস্তাবিত নীতিমালা: প্রথমবারের মতো বিমা কোম্পানি গঠনের নীতিমালা প্রণীত হতে যাচ্ছে দেশে। নীতিমালার খসড়া কয়েক দফা সংশোধনের পর ১৪ মার্চ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তা আবারও পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। এখন অর্থমন্ত্রীর সম্মতি পেলেই বিষয়টি চূড়ান্ত হবে। জানতে চাইলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী প্রথম আলোকে বলেন, ‘এখন নীতিমালাটির বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।’ শিগগির তা চূড়ান্ত হবে বলে তিনি আশা করছেন। এদিকে নতুন লাইসেন্সের খসড়া নীতিমালায় বলা হয়েছে, সাধারণ বিমার জন্য ৪০ কোটি টাকা এবং জীবনবিমার জন্য ৩০ কোটি টাকা পরিশোধিত মূলধনের শর্ত পূরণ করে লাইসেন্স নিতে হবে। তবে উদ্যোক্তারা পরিশোধিত মূলধনের ৬০ শতাংশ অর্থ প্রথমে জোগান দেবেন। বাকি অর্থ কোম্পানির কার্যক্রম শুরুর তিন বছরের মধ্যে প্রাথমিক শেয়ার (আইপিও) ছেড়ে জনগণের কাছ থেকে সংগ্রহ করতে হবে। আদালত কর্তৃক দেউলিয়া ঘোষণা এবং কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঁচ বছরের মধ্যে একবারের জন্যও কেউ ঋণ খেলাপি হয়ে থাকলে, ওই ব্যক্তি বিমা কোম্পানির লাইসেন্সের আবেদনের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।প্রস্তাবিত নীতিমালা অনুসারে দুজন স্বতন্ত্র পরিচালকসহ কোম্পানির পরিচালক ২০ জনে সীমাবদ্ধ থাকবে। এক পরিবারের দুজনের বেশি কেউ পরিচালক থাকতে পারবেন না। বর্তমানে কোনো বিমা কোম্পানিতে পরিচালক বা উপদেষ্টা রয়েছেন, এমন কেউ নতুন কোম্পানির লাইসেন্সের আবেদন করতে পারবেন না।এ ছাড়া প্রস্তাবিত কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) বিমা খাতে ১৫ বছর এবং এর নিচের পদে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।বিমা কোম্পানির লাইসেন্স পেতে চাইলে আবেদনকারীদের জন্য পাঁচ ধাপের ১৫ পৃষ্ঠার একটি নমুনাও তৈরি করে দিয়েছে ইডরা। যোগাযোগ করলে ইডরা চেয়ারম্যান এম শেফাক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে নীতিমালাটি প্রণয়ন করা হয়েছে। এখন মন্ত্রণালয় অনুমোদন দিলেই তা চূড়ান্ত হবে।’ তবে নীতিমালাটি অনুসরণ করে কেউ আসতে পারলে তা জীবনবিমা খাতের জন্য ভালো হবে বলেই মনে করেন শেফাক আহমেদ।