১৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের বন্দর চেয়ারম্যান
নতুন জেটি না হলে প্রবৃদ্ধি কমতে পারে
২০১৯ সালের মধ্যে নতুন কোনো জেটি নির্মাণ না হলে চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হবে। এ সময়ের পর পণ্য পরিবহনের প্রবৃদ্ধি সামাল দেওয়া যাবে না। এতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও কমতে পারে।
চট্টগ্রাম বন্দরের ১৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল এ কথা বলেন। গতকাল মঙ্গলবার সকালে বন্দরের শহীদ ফজলুর রহমান মুন্সি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বন্দর চেয়ারম্যান বলেন, বন্দর দিয়ে এখন প্রতিবছর ১৬ শতাংশ হারে কনটেইনার পরিবহন বাড়ছে। এটি লক্ষ্য রেখে ২০১৯ সালের মধ্যে পতেঙ্গায় নতুন একটি কনটেইনার টার্মিনাল নির্মাণ করার প্রক্রিয়া চলছে। এই টার্মিনাল সরাসরি ক্রয়পদ্ধতিতে নির্মাণ করা হবে। এটি নির্মাণ হলে প্রবৃদ্ধি কিছুটা সামাল দেওয়া যাবে। কারণ প্রস্তাবিত বে টার্মিনাল ২০২১ সালের আগে নির্মাণ সম্ভব হবে না।
মতবিনিময় সভায় বন্দরের যন্ত্রপাতি সংগ্রহ, প্রস্তাবিত চারটি টার্মিনাল নির্মাণের প্রক্রিয়াগত অগ্রগতিসহ সার্বিক বিষয় তুলে ধরেন বন্দর চেয়ারম্যান। এ সময় বন্দর পর্ষদের চার সদস্য কমোডর জুলফিকার আজিজ, কমোডর শাহীন রহমান, মো. জাফর আলম ও কামরুল আমিন উপস্থিত ছিলেন।
বন্দর চেয়ারম্যান বলেন, সরকারি-বেসরকারি অংশীদারত্বে পতেঙ্গায় কর্ণফুলীর পাড়ে লালদিয়া টার্মিনাল নির্মাণে এক বছরের মধ্যে চুক্তি হতে পারে। ২০২১ সালে প্রস্তাবিত বে টার্মিনালে একটি কনটেইনার টার্মিনাল ও একটি বহুমুখী পণ্য পরিবহনের টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে বন্দরের। এর বাইরে পুরোনো জেটি ভেঙে কর্ণফুলী কনটেইনার টার্মিনাল নির্মাণের প্রক্রিয়া চলছে। এসব টার্মিনালের নির্মাণকাজ শেষ হতে তিন থেকে পাঁচ বছরের মতো সময় লাগবে।
মতবিনিময় সভার শুরুতে লিখিত বক্তব্যে বন্দর চেয়ারম্যান বলেন, ১৮৮৭ সালের এই দিনে চট্টগ্রাম বন্দর প্রাতিষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এক বছর পর ১৮৮৮ সালে পোর্ট কমিশনার্স অ্যাক্ট চূড়ান্তভাবে প্রণীত হয়। এ জন্য প্রতিবছর ২৫ এপ্রিল বন্দর দিবস হিসেবে পালন করা হয়।