নতুন টাকা ছাড়া হবে কাল থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা উপলক্ষে আবারও নতুন নোট বাজারে ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। কাল বৃহস্পতিবার থেকে নতুন নোট বাজারে ছাড়া হবে। বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকের রাজধানীর ১৪ শাখা থেকে এসব নোট পাওয়া যাবে। তবে সব ব্যাংক সব মূল্যমানের নোট ছাড়বে না।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এবারের ঈদ উপলক্ষে প্রায় ২৩ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ার প্রস্তুতি চলছে। এর আগে গত ঈদুল ফিতরে প্রায় ২৬ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়া হয়েছিল। আর গত ঈদুল আজহায় ছাড়া হয়েছিল ১৯ হাজার কোটি টাকার নতুন নোট। নতুন নোট বাজারে ছাড়ার পাশাপাশি জাল নোট চিহ্নিত করতে রাজধানীর গরুর হাটে জাল নোট চিহ্নিত করার যন্ত্রও বসাবে বিভিন্ন ব্যাংক।

জানা গেছে, রাজধানীর মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে নতুন নোট বদলে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক ব্যক্তি ঈদের আগের শেষ কর্মদিবস পর্যন্ত দুবার নতুন নোট বদলে নিতে পারবেন।

আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলাকালে নতুন নোট সংগ্রহ করা যাবে।