কর জরিপের পর এবার নতুন করদাতার সন্ধানে নতুন কার্যক্রম শুরু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আওতায় রাজধানী ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে করযোগ্য ব্যক্তি খুঁজে বের করা হবে। এসব চিহ্নিত ব্যক্তিকে নতুন কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) দিয়ে তাৎক্ষণিকভাবে আয়কর বিবরণী (রিটার্ন) গ্রহণ করা হবে। একে বলা হচ্ছে স্পট অ্যাসেসমেন্ট। সারা দেশের শতাধিক এলাকা এই কার্যক্রম পরিচালনার জন্য চিহ্নিত করা হয়েছে, যার বেশির ভাগই উপজেলা পর্যায়ে।আগামী ১ নভেম্বর চট্টগ্রামের আগ্রাবাদে কর্ণফুলী মার্কেট থেকে এই কার্যক্রম শুরু হবে। চলবে চলতি অর্থবছরের পুরো সময়ে। আর ঢাকায় কার্যক্রম শুরু হবে ৪ নভেম্বর। ঢাকার ইসলামপুর এলাকার করযোগ্য ব্যক্তিদের টিআইএন দিয়ে তাৎক্ষণিকভাবে আয়কর বিবরণী নেওয়া হবে।এই কার্যক্রমের আওতায় প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তিকে এক হাজার টাকা অগ্রিম আয়কর দিয়ে দিতে হবে না। শুধু তাৎক্ষণিক মূল্যায়নের পর প্রস্তুত করা আয় বিবরণী অনুযায়ী আয়কর দিলেই চলবে।অর্থনৈতিক কর্মকাণ্ড ভালো, এমন এলাকা চিহ্নিত করার জন্য কয়েক মাস আগেই প্রতিটি আয়কর কমিশনারেটকে নির্দেশ দিয়েছে এনবিআর। কমিশনারেটগুলো ইতিমধ্যে তাদের আওতাধীন এলাকা চিহ্নিত করে এনবিআরকে জানিয়ে দিয়েছে। এ প্রসঙ্গে এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, আয়করদাতার সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যেই নতুন এই কার্যক্রম নেওয়া হয়েছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে উপজেলা পর্যায়ে এখন অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক গতিশীল। এসব স্থানে বিপুলসংখ্যক করযোগ্য ব্যক্তি আছেন।জনবল ও অবকাঠামোর অভাবে উপজেলা পর্যায়ে এনবিআর যেতে পারেনি। তাই নির্দিষ্ট দিনে গিয়ে সেখানে করযোগ্য ব্যক্তির সন্ধান করে তাঁদের করজালে আনা হবে বলে জানান রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। এনবিআরের কর্মকর্তারা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট এলাকায় গিয়ে সেই এলাকার করযোগ্য ব্যক্তিদের চিহ্নিত করবেন। এর আগে সংশ্লিষ্ট কমিশনারেটের কর্মকর্তারা ওই এলাকায় টিআইএন গ্রহণ ও তাৎক্ষণিক আয়কর বিবরণী জমা দেওয়ার জন্য উদ্বুদ্ধকরণ প্রচারণা চালাবেন। তাঁরা ওই এলাকায় সামাজিকভাবে অবস্থাসম্পন্ন ব্যক্তিদেরও চিহ্নিত করবেন। নির্দিষ্ট দিনে এনবিআরের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে একটি বুথের মাধ্যমে করযোগ্য ব্যক্তিদের নতুন টিআইএন খোলা হবে। সঙ্গে সঙ্গে ওই করদাতার বার্ষিক আয়কর বিবরণী জমা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকার বিপণিবিতান, ব্যবসাপ্রতিষ্ঠান ও অবস্থাসম্পন্ন বাড়িতে সরেজমিনে যাবেন এনবিআরের কর্মকর্তারা।এ পর্যায়ে টিআইএন খুলতে কোনো ধরনের অর্থ নেবে না এনবিআর। কবে কোন এলাকায়: ঢাকার ইসলামপুর ৪ নভেম্বর, কারওয়ান বাজার ৪-৭ নভেম্বর, নীলক্ষেত বাবুবাজার হকার্স মার্কেট ৯ নভেম্বর, রামপুরা/বনশ্রী ২৮ ডিসেম্বর, শাহজাহানপুর ৯ জানুয়ারি, পুরানা পল্টন ৩০ জানুয়ারি, খিলগাঁও ২৬ এপ্রিল ও বাড্ডা ১৫ মে। চট্টগ্রামের আগ্রাবাদ ১ নভেম্বর ও দেওয়ানহাট ১-২ নভেম্বর। মাদারীপুরের শিবচর ২-৩ নভেম্বর; বাগেরহাটের মোরেলগঞ্জ ৩-৪ নভেম্বর; সাতক্ষীরার কালীগঞ্জ ৭-৮ ডিসেম্বর, কলারোয়া ২৪-২৫ মে; খুলনার ডুমুরিয়ার শাহপুর বাজার ৪-৫ জানুয়ারি; যশোরের নাভারন ১-২ ফেব্রুয়ারি, চৌগাছা ৭-৮ জুন; মেহেরপুরের গাংনী ৮-৯ মার্চ; কুষ্টিয়ার মিরপুরের পোড়াদহ বাজার ৫-৬ এপ্রিল; নড়াইলের বড়দিয়া বাজার ২৬-২৭ এপ্রিল; ঝিনাইদহের শৈলকুপা ১০-১১ মে; নেত্রকোনা শহর ৭ নভেম্বর; কিশোরগঞ্জ শহর ৯ ডিসেম্বর ও ভৈরব ২১ ডিসেম্বর; নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক নগর ৭ নভেম্বর; নরসিংদীর ইনডেক্স প্লাজা ৩ নভেম্বর; সিরাজগঞ্জের বেলকুচি ৮-৯ নভেম্বর; রংপুর পৌরবাজার ৩ নভেম্বর; সিলেটের বালাগঞ্জ ১ এপ্রিল এবং বরিশালের চকবাজার ২ এপ্রিল।