নতুন ডেপুটি গভর্নর নিয়োগের তথ্য জানে না কেন্দ্রীয় ব্যাংক
সদ্য বিদায়ী বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর (ডিজি) আবুল কাশেমকে আবারও একই পদে এক বছরের জন্য নিয়োগ দিতে যাচ্ছে সরকার। বাংলাদেশ ব্যাংকের ডিজি পদে এক বছরের জন্য এর আগে কারও মেয়াদই বাড়ানো হয়নি। তবে বাংলাদেশ ব্যাংককে তা জানানো হয়নি।
অর্থ মন্ত্রণালয়ের একক সিদ্ধান্তে সুপারিশ করা এ-বিষয়ক প্রস্তাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ও সম্মতি দিয়েছে। আগামী রোববার চুক্তি হওয়ার কথা রয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। দ্বিতীয়বারের মতো এই নিয়োগ দেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ ব্যাংকসহ ব্যাংক খাতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বিস্ময় প্রকাশ করেছেন। কিন্তু সরাসরি কোনো কথা বলতে চাননি কেউই।
ডেপুটি গভর্নরদের সরকারই নিয়োগ দেয়। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সারসংক্ষেপ তৈরি করে অর্থমন্ত্রীর অনুমোদন নিয়ে তা পাঠিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এ ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয় সৌজন্যবশত হলেও বাংলাদেশ ব্যাংকের মতামত চায়। কিন্তু আবুল কাশেমের ক্ষেত্রে তা করা হয়নি।
গত মে মাসে বাংলাদেশ ব্যাংক একটি চিঠি দিয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে জানায় যে আবুল কাশেমের মেয়াদ ৬ জুলাই শেষ হচ্ছে। এরপর আবুল কাশেম যথাসময়ে বাংলাদেশ ব্যাংক ছেড়ে চলে যান। এরপর থেকে পদটি শূন্যই ছিল।
জানতে চাইলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা সুপারিশ করেছিলাম দুই বছরের জন্য, সম্মতি এসেছে এক বছরের। আগের মেয়াদ শেষ হওয়ার পর থেকেই তা কার্যকর হবে, তবে সুবিধা পাবেন তিনি যোগ দেওয়ার পর থেকে।’
কেন্দ্রীয় ব্যাংকের ডিজি পদে ২০১১ সালের ৭ জুলাই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় আবুল কাশেমকে। এর আগে তিনি কেন্দ্রীয় ব্যাংকেরই নির্বাহী পরিচালক ছিলেন।