নতুন তালিকাভুক্তির ক্ষেত্রে ন্যূনতম মূলধনের শর্ত শিথিলের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্ত হওয়ার অন্যতম প্রধান শর্ত, পরিশোধিত মূলধনের ন্যূনতম সীমা কমানোর সুপারিশ করা হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নেতৃত্বে বাজার-সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সমন্বয়ে গঠিত পরামর্শক কমিটির সভায় গতকাল সোমবার এ সংক্রান্ত সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ সংগ্রহ করতে চাইলে সংশ্লিষ্ট কোম্পানির বিদ্যমান ও প্রস্তাবিত মিলে ন্যূনতম পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা হওয়ার বিধান রয়েছে। পরামর্শক কমিটি এ সীমা ২৫ কোটিতে নামিয়ে আনার জন্য এসইসিতে সুপারিশ করবে। এ ছাড়া বৈঠকে প্রাক-আইপিও বা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে মূলধন সংগ্রহের জন্য একটি স্বচ্ছ এবং আইনগত ভিত্তিসম্পন্ন নীতিমালা প্রস্তাব করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনকে দায়িত্ব দেওয়া হয়েছে।এসইসির সদস্য মনসুর আলম এ বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় ডিএসইর সভাপতি শাকিল রিজভী, সিএসইর সভাপতি ফখরউদ্দীন আলী আহমেদ, বাংলাদেশ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ অ্যাসোসিয়েশনের সভাপতি সালমান এফ রহমান, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফ খানসহ এসইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসইসি চলতি বছরের ১১ মার্চ এক আদেশে নতুন কোম্পানির জন্য আইপিওর মাধ্যমে অর্থ সংগ্রহের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করে। এতে বলা হয়, তালিকাভুক্তির প্রাথমিক শর্ত হিসেবে একটি কোম্পানির বিদ্যমান পরিশোধিত মূলধন এবং প্রস্তাবিত মূলধন মিলে ন্যূনতম আকার ৪০ কোটি টাকা হতে হবে। মূলধনের আকার ৭৫ কোটি টাকা হলে বাজারে ছাড়তে হবে ন্যূনতম ৪০ শতাংশ শেয়ার। ৭৫ কোটি টাকা থেকে ১৫০ কোটি টাকার মধ্যে মূলধনের আকার হলে ২৫ ভাগ শেয়ার বাজারে ছাড়তে হবে। আর দেড় শ কোটি টাকার বেশি মূলধনের ক্ষেত্রে ১৫ শতাংশ শেয়ার ছাড়ার প্রস্তাব করা যাবে। এ আদেশের পক্ষে এসইসির যুক্তি ছিল, স্বল্প মূলধনের কোম্পানির শেয়ার নিয়ে মূল্য কারসাজি করা তুলনামূলক সহজ। একশ্রেণীর বিনিয়োগকারী স্বল্প মূলধনের সুযোগ নিয়ে কৃত্রিম চাহিদা সৃষ্টির মাধ্যমে শেয়ারের দাম দেয়। এতে বাজারের স্থিতিশীলতা যেমন ব্যাহত হয়, তেমনি সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়েন। এ ধরনের কারসাজি এড়ানোর লক্ষ্যে ছোট আকারের কোম্পানির তালিকাভুক্তি নিরুৎসাহিত করার অংশ হিসেবে ন্যূনতম মূলধনের শর্ত বেঁধে দেওয়া হয়েছে। তবে শুরু থেকেই এসইসির এ সিদ্ধান্তের সমালোচনা করে আসছেন বাজার-বিশ্লেষকেরা। তাঁদের মতে, দেশে নিবন্ধিত বড় মূলধনের কোম্পানি হাতে গোনা কয়েকটি। তাই এ ধরনের সিদ্ধান্ত বহাল থাকলে বেশির ভাগ কোম্পানিই বাজারে আসতে পারবে না। তা ছাড়া এ ধরনের শর্ত উদ্যোক্তাদের নিরুৎসাহিত করবে। এর কারণ হিসেবে তাঁরা বলেন, একটি কোম্পানি ব্যবসায়িক ও আর্থিক চাহিদার ভিত্তিতেই আইপিওর আকার নির্ধারণ করে থাকে। এসইসির শর্তের কারণে প্রয়োজন ছাড়াই অতিরিক্ত শেয়ার ছাড়তে হলে একপর্যায়ে তা সংশ্লিষ্ট কোম্পানির দায়ে পরিণত হতে পারে। কারণ শেয়ারসংখ্যা বাড়লে প্রকৃত মুনাফা ভাগ হয়ে যায়। ফলে স্বাভাবিকভাবেই শেয়ারপ্রতি আয় বা ইপিএস কমবে। একই সঙ্গে কমবে আকর্ষণীয় লভ্যাংশ দেওয়ার ক্ষমতা। জানা গেছে, মূলধনসংক্রান্ত এ সিদ্ধান্তের কারণে এসইসি এখন নিজেই বিপাকে রয়েছে। মূলধনের ন্যূনতম শর্ত পূরণ না হওয়ায় বিমা খাতের পাঁচটি কোম্পানির আইপিওর অনুমোদন দিতে পারছে না সংস্থাটি। এ ব্যাপারে করণীয় জানতে বেশ কিছু দিন আগে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে এসইসি। কিন্তু মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কিছুই জানানো হয়নি। বৈঠকে উপস্থিত একাধিক ব্যক্তি জানিয়েছেন, পুঁজিবাজারের সাম্প্রতিক পরিস্থিতিতে স্থিতিশীলতা বজায় রাখতে শেয়ারের সরবরাহ বাড়ানোর কোনো বিকল্প নেই। কিন্তু এসব বিধিনিষেধের কারণে আগ্রহ থাকা সত্ত্বেও অনেক উদ্যোক্তা বাজারে আসতে পারছে না। তাই চাহিদা অনুযায়ী বাড়ানো যাচ্ছে না শেয়ারের সরবরাহ। ফলে প্রতিদিনই বাজার ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এ রকম বাস্তবতায় বাজারে শেয়ার সরবরাহ বাড়াতে কী কী প্রতিবন্ধকতা রয়েছে এবং তা দূর করার লক্ষ্যে করণীয় বিষয়ে মার্চেন্ট ব্যাংকগুলোকে সুপারিশ পাঠাতে বলেছিল এসইসি। এর অংশ হিসেবে মার্চেন্ট ব্যাংকগুলো নতুন কোম্পানির তালিকাভুক্তির ন্যূনতম মূলধনের আকারকেই প্রধান বাধা চিহ্নিত করে। এদিকে বহুল আলোচিত প্লেসমেন্ট বাণিজ্য বন্ধ করতে বিধিমালা সংশোধনের প্রস্তাব করেছিল এসইসি। এতে বিদ্যমান পদ্ধতির পরিবর্তে ওভার দ্য কাউন্টার মার্কেটের (ওটিসি) মাধ্যমে প্লেসমেন্ট বরাদ্দের কথা বলা হয়েছিল। পরামর্শক কমিটির বৈঠকে প্লেসমেন্ট শেয়ার বরাদ্দের ক্ষেত্রে স্বচ্ছতা প্রতিষ্ঠার বিষয়ে সবাই একমত পোষণ করেন। তবে ওটিসির মাধ্যমে এটি করা বাস্তবসম্মত হবে না বলে তাঁরা মত দেন। এরই পরিপ্রেক্ষিতে এ ব্যাপারে একটি প্রস্তাবনা তৈরির জন্য ডিএসই, সিএসই ও মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনকে দায়িত্ব দেওয়া হয়েছে।