সানেমের বাজেট প্রতিক্রিয়া
নতুন দরিদ্ররা বাজেটে উপেক্ষিত
দারিদ্র্য, শ্রমবাজার, অর্থনৈতিক পুনরুদ্ধার—এসব বিষয়ে কোভিডের বাস্তবতা অস্বীকার করা হয়েছে।
বাজেটে বর্তমান অবস্থার মূল্যায়ন থাকা উচিত। সমস্যা খাটো করা হলে সমাধানও যথাযথ হবে না। দারিদ্র্য, শ্রমবাজার, অর্থনৈতিক পুনরুদ্ধার—এসব বিষয়ে কোভিডের বাস্তবতা অস্বীকার করা হয়েছে এবারের বাজেটে।
গতকাল শনিবার ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সানেমের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান।
মাঠ বাস্তবতা নীতি প্রণেতাদের কাছে পৌঁছেছে বলে মনে করেন না সেলিম রায়হান। বিশেষ করে দারিদ্র্যের পরিসংখ্যানের সঙ্গে বাস্তবতার মিল নেই। সানেম, বিআইজিডি, পিপিআরসি সবার জরিপেই দেখা গেছে, এই সময়ে আড়াই থেকে সাড়ে তিন কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছেন। কিন্তু তাঁদের কথা বাজেটে উঠে আসেনি। এই পরিস্থিতির স্বীকৃতিও নেই। অথচ বিদ্যমান সামাজিক সুরক্ষার মধ্যে তাঁদের আনা গেলে পুনরুদ্ধার গতি পেত।
এবারের বাজেটে আগামী অর্থবছরের প্রবৃদ্ধির পূর্বাভাস করা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। সেটা অর্জন করতে হলে যে পরিমাণ বিনিয়োগ প্রয়োজন, কোভিডের বাস্তবতায় তা কীভাবে সম্ভব, সেটা নিয়ে প্রশ্ন তোলেন সেলিম রায়হান। তিনি বলেন, প্রবৃদ্ধি ও বিনিয়োগের হিসাবের মধ্যে মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির যে প্রাক্কলন করা হয়েছে, তা অর্জন করতে হলে বেসরকারি
খাতে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে ১০ দশমিক ৮ শতাংশ। কিন্তু বাজেটে তার রূপরেখা নেই বলে উল্লেখ করেন তিনি।
অন্যদিকে বাজেটে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির ফারাক আছে বলে মন্তব্য করেন সানেমের গবেষণা পরিচালক সায়েমা হক। কৃষি খাত বা হাসপাতাল প্রতিষ্ঠায় কর ছাড় দেওয়ার যে প্রস্তাব করা হয়েছে, তা ইতিবাচক হলেও নিম্ন আয়ের মানুষ তার কতটা সুবিধা পাবেন, তা পরিষ্কার নয় বলে তিনি মনে করেন। ব্যবসাবান্ধব বাজেটের কথা বললেন অর্থমন্ত্রী, কিন্তু ক্ষুদ্র ও মাঝারি আকারের প্রতিষ্ঠানগুলো কতটা সুবিধা পাবে, তাও স্পষ্ট নয়।
সায়েমা হকের মত, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও সামাজিক অবকাঠামো খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি রোডম্যাপ থাকা উচিত।
তবে এই বরাদ্দ বৃদ্ধি উন্নয়নের অভিযাত্রার সঙ্গে কতটা সংগতিপূর্ণ, সেই প্রশ্ন তোলেন তিনি। আর এবার বাজেটে যে বড় ধরনের সংস্কারের প্রত্যাশা ছিল, তা পূরণ হলো না বলে আক্ষেপ প্রকাশ করেন সায়েমা হক।
এদিকে চাহিদা না বাড়লে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা কতটা এবং ব্যবসাবান্ধব বাজেট মানুষের কতটা কাজে আসবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেলিম রায়হান বলেন, ‘সরবরাহের দিকে সরকার গুরুত্ব দিচ্ছে, একইভাবে চাহিদার দিকেও গুরুত্ব থাকা দরকার। উন্নত দেশের মতো সক্ষমতা আমাদের নেই, অত প্রণোদনা আমরা দিতে পারব না, কিন্তু এই পরিস্থিতির স্বীকৃতি থাকা দরকার। তা না হলে পুনরুদ্ধার শ্লথ হয়ে যাবে। আবার সব ব্যবসাও সমানভাবে প্রণোদনা পাচ্ছে না।’
অর্থনীতিবিদেরা সাধারণত কখনো একমত হন না। তবে এবার সব অর্থনীতিবিদই একমত, বাজেট ঘাটতি বাড়ানো উচিত। নতুন বাস্তবতায় এই ঐকমত্য গড়ে উঠেছে বলে মনে করেন সেলিম রায়হান।
বিনিয়োগ ও প্রবৃদ্ধি
বাজেট বক্তৃতার পরিশিষ্টে ২০২১-২২ অর্থবছরে জিডিপির অনুপাতে মোট বিনিয়োগের প্রক্ষেপণ করা হয়েছে ৩৩ দশমিক ১ শতাংশ—সরকারি খাতে ৮ দশমিক ১ শতাংশ এবং বেসরকারি খাতে ২৫ শতাংশ। চলতি ২০২০-২১ অর্থবছরে বিনিয়োগে সংশোধিত লক্ষ্যমাত্রা ৩২ দশমিক ৩ শতাংশ। অথচ কোভিডের আগে ২০১৯-২০ অর্থবছরে বিনিয়োগ হয়েছে ৩১ দশমিক ৮ শতাংশ, সাময়িক হিসাব অনুসারে। কোভিডের এই সময়ে বিনিয়োগের এই প্রবৃদ্ধি কীভাবে হবে, সেই প্রশ্ন তোলে সানেম।