নতুন দুই আর্থিক প্রতিষ্ঠান অনুমোদন
শর্তসাপেক্ষে বেসরকারি খাতে নতুন দুটি অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে (এনবিএফআই) কার্যক্রম শুরুর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের গতকালের পর্ষদ সভায় এ অনুমোদন দেওয়া হয়।
অনুমতি পাওয়া প্রতিষ্ঠান দুটি হলো সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড এবং মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। বর্তমানে দেশে মোট ৩১টি আর্থিক প্রতিষ্ঠান কার্যরত আছে।
বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বেশির ভাগ পরিচালক ছাড়াও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররা উপস্থিত ছিলেন।
সিএপিএম ভেঞ্চার ক্যাপিটালের উদ্যোক্তা হিসেবে রয়েছেন মাহমুদ হোসাইন। অন্যদিকে, মেরিডিয়ান ফাইন্যান্সের উদ্যোক্তা হিসেবে আছেন কাজী আমিনুল ইসলাম। এসব প্রতিষ্ঠানকে ১০০ কোটি টাকার মূলধন নিয়ে কাজ শুরু করতে হবে।
বৈঠক শেষে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের জানান, শিগগির ৩১টি শর্ত দিয়ে দুটি প্রতিষ্ঠানের নামে সম্মতিপত্র (লেটার অব ইনটেন্ট) ইস্যু করা হবে। উল্লেখযোগ্য শর্তের মধ্যে রয়েছে মূলধনের অর্থ প্রদর্শিত হতে হবে, কোনো কর বা ঋণখেলাপি ব্যক্তি এখানকার উদ্যোক্তা হতে পারবেন না, উৎপাদনশীল খাতে বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি থাকতে হবে, একই পরিবারের সদস্যরা ১০ শতাংশের বেশি শেয়ার ধারণ করতে পারবেন না।