নতুন দুই সদস্য এসইসিতে যোগ দিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্য হিসেবে সদ্য নিয়োগ পাওয়া মো. আমজাদ হোসেন ও আরিফ খান আজ সোমবার সকালে যোগদান করেছেন। এসইসির চেয়ারম্যান অধ্যাপক খায়রুল হোসেনের কাছে তাঁরা যোগদানপত্র জমা দিয়েছেন বলে এসইসি সূত্রে জানা গেছে।গতকাল রোববার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে দুজনকে নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এঁদের একজন হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসেন ও অন্যজন হলেন আইডিএলসি ফিন্যান্সের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আরিফ খান। অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করার শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তাঁদের এসইসির সদস্য পদে নিয়োগ দেওয়া হয়। প্রসঙ্গত, নতুন নিয়োগ পাওয়া এ দুজনসহ এসইসির সদস্য এখন তিনজন। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেলাল উদ্দিন নিজামিকে এসইসির সদস্য পদে নিয়োগ দেওয়া হয়।