নতুন দুটি স্মার্টফোনের মোড়ক উন্মোচন করল অপো মোবাইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস কনভেনশন সেন্টারে অপো মোবাইলে​র নতুন দুটি ফোনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান
সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস কনভেনশন সেন্টারে অপো মোবাইলে​র নতুন দুটি ফোনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান

‘কার্যক্ষমতা, সৌন্দর্য এবং ব্যবহার উপযোগিতার সব মানদণ্ডে অপোর নতুন দুটি ফোন বর্তমানে বিশ্বের সব স্মার্টফোনের চেয়ে আলাদা এবং ভিন্ন বৈশষ্ট্যসম্পন্ন।’ গতকাল বুধবার সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করলেন অপো মোবাইলের মহাব্যবস্থাপক স্কাই লি।
উপস্থিত প্রতিষ্ঠানটির অন্য শীর্ষ কর্মকর্তারা বললেন, একটি সেট বর্তমান বিশ্বের সবচেয়ে পাতলা ফোন। আর অন্যটিতে অত্যাধুনিক ফিচার সমন্বয়ে নড়াচড়ার যোগ্য ক্যামেরা রয়েেছে, যার মাধ্যমে গ্রাহকেরা ভিন্নধর্মী অভিজ্ঞতা পাবেন।
এর আগে মেরিনা বে কনভেনশন সেন্টারে সেট দুটির বৈশ্বিক বাজারজাতকরণ অনুষ্ঠান ও মোড়ক উন্মোচন করা হয়। বিশ্বের ১৫টি দেশের প্রায় দেড় হাজার মানুষ অনুষ্ঠানে অংশ নিতে সিঙ্গাপুরে এসেছেন।
এর মধ্যে রয়েছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, মেক্সিকো, মিয়ানমার, ফিলিপাইন, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের ব্যবসায়ী, অপোর কর্মকর্তা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চীনের প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান অপো ২০০৮ সালে মোবাইল ফোন তৈরিতে আসে। দেশের বাজার ছাড়িয়ে বর্তমানে ইউরোপ, আমেরিকা আফ্রিকা ও এশিয়ার ১৭টি দেশে অপো ব্যবসা করছে। ২০১৪ সালের জুলাই মাসের তথ্য অনুযায়ী চীনের ফোরজি স্মার্টফোনের বাজারে অপোর অবস্থান এক নম্বরে।
বিক্রির দিক থেকে ভিয়েতনামের বাজারে অপোর অবস্থান চতুর্থ, থাইল্যান্ডে পঞ্চম। অপোর কর্মকর্তারা মনে করেন, সামনের দিনগুলোতে সবগুলো বাজারে অপো ভালো একটি অবস্থান তৈরি করতে সমর্থ হবে।
মেরিনা বে স্যান্ডস কনভেনশন হলে অনুষ্ঠানের শুরুতে এন-থ্রি মডেলের সেটটির মোড়ক উন্মোচন করা হয়। এ সেটটিতে কোয়ালকম স্ন্যাপডাগন ৮০১ কোয়াডকোর প্রসেসর এবং ৩২ জিবি রম ও ২ জিবি র্যাম রয়েছে। আরও আছে গরিলা গ্লাসের তৈরি ৫ দশমিক ৫ ইঞ্চি স্ক্রিন। অপোর ভোক প্রযুক্তির চার্জের মাধ্যমে দ্রুত চার্জ করা যাবে স্মার্টফোনটি। অপোর কর্মকর্তারা বলেন, মাত্র ৩০ মিনিটের চার্জে সেটটির ৭৫ শতাংশ চার্জ হবে। পাঁচ মিনিটের চার্জে দুই ঘণ্টা কথা বলা যাবে।
এ সেটটিতে রয়েছে নড়াচড়ার যোগ্য ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। এর মাধ্যমে ক্যামেরার সামনে ও পেছনে একই রেজুলেশনে ছবি তোলা যাবে। সেলফি-জ্বরে আক্রান্ত সবার জন্য এ ফোনটি ভিন্ন সুযোগ নিয়ে আসবে বলে মনে করেন অপোর কর্মকর্তারা। সেটটির দাম রাখা হয়েছে ৬৪৯ মার্কিন ডলার।
অপোর অন্য সেটটি আর-৫ মডেলের। এটি ৪.৮৫ মিলিমিটার চওড়া। এতে রয়েছে অক্টাকোর কোয়ালকম প্রসেসর। অ্যামোলেড স্ক্রিনের পর্দাটি ৫.২ ইঞ্চির। আর ক্যামেরা ১৩ (পেছনে) ও ৫ (সামনে) মেগাপিক্সেল। এ সেটটির দাম ৪৯৯ ডলার।
অনুষ্ঠানে বক্তব্য দেন অপো ইন্দোনেশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেট লি, অপো সিঙ্গাপুরের প্রধান নির্বাহী সিয়ান দেং, অপোর প্রোডাক্ট ম্যানেজার বাকারিক আজেরি, কোয়ালকম টেকনোলজিসের জ্যেষ্ঠ পরিচালক জিয়াদ মাতা প্রমুখ।
অনুষ্ঠান শেষে অপোর এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, আগামী ডিসেম্বরে বাংলাদেশের বাজারে সেট দুটি পাওয়া যাবে।