নতুন নম্বর সিরিজ চায় বাংলালিংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোনের পর নতুন নম্বর সিরিজ চেয়ে এবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে আবেদন করেছে আরেক অপারেটর বাংলালিংক। বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদকে গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে চিঠি দিয়েছে অপারেটরটি।
গ্রাহকসংখ্যায় বাজারে দ্বিতীয় অবস্থানে থাকা বাংলালিংক বর্তমানে ০১৯ নম্বর সিরিজ ব্যবহার করে। এর সঙ্গে নতুন করে ০১০ সিরিজ পাওয়ার বিষয়ে নিজেদের আগ্রহ জানিয়েছে অপারেটরটি। চিঠিতে বলা হয়েছে, বর্তমান গ্রাহকসংখ্যা ৩ কোটি ১০ লাখ হলেও সেবা টেলিকমের সময় থেকে এখন পর্যন্ত অপারেটরটির ৮০ শতাংশ নম্বর ব্যবহার হয়ে গেছে। গ্রাহক প্রবৃদ্ধি বিবেচনায় নিলে ০১৯ সিরিজের বাকি থাকা ২০ শতাংশ নম্বর খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।
জাতীয় নম্বর পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে মুঠোফোন অপারেটরদের নম্বর সিরিজ ০১ দিয়ে শুরু হয়। এর মধ্যে সিটিসেল ০১১, টেলিটক ০১৫, এয়ারটেল ০১৬, গ্রামীণফোন ০১৭, রবি ০১৮ ও বাংলালিংক ০১৯ নম্বর সিরিজ ব্যবহার করে। এর বাইরে বর্তমানে ০১০, ০১২, ০১৩ ও ০১৪ নম্বর সিরিজ অব্যবহৃত আছে। তবে ০১৭ সিরিজ শেষ হয়ে আসায় বিটিআরসির সর্বশেষ কমিশন বৈঠকে গ্রামীণফোনকে ০১৩ নম্বর সিরিজ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
নতুন সিরিজের পক্ষে বাংলালিংকের চিঠিতে বলা হয়েছে, রবি-এয়ারটেল একীভূত হলে তারা রবির ০১৮ ও এয়ারটেলের ০১৬-দুটি কোডই ব্যবহার করতে পারবে। গ্রামীণফোনও নতুন আরেকটি সিরিজ ব্যবহারের অনুমতি পেয়েছে। গ্রাহকসংখ্যায় বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা বাংলালিংকের শুধু একটি সিরিজ থাকলে তা বাজার প্রতিযোগিতার জন্য ভারসাম্যপূর্ণ হবে না। গ্রাহকদের আকৃষ্ট করতে ভালো নম্বর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
জানতে চাইলে বিটিআরসি সচিব ও মুখপাত্র সরওয়ার আলম বলেন, নতুন নম্বর সিরিজের জন্য বাংলালিংক আবেদন করেছে। তাদের আবেদনটি যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।