নতুন নোট পাওয়া যাবে আগামীকাল থেকে
পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল রোববার থেকে নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিলসহ সব শাখা অফিসে নতুন নোট পাওয়া যাবে। এর পাশাপাশি নয়টি বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট কিছু শাখায়ও নতুন নোট বিনিময় করা হবে।বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে আরও বলা হয়, বাণিজ্যিক ব্যাংকের সব শাখা থেকে সর্বসাধারণের সুবিধার্থে নতুন নোট বিনিময় করার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন নোট পেতে কোনো সমস্যা হলে বা কোনো অভিযোগ থাকলে তা বাংলাদেশ ব্যাংকের গ্রাহক স্বার্থকেন্দ্রের ১৬২৩৬ নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে।এ ছাড়া বাংলাদেশ ব্যাংক থেকে পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজায় জাল নোট বিস্তার রোধে প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সব বাণিজ্যিক ব্যাংককে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।প্রাথমিকভাবে বাণিজ্যিক ব্যাংকের যেসব শাখায় নতুন নোট পাওয়া যাবে সেগুলো হলো, সোনালী ব্যাংকের রমনা ও বঙ্গবন্ধু এভিনিউ শাখা, জনতা ব্যাংকের নিউমার্কেট শাখা, অগ্রণী ব্যাংকের প্রেসক্লাব ও এলিফ্যান্ট রোড শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, ডাচ-বাংলা ব্যাংকের গুলশান শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, প্রাইম ব্যাংকের মালিবাগ শাখা, সোস্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা মার্কেট শাখা ও ইসলামী ব্যাংক বাংলাদেশের যাত্রাবাড়ী শাখা।