নতুন পদ্ধতিতে ব্যাংকের মূলধন সংরক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের মার্চ প্রান্তিক থেকেই ব্যাংক-সংক্রান্ত আন্তর্জাতিক ব্যাসেল কমিটির ব্যাসেল-৩ অনুসারে ব্যাংকগুলোকে মূলধন সংরক্ষণ করতে হবে। ব্যাংকগুলোকে মার্চভিত্তিক প্রতিবেদন পাঠাতে হয় ৩০ এপ্রিলের মধ্যে। ফলে এ বছরের ৩০ এপ্রিলের মধ্যে পাঠানো প্রতিবেদন তৈরি করতে হবে ব্যাসেল-৩ অনুসারে।
বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে গত বুধবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোকে পাঠানো হয়েছে। সঙ্গে পাঠানো হয়েছে নির্ধারিত একটি ফরম।
নির্দেশনায় বলা হয়েছে, ব্যাসেল-৩ পরিপালনে কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে একটি পথনকশা ঘোষণা করেছে। সে অনুযায়ী, চলতি বছর থেকে নতুন নীতিমালার আলোকে ব্যাংকগুলোর মূলধন সংরক্ষণ ও প্রতিবেদন জমা দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের আরআইটি ওয়েব পোর্টাল ব্যবহার করে অনলাইনের মাধ্যমে এ প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এর আগে গত ২১ ডিসেম্বর ব্যাসেল-৩ বাস্তবায়ন নীতিমালা ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। নীতিমালা অনুযায়ী, ২০১৯ সালের মধ্যে পর্যায়ক্রমে ব্যাংকের মূলধন উন্নীত করতে হবে মোট ঝুঁকিভিত্তিক সম্পদের সাড়ে ১২ শতাংশে। যদিও চলতি বছর বর্তমানের মতো মোট ঝুঁকিভিত্তিক সম্পদের ১০ শতাংশ হারে মূলধন রাখতে হবে। তবে এই ১০ শতাংশের মধ্যে অন্তত সাড়ে ৪ শতাংশ হতে হবে উদ্যোক্তা মূলধন। আর ২০১৬ সাল থেকে আপৎকালীন সুরক্ষা সঞ্চয় (কনজারভেশন বাফার) হিসাবে ধীরে ধীরে মূলধন বাড়িয়ে ২০১৯ সালে ঝুঁকিভিত্তিক সম্পদের সাড়ে ১২ শতাংশে উন্নীত করতে হবে।
এ সাড়ে ১২ শতাংশে উন্নীত করতে বর্তমানের তুলনায় অতিরিক্তি হিসাবে ২০১৬ সালে রাখতে হবে শূন্য দশমিক ৬২৫ শতাংশ। পরবর্তী বছর ১ দশমিক ২৫, তার পরের বছর ২ ও ২০১৯ সালে আড়াই শতাংশে উন্নীত করতে হবে।
প্রসঙ্গত, সুইজারল্যান্ডের ‘ব্যাসেল’ নামক স্থানে ব্যাংক-সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টের (বিআইএস) সদর দপ্তর অবস্থিত। স্থানের নাম অনুযায়ী সংস্থার নাম ও তার সুপারিশকে ব্যাসেল নামে অভিহিত করা হয়। প্রথম ধাপে প্রণীত সুপারিশকে ব্যাসেল-১, দ্বিতীয় ধাপে ব্যাসেল-২ ও তৃতীয় ধাপে প্রণীত সুপারিশ ব্যাসেল-৩ নামে পরিচিত। বাংলাদেশে ২০০৯ সালের জানুয়ারি থেকে ব্যাসেল-২ নীতিমালা বাস্তবায়ন শুরু হয়।
সর্বশেষ প্রস্তুত বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, গত ডিসেম্বর শেষে ব্যাংক খাতে উদ্বৃত্ত মূলধন হয়েছে ৪ হাজার ৬৯ কোটি টাকা বা মূলধন পর্যাপ্ততার হার ১১ দশমিক ৩৫ শতাংশ। তবে এ সময়েও ঘাটতিতে রয়েছে ছয়টি ব্যাংক।