নতুন পর্ষদের তালিকা চেয়ে কোম্পানিগুলোকে এসইসির চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী ন্যূনতম শেয়ার ধারণ করতে ব্যর্থ পরিচালকদের বাদ দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে তার তালিকা পাঠাতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে চিঠি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার এসইসি এই চিঠি দেয়। এতে নির্ধারিত সময়ের মধ্যে পুনর্গঠিত পরিচালনা পর্ষদের তথ্য এসইসিতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানা যায়, গত বুধবার এসইসির ৪৪৫তম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দিন এসইসির এক বিজ্ঞপ্তিতে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ পরিচালকদের বাদ দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে তার তালিকা আগামী ১৫ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে নতুন পরিচালনা পর্ষদের তালিকা জমা দেওয়ার আগে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের (আরজেএসসি) সত্যায়িত কপি জমা দিতে নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ জুন এক নির্দেশনার মাধ্যমে তালিকাভুক্ত সব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক/ প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পরিচালকদের শূন্য পদের তালিকা চাওয়া হয়েছিল। তবে এসইসির পক্ষ থেকে শূন্য পদের কোনো তালিকা প্রকাশ করা হয়নি। এর আগে গত বছরের ২২ নভেম্বর তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ারধারণ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে এসইসি। ওই নির্দেশনার মাধ্যমে প্রত্যেক পরিচালককে এককভাবে নিজ কোম্পানির কমপক্ষে দুই শতাংশ এবং সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণে বাধ্যবাধকতা আরোপ করা হয়। এ ক্ষেত্রে ছয় মাস সময় বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময়ে নির্দিষ্ট পরিমাণ শেয়ার ধারণ করতে ব্যর্থ হলে ওই পদ শূন্য ঘোষণার কথা বলা হয় এসইসির নির্দেশনায়।