নতুন পৃথিবীর স্বপ্ন ছড়ালেন ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রাওয়া ক্লাবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইউনূস সেন্টার আয়োজিত ‘সোশ্যাল বিজনেস একাডেমিয়া’ সম্মেলনে বক্তব্য দেন ড. মুহাম্মদ ইউনূস l প্রথম আলো
রাজধানীর রাওয়া ক্লাবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইউনূস সেন্টার আয়োজিত ‘সোশ্যাল বিজনেস একাডেমিয়া’ সম্মেলনে বক্তব্য দেন ড. মুহাম্মদ ইউনূস l প্রথম আলো

একটানা ৩৫ মিনিট ধরে তিনি বক্তব্য দিলেন। যার পুরো অংশ জুড়েই ছিল স্বপ্ন–জাগানিয়া কথা, প্রচলিত নিয়ম ভেঙে নতুন পৃথিবী গড়ার আহ্বান। পিনপতন নীরবতায় শ্রোতার আসনে বসে যাঁরা এই বক্তব্য শুনলেন, তাঁদের অধিকাংশই তরুণ শিক্ষার্থী। মন্ত্রমুগ্ধের মতো বক্তব্য শোনার ফাঁকে ফাঁকে কয়েক দফা করতালিতে মুখর করে তুললেন ধানমন্ডির ৫ নম্বর সড়কের বেসরকারি ইস্টার্ন ইউনিভার্সিটি প্রাঙ্গণ। কয়েক শ তরুণের চোখের সামনে নতুন স্বপ্নের দ্যুতি যিনি ছড়ালেন তিনি হলেন শান্তিতে নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ড. মুহাম্মদ ইউনূস।
সামাজিক ব্যবসাকে পুঁজি করে সমাজ, দেশ ও পৃথিবী বদলের কথা শোনালেন ইউনূস। বললেন, প্রত্যেক মানুষের মধ্যে আছে অপরিসীম ক্ষমতা। তরুণ প্রজন্মের মধ্যে এই ক্ষমতা আরও বেশি। তথ্যপ্রযুক্তির কল্যাণে সেই ক্ষমতা কতটা বেড়ে গেছে, সেটা পরিমাপ করা সম্ভব নয়। তাই বর্তমান তরুণ প্রজন্মকে নিজের ভেতরকার অসীম ক্ষমতাকে অনুভব করতে হবে, তারপর সেটিকে পুঁজি করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
বেসরকারি ইস্টার্ন ইউনিভার্সিটি গতকাল বুধবার আয়োজন করে দিনব্যাপী ‘সামাজিক ব্যবসা যুব সম্মেলনের’। এদিন সকালে সম্মেলনের উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান। আর সমাপনী অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন ড. ইউনূস।
মাতৃভাষা বাংলায় অত্যন্ত শ্রুতিমধুর করে ড. ইউনূস পুরো বক্তব্যটি দেন। এখানেই অনুষ্ঠানের অন্য অতিথিদের সঙ্গে নিজের তফাতটা বুঝিয়ে দিলেন এই নোবেলজয়ী। অনুষ্ঠানের মধ্যমণি বাংলায় বক্তব্য দিলেন, সামাজিক ব্যবসার তাত্ত্বিক ধারণাকে সহজ ও সাবলীল করে তুলে ধরলেন শ্রোতাদের সামনে। আর অন্যরা চর্চা করলেন ইংরেজির। শ্রোতাদের কেউ হয়তো বুঝলেন, কেউবা বুঝলেন না। তাই তাঁদের বক্তব্য চলাকালে শোরগোল লেগেই ছিল অনুষ্ঠান প্রাঙ্গণজুড়ে।

ইস্টার্ন ইউনিভার্সিটি আয়োজিত যুব সম্মেলনে বক্তব্য দেন রোকেয়া আফজাল রহমান
ইস্টার্ন ইউনিভার্সিটি আয়োজিত যুব সম্মেলনে বক্তব্য দেন রোকেয়া আফজাল রহমান

সম্মেলনের আগে গত এক মাস ধরে দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘সামাজিক ব্যবসা পরিকল্পনা প্রতিযোগিতা-২০১৪।’ এতে ২৫ দল অংশ নেয়। তাদের মধ্য থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় দল প্রথম, চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি দ্বিতীয় ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি তৃতীয় হয়েছে। বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন ড. ইউনূস।
শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা তাঁর সমাপনী বক্তব্যে আরও বলেন, ‘পুঁজিবাদী অর্থনীতি সারা দুনিয়াকে হতাশ করেছে। ২০০৮ সালের অর্থনৈতিক মন্দার পর এই কাঠামোটি বড় ধরনের ধাক্কা খেয়েছে। গুটি কয়েক মানুষ অন্য সব মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করবে— এমন একটি ব্যবস্থা কীভাবে তৈরি করা হলো, সেটি নিয়েই ভাবনা তৈরি হয়েছে। এই কাঠামোর অপর ধাক্কাটি হলো আয়বৈষম্য। পুঁজিবাদী কাঠামোটিই এমন, যে যত ওপরে তার তত বেশি চুষে নেওয়ার ক্ষমতা। এ কারণে সমাজের বা রাষ্ট্রের যে রূপ আমরা দেখতে চাই, সেটি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পৃথিবীজুড়েই বেকারত্ব। প্রচলিত কাঠামোর কারণেই এই বেকারত্ব তৈরি হচ্ছে। এর ফলে একজন যোগ্য মানুষের ক্ষমতা অব্যবহৃত থেকে যাচ্ছে। সামাজিক ব্যবসা ধারণার মাধ্যমে এমন একটি কাঠামো বা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করলাম। বললাম—আমরা চাকরিপ্রার্থী না, চাকরিদাতা। দুনিয়াজুড়ে তরুণেরা এটিকে বেশ পছন্দ করল।’
ইউনূস আরও বলেন, ‘সামাজিক ব্যবসা এমন একটা ব্যবস্থা যেটি করার জন্য অন্যের মুখাপেক্ষী হতে হয় না। সমাজের, দেশের, পৃথিবীর সমস্যা সমাধানে এটি একটি সৃজনশীল পথ। বাংলাদেশের মাটিতে এটির শুরু হলেও পৃথিবীর বিভিন্ন দেশে এরই মধ্যে এই ধারণা বেশ আগ্রহ ও উত্তেজনা তৈরি করেছে।’
নোবেলজয়ী ইউনূস বলেন, ‘আমাদের সমাজ ও শিক্ষাব্যবস্থায় যা শেখানো হয়, তাতে একজন তরুণের সামনে চাকরি পাওয়াটাই যেন জীবনের লক্ষ্য হয়ে উঠছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অসীম ক্ষমতার একেকজন তরুণের জীবনের প্রধান লক্ষ্য হবে চাকরি পাওয়া—এটা কে ঠিক করে দিল? প্রচলিত এসব ধারণার বাইরে সামাজিক ব্যবসা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখাবে। এটি কোনো কঠিন কাজ নয়, শুধু সাহস করে স্বপ্ন দেখতে হবে। সেটি হলেই বহু সমস্যার সমাধান হয়ে যাবে।’
এদিকে উদ্বোধনী বক্তব্যে রোকেয়া আফজাল রহমান বলেন, সামাজিক ব্যবসায় ব্যক্তিগত মুনাফার কোনো সুযোগ নেই। প্রাতিষ্ঠানিক মুনাফা পুনর্বিনিয়োগ হবে। ব্যবসা সম্প্রসারণ ও সামাজিক সমস্যা সমাধানে ব্যয় হবে। বর্তমান প্রজন্ম অনেক বেশি সৃজনশীল। তাদের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রবণতা বেশি। শুধু মুনাফা নয়, এসব তরুণ সমাজের জন্য কিছু করতে আগ্রহী। তাই বিশ্ববিদ্যালয়পড়ুয়া অনেক শিক্ষার্থী এই ব্যবসায় জড়িত হচ্ছে।
উদ্বোধনী ও সমাপনী মিলিয়ে দিনব্যাপী সম্মেলনে আরও বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ এনায়েত উল্লাহ, উপাচার্য আবদুর রব, উপ-উপাচার্য আবদুল মান্নান চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সদস্য এ বি এম শহীদুল ইসলাম, বাণিজ্য অনুষদের প্রধান নজরুল ইসলাম ও ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ। ইস্টার্ন ইউনিভার্সিটির এই আয়োজনে সহায়তা করেছে বিশ্ববিদ্যালয়টির বাণিজ্য ও সামাজিক উদ্যোগ ক্লাব এবং ইউনূস সেন্টার।