নতুন প্রকল্পের চাপে সংশোধিত এডিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের মতো এবারও চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বড় ধরনের কাটছাঁট হচ্ছে। মূলত বাস্তবায়ন না হওয়ায় এই কাটছাঁটে যাচ্ছে সরকার।
তবে বাস্তবায়ন পরিস্থিতি সন্তোষজনক না হলেও নতুন প্রকল্প সংশোধিত এডিপিতে ঢুকিয়ে দেওয়ার পুরোনো প্রয়াস আবারও নেওয়া হয়েছে। আর রাজনৈতিক চাপেই সংশোধিত এডিপিতে অন্তর্ভুক্ত করার জন্য এমন শতাধিক প্রকল্প-প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে জমা পড়েছে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের এডিপিতে ৬৬২টি প্রকল্প বরাদ্দহীন ও অননুমোদিতভাবে অন্তর্ভুক্ত রয়েছে। ইতিমধ্যে এই তালিকা থেকে ৬৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে যা স্বয়ংক্রিয়ভাবে সংশোধিত এডিপিতে নিয়মিত প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত হয়ে যাবে। বরাদ্দহীন ও অনুমোদনহীন প্রকল্পগুলোর পাশাপাশি এখন নতুন করে আরও ১০০ প্রকল্প সংশোধিত এডিপি অন্তর্ভুক্ত করার জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।
এডিপি বইয়ে থাকা বরাদ্দহীন, অননুমোদিত ও নতুন আসা ১০০ প্রকল্প নিয়ে ২৬, ২৭ ও ২৯ জানুয়ারি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পর্যালোচনা সভা করবে পরিকল্পনা কমিশন।
পরিকল্পনা কমিশনের তদারকিতে থাকা ৬৫ হাজার ৮৭২ কোটি টাকার এডিপির আকার আট থেকে দশ হাজার কোটি টাকা কমে যাচ্ছে।ইতিমধ্যে বৈদেশিক সহায়তা সাড়ে তিন হাজার কোটি কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর মার্চের প্রথম সপ্তাহে সম্পদ কমিটির সভায় সংশোধিত এডিপির আকার চূড়ান্ত হবে।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, সংশোধিত এডিপির আকার হতে পারে ৫৫ থেকে ৫৭ হাজার কোটি টাকা।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) পরিচালক ও সরকারি ব্যয় পর্যালোচনা কমিশনের সাবেক সদস্য জায়েদ বখত প্রথম আলোকে বলেন, নতুন প্রকল্পের অধিকাংশই রাজনৈতিক বিবেচনায় আসছে। সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রভাবশালী সবাইকে খুশি রাখতে চায় সরকার। সবাইকে অল্প অল্প বরাদ্দ দেওয়া হয়। তিনি আরো বলেন, সরকারি ব্যয় পর্যালোচনা কমিশন থেকে বরাদ্দহীন ও অনুমোদিত প্রকল্পগুলো এডিপি থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছিল। কিন্তু কোনো সরকারই সেটা করেনি।
সংশোধিত এডিপি নিয়ে প্রতিটি সরকারই একধরনের লুকোচুরি খেলে। সংশোধিত এডিপিতে বিপুলসংখ্যক নতুন প্রকল্প অন্তর্ভুক্ত করে পরের এডিপিতে নতুন প্রকল্প খুব বেশি অন্তর্ভুক্ত করা হয় না। সরকারের পক্ষ থেকে বলা হয়, সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহারে এডিপিতে নতুন প্রকল্প নেওয়া হয়নি। এ ছাড়া এডিপিতে বরাদ্দহীন ও অনুমোদিত প্রকল্প হিসেবে কয়েক শ প্রকল্প রাখা হয়, যা বছরজুড়ে পাস করা হয়।
চলতি অর্থবছরের শুরু থেকেই প্রতিটি একনেক বৈঠকে বরাদ্দহীন ও অনুমোদিত প্রকল্প পাস হয়েছে। এ পর্যন্ত এ ধরনের ৬৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বিবেচনার জন্য নতুন ১০০ প্রকল্পের বেশ কিছুর প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভাও হয়েছে। অথচ এসব প্রকল্পের কোনো বরাদ্দ নেই এডিপিতে। সবচেয়ে বেশি ৪২টি প্রকল্প রয়েছে সড়ক ও জনপথ বিভাগের।
পরিকল্পনা কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তন হয়েছে। এখন সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রভাবশালী ব্যক্তিরা ওই মন্ত্রণালয়ের অনুকূলে এডিপিতে থাকা বরাদ্দহীন ও অনুমোদিত প্রকল্প পুনর্বিন্যাস করতে পারেন। তিনি জানান, রাজনৈতিক বিবেচনায় অনেক কম গুরত্বপূর্ণ প্রকল্পও এডিপিতে অন্তর্ভুক্ত করার চাপ রয়েছে।
এদিকে পাস হওয়া নতুন প্রকল্পে বরাদ্দ দিতে হবে, অন্যদিকে বাস্তবায়ন না হওয়ায় এডিপি কাটছাঁট করতে হবে—এমন পরিস্থিতিতে বহু প্রকল্পের বরাদ্দ কমিয়ে দেবে পরিকল্পনা কমিশন। মূলত এ বছর সমাপ্য প্রকল্পগুলোই প্রাধান্য দেবে পরিকল্পনা কমিশন। তবে নতুন প্রকল্পে বরাদ্দ দিতে গিয়ে বছরের পর বছর পেরিয়ে গেলেও অনেক প্রকল্প শেষ হয় না।