নতুন প্রজন্মকে কোম্পানির দায়িত্বে আনছেন আম্বানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুকেশ আম্বানি
সংগৃহীত

নিজের দুই ছেলে-মেয়েকে কোম্পানির শীর্ষ পদে নিয়ে আসছেন ভারতীয় ধনকুবের ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। বড় ছেলে আকাশ আম্বানিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শাখা রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান করা হয়েছে। আর কন্যা ইশা আম্বানিকে রিলায়েন্সের খুচরা বিক্রয় শাখা রিলায়েন্স রিটেইলের চেয়ারপারসন করার প্রস্তুতি নিচ্ছেন আম্বানি। খবর এনডিটিভি

রিলায়েন্স শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়, ২৭ জুন রিলায়েন্স জিও ইনফোকমের পরিচালক পদ থেকে ইস্তফা দেন মুকেশ আম্বানি। ঠিক কী কারণে তিনি সরে গেলেন, তা সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, পরবর্তী প্রজন্মের হাতে কোম্পানির নেতৃত্বের ভার তুলে দিতেই ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন ৬৫ বছর বয়সী মুকেশ আম্বানি।

এদিকে নিজের ইস্তফার পরপরই সন্তানদের কোম্পানির শীর্ষ পদে নিয়ে আসার প্রক্রিয়া দৃশ্যমান হয়। এনডিটিভি জানিয়েছে, আম্বানির পদত্যাগের পর ছেলে আকাশকে রিলায়েন্স জিওর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিযুক্ত করা হয়। এর আগে আকাশ রিলায়েন্স জিও ইনফোকমের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।

আর দু-এক দিনের মধ্যে রিলায়েন্স রিটেইলের বোর্ডসভা শেষে কন্যা ইশা আম্বানিকে প্রতিষ্ঠানটির চেয়ারপারসন করা হতে পারে। এত দিন রিলায়েন্স রিটেইলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ইশা।

গত বছর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক সভায় নিজের সন্তানদের হাতে আরও বেশি দায়িত্ব তুলে দেওয়ার আভাস দিয়েছিলেন মুকেশ আম্বানি। তার পর থেকে এত দিন এটা নিয়ে প্রকাশ্যে কিছু জানাননি তিনি। চলতি মাসে আনুষ্ঠানিকভাবে নিজে দায়িত্ব থেকে সরে গিয়ে বড় ছেলেকে এগিয়ে দিলেন তিনি। এরপর মেয়েকেও কোম্পানির আরেকটি শাখায় শীর্ষ পদে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। এই পরিবর্তনকে সন্তানদের মূল কোম্পানির শীর্ষ পদে নিয়ে আসার প্রথম ধাপ বলে মনে করছেন দেশটির শিল্প পর্যবেক্ষকেরা।

ইশা ও আকাশ আম্বানি যমজ ভাই-বোন। অনন্ত আম্বানি নামে তাঁদের আরেকজন ছোট ভাই আছেন। তাঁকেও পরবর্তী সময়ে বড় দায়িত্ব দেওয়া হতে পারে। বর্তমানে রিলায়েন্স গ্রুপের মোট সম্পদের পরিমাণ হিসাব করা হয়েছে ২১ হাজার ৭০০ কোটি ডলার।