নতুন প্রযুক্তির রেফ্রিজারেটর নিয়ে এল সিঙ্গার
শাকসবজি দীর্ঘসময় সতেজ রাখতে পারে, নতুন সিরিজের এমন রেফ্রিজারেটর বাজারে এনেছে শীর্ষস্থানীয় গৃহস্থালি ইলেকট্রিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ। ইউরোপীয় নকশা ও প্রযুক্তির এই রেফ্রিজারেটরগুলো দীর্ঘসময় ধরে ফলমূল ও শাকসবজি সতেজ রাখবে। পাশাপাশি অটুট থাকবে খাদ্যমানও। এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিঙ্গার।
বুধবার রাজধানীর বনানী শেরাটন হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করা হয় নতুন সিরিজের এ ফ্রিজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম এইচ এম ফাইরোজ। তিনি বলেন, ‘শুধু বাংলাদেশের ক্রেতাদের চাহিদা পূরণ করতে রেফ্রিজারেটরগুলোতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, সে জন্য আমরা আনন্দিত।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশের বিপণন পরিচালক চন্দনা সামারাসিংহে, বিক্রয় পরিচালক কাজী রফিকুল ইসলাম, প্রযুক্তি ও উদ্ভাবন পরিচালক (টেকনোলজি অ্যান্ড ইনোভেশন) হাকান আলতিনিসিক, করপোরেট সেলস মহাব্যবস্থাপক আসগার হোসেন ও জ্যেষ্ঠ ব্যবস্থাপক ফারহান আজহারসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই প্রথম দেশের বাজারে আনা ফ্রেশ-ও-লজি ও নিউট্রিলক বৈশিষ্ট্যের এই ফ্রিজগুলো ক্রেতাদের চাহিদা ও ব্যবহারবিধির কথা বিবেচনা করে বানানো হয়েছে। আধুনিক গৃহস্থালির জন্য উপযোগী এসব ফ্রিজ মানুষের দৈনন্দিন জীবন আরও সহজ ও উন্নত করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এই ফ্রেশ-ও-লজি প্রযুক্তির বৈশিষ্ট্য হলো, সবজি ও ফলমূল ২০ দিন পর্যন্ত সতেজ রাখা। ফলে ব্যবহারকারীদের ঘন ঘন নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার ঝামেলা নিয়ে আর চিন্তা করতে হবে না।
আর নিউট্রিলক প্রযুক্তি ২৪ ঘণ্টা সূর্যচক্র অনুসরণ করে ক্রিসপার বক্সে ফল ও শাকসবজির ভিটামিন (যেমন ভিটামিন এ ও সি) সংরক্ষণ করবে। এ ছাড়া নতুন এই ফ্রিজের বেস স্ট্যান্ডে একটি তাক আছে, যাতে রান্নার জন্য প্রয়োজনীয় শুকনো জিনিস, যেমন পেঁয়াজ, আলু, রসুন ও আদা রাখা যাবে। এতে বিদ্যুৎ সাশ্রয় হবে।