২০২০ এর শিক্ষা, ২০২১ এর প্রত্যাশা
নতুন বছর চ্যালেঞ্জিং ও সম্ভাবনার
সারা বিশ্বই ২০২০ সালকে বিদায় দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। জীবন ও জীবিকার ওপর আঘাতের যে চিত্র বছরজুড়ে মানুষ দেখেছে, গত ১০০ বছরেও তা দেখা যায়নি। অর্থনৈতিক মন্দার আভাস ছিল ঠিকই, কিন্তু বিশ্বব্যাপী ছোট-বড় সব অর্থনীতি একসঙ্গে এভাবে বিপর্যয়ে পড়বে, কেই-বা ভাবতে পেরেছিল। ২০২০ সাল যেমন বিপর্যয়ের বছর, তেমনি অনেক কিছু শিক্ষা নেওয়ারও বছর। কোভিড-১৯-এর আগের বিশ্ব আর পরের বিশ্বের মিল কোনো দিনই হবে না। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যাঁরা সরাসরি জড়িত, যাঁরা কাছ থেকে দেখছেন অর্থনীতিকে, তাঁদের কাছে প্রশ্ন ছিল তিনটি।
১. কেমন গেল ২০২০
২. কী শিক্ষা হলো ২০২০-এ, এবং
৩. ২০২১-এ কী করবেন, কী হবে কৌশল।
চলতি বছরের পুরো সময়টা ছিল অনিশ্চয়তার। বছরের শুরু থেকে সুদহার নির্দিষ্ট করে দেওয়া নিয়ে আলোচনা ছিল। এপ্রিল থেকে সুদ নির্দিষ্ট করে দেওয়া হলো। আমাদের আয়ে এর কী প্রভাব পড়বে, বাজারে কেমন প্রতিক্রিয়া হবে, এ নিয়ে চিন্তা ছিল। এর মধ্যে করোনাভাইরাস এসে গেল। লকডাউন দেওয়ার কারণে ব্যাংক সেবা কীভাবে দেওয়া যাবে, গ্রাহকদের আস্থা কীভাবে ধরে রাখা যাবে, এ নিয়েও অনিশ্চয়তা ছিল। করোনার কারণে চলতি বছরে নতুন করে কোনো বিনিয়োগ হয়নি, নতুন প্রকল্পও হয়নি, যা আমাদের ব্যবসায় প্রভাব ফেলেছে। তবে যেসব শিল্পপ্রতিষ্ঠানের কাজ অসমাপ্ত ছিল, আধুনিকায়ন প্রয়োজন ছিল, তা হয়েছে।
করোনাভাইরাসের আর্থিক ক্ষত মোকাবিলায় সরকার যে উদ্যোগ নেয়, তা বাস্তবায়নে ব্যাংকগুলো প্রধান ভূমিকা রাখছে। এ কারণে ব্যাংকগুলোকে বাড়তি কাজ করতে হয়েছে। যখন দেশে লকডাউন ছিল, তখনো ব্যাংক খোলা ছিল। করোনার কারণে অনেক ব্যাংক কর্মকর্তাকেও আমরা হারিয়েছি। এরপরও আমরা শক্তভাবে পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছি। ভয়ভীতি ছাড়া সেবা দিয়ে যাচ্ছি।
করোনার মাধ্যমে ব্যাংক সেবার ধরন অনেকটা পাল্টে গেছে। এ জন্য ব্যাংকগুলো ডিজিটাল সেবার দিকে ঝুঁকেছে। ডিজিটাল সেবার প্রয়োজনীয়তা ব্যাংকগুলো বুঝতে পেরেছে। ডিজিটাল ব্যাংকিং সেবা দিতে যে বিনিয়োগ প্রয়োজন, তা–ও সবাই বুঝতে পেরেছে। এ জন্য বিনিয়োগও বাড়ছে।
করোনার কারণে চলতি বছরে নতুন করে খেলাপি হচ্ছে না কোনো ঋণ। এর ফলে চলতি বছরে মুনাফা কিছুটা বাড়বে। তবে ভবিষ্যতে এসব ঋণের অবস্থা কী হবে, এটা গুরুত্বপূর্ণ। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক ১ শতাংশ করে নিরাপত্তা সঞ্চিতি রাখার যে নির্দেশনা দিয়েছে, তা ব্যাংকের আর্থিক ভিত্তিকে মজবুত করবে। যদিও এই কারণে অনেক ব্যাংকের মুনাফায় নেতিবাচক প্রভাব পড়বে। চলতি বছরে ব্যাংকের খেলাপি ঋণ কমে যাবে, অপর দিকে সঞ্চিতি রাখার পরিমাণ বেড়ে যাবে।
করোনার কারণে নিশ্চয়ই অনেক নতুন ও পুরোনো ঋণ খারাপ হয়ে পড়বে। এর প্রভাব বোঝা যাবে আগামী বছরে। তাই ২০২১ সাল ব্যাংকগুলোর জন্য চ্যালেঞ্জিং বছর হবে।
নতুন বছরে নতুন বিনিয়োগও হবে। যখন কোনো সমস্যা হয়, এরপর বিনিয়োগ বেড়ে যায়। নতুন বছরে অনেক দেশ থেকে বিনিয়োগ আমাদের দেশে চলে আসবে। কারণ, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক দেশের থেকে বেশি।
২০২০ সালে যে সুবিধা মিলেছে, তার প্রকৃত অবস্থা কী হয়, তা বোঝা যাবে আগামী বছর। ২০২১ সাল হবে গ্রাহকদের থেকে টাকা আদায়ের বছর। গ্রাহকেরা কেমন টাকা ফেরত দিতে পারেন, এটার ওপর নির্ভর করবে ব্যাংক খাত কোথায় যাবে।
নতুন বছরে নতুন বিনিয়োগও হবে। যখন কোনো সমস্যা হয়, এরপর বিনিয়োগ বেড়ে যায়। নতুন বছরে অনেক দেশ থেকে বিনিয়োগ আমাদের দেশে চলে আসবে। কারণ, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক দেশের থেকে বেশি। এ ছাড়া অনেক অর্থনৈতিক অঞ্চলও হচ্ছে। এর ফলে নতুন বছরে সমৃদ্ধিরও হাতছানি রয়েছে। সেই সুযোগকে কাজে লাগাতে হবে। এতে ব্যাংকগুলোও ভালো ব্যবসা করতে পারবে।
করোনার কারণে ব্যাংকিং সেবা ও ব্যবসা কীভাবে হবে, এটা আমরা বুঝে গেছি। তাই চলতি বছরে করোনার প্রকট যা–ই হোক না কেন, আমরা সেবা অব্যাহত রাখতে পারব। ব্যাংকগুলো এখন বিকল্প পন্থায় সেবায় মনোযোগ দিয়েছে। তাই গ্রাহকেরা কোনোভাবেই সেবা বঞ্চিত থাকবেন না।