নতুন বছর নতুন আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরোনোকে পেছনে ফেলে এল ২০১৬। অর্থনীতিেত নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জকে সামনে রেখে শুরু হলো নতুন বছরের চলার পথ। প্রত্যাশা ও প্রাপ্তির যোগসূত্র নিয়ে অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের ভাবনা নিয়ে এ আয়োজন—

রাজনৈতিক স্থিতিশীলতাই প্রথম প্রত্যাশা

এ কে আজাদ, সাবেক সভাপতি এফবিসিসিআই

এ কে আজাদ
এ কে আজাদ

নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে একটি বছর পার হয়ে এসেছি। বিদায়ী বছরের সাফল্য-ব্যর্থতার মূল্যায়নের চেয়ে নতুন বছরকে ঘিরে আমরা বেশি আশাবাদী হতে চাই। একজন ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা হিসেবে আগামী বছরে আমার প্রথম ও প্রধান প্রত্যাশা হলো—রাজনৈতিক স্থিতিশীলতা। ২০১৫ সালের শুরুতে দেশজুড়ে যে রাজনৈতিক সহিংসতা ও ক্ষতিকর নানা কর্মসূচি দেখেছি, সেটির আর পুনরাবৃত্তি দেখতে চাই না। দ্বিতীয় প্রত্যাশা, নতুন বছরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজটি সম্পন্ন করাসহ সরকার অবকাঠামো সমস্যার সমাধানে অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করবে। তৃতীয় প্রত্যাশা, সরকার শিল্প খাতে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান নিশ্চিত করবে। পাশাপাশি ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে যে ১৭টির কাজ শুরু হয়েছে, সেগুলোর বিষয়ে সময়সীমা নির্ধারণ করে একটি পথনকশা তৈরি করা উচিত।
এ ছাড়া সরকার নতুন বছরে কৃষিজাত পণ্য উৎপাদন ও দক্ষ শ্রমশক্তি তৈরিতে অনেক বেশি কার্যকর ভূমিকা নেবে—এটাই প্রত্যাশা। এসব ব্যবস্থা নেওয়া হলে বিনিয়োগ-খরা কেটে যাবে।

নবযাত্রার বছর হবে
বিরূপাক্ষ পাল, প্রধান অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংক

বিরূপাক্ষ পাল
বিরূপাক্ষ পাল

ব্যক্তিগতভাবে আমি খুবই আশাবাদী মানুষ। সে জন্য ২০১৬ সালকে আমি দেখতে চাই একটি নবযাত্রার বছর হিসেবে। কারণ, ২০১৫ সালের শুরুতে রাজনৈতিক সহিংসতায় একধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। এরপর ওই পরিস্থিতিকে কেন্দ্র করে ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তাদের মধ্যে ছিল শঙ্কা ও সংশয়। বছরের শেষ নাগাদ এসে অবশ্য তা কিছুটা কমেছে। তাই ২০১৬ সালটা নবযাত্রার বছর হবে বলেই আমার ধারণা। পাশাপাশি এ বছর দেশের অবকাঠামো উন্নয়নের বছরও হবে বলে আমার মনে হয়। বিশেষ করে পদ্মা সেতুর হাওয়া লাগবে অন্যান্য অবকাঠামো খাতে। আগামী বাজেটে সরকারের সামনে এখন পর্যন্ত বড় ধরনের কোনো চ্যালেঞ্জ নেই। তাই সরকারের দিক থেকে অবকাঠামো খাতের উন্নয়নে সর্বাধিক নজর দেওয়ার সুযোগ থাকবে। এদিকে ব্যাংক খাতে ২০১২ সাল থেকে নানা কেলেঙ্কারির ঘটনা উদ্ঘাটিত হয়। সে জন্য নেওয়া হয় সংস্কারমূলক অনেক পদক্ষেপ। এর ফলে ব্যাংক খাতে একধরনের ‘রক্ষণশীলতা’ তৈরি হয়। বড় ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোর মধ্যে ভীতি কাজ করে। এতে ঋণেরও গুণগত পরিবর্তন ঘটে। বড় ঋণের চেয়ে ক্ষুদ্র ও মাঝারি ঋণ দেওয়ার দিকে ঝোঁকে ব্যাংকগুলো। এতে খেলাপি ঋণ যেমন কমেছে, তেমনি গ্রামীণ অর্থনীতিও শক্তিশালী হয়েছে। যার সুফল এ বছর আরও বেশি পাওয়া যাবে।

তৈরি পোশাক রপ্তানি ১০ শতাংশ বাড়বে
সিদ্দিকুর রহমান, সভাপতি বিজিএমইএ

সিদ্দিকুর রহমান
সিদ্দিকুর রহমান

নতুন বছরে প্রত্যাশা, রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে। এ ছাড়া গ্যাস-বিদ্যুতের সংকট কেটে যাবে ও প্রয়োজনীয় রাস্তাঘাটসহ অন্যান্য অবকাঠামোর উন্নয়ন হবে বলে আশা করছি।
কর্মপরিবেশের উন্নয়নে বিদেশি ক্রেতাদের দুই জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্স ইতিমধ্যে কারখানা পরিদর্শন শেষ করেছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরও কারখানা পরিদর্শন শেষ করেছে। কারখানা পরিদর্শন যেহেতু শেষ, সেহেতু আমাদের ভাবমূর্তি উন্নয়নে কাজ করতে হবে। এ ছাড়া এখন বড় চ্যালেঞ্জ হলো, ছোট ও মাঝারি পোশাক কারখানাগুলোর সংস্কারকাজের জন্য স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণের ব্যবস্থা করতে হবে, যাতে তারা টিকে থাকতে পারে। সেই সঙ্গে বিভিন্ন ভাড়া বাড়িতে থাকা কারখানাগুলোকে সরিয়ে অন্যত্র নিয়ে যেতে হবে। গত বছর ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হয়েছে। এতে দেশের রপ্তানিকারকেরা ক্ষতিগ্রস্ত হন। সমস্যা থেকে উত্তরণে বিশেষ ব্যবস্থা নিতে হবে। এসব করা গেলেই নতুন বছরে তৈরি পোশাক রপ্তানি ১০ শতাংশ বৃদ্ধি করা সম্ভব।

বিনিয়োগের বাধা দূর করুন
মীর নাসির হোসেন, সাবেক সভাপতি এফবিসিসিআই

মীর নাসির হোসেন
মীর নাসির হোসেন

বিদায়ী ২০১৫ সালের প্রথম তিন মাস তো রাজনৈতিক সহিংসতায় পূর্ণ ছিল। পরের নয় মাসে অর্থনীতিতে বেশ গতির সঞ্চার হয়েছে। বিশেষ করে সামষ্টিক অর্থনীতির সূচকগুলো খুব ভালো অবস্থায় আছে। তা সত্ত্বেও বিনিয়োগের স্থবিরতা কাটেনি। বিশেষ করে ব্যক্তি খাতের বিনিয়োগ দীর্ঘদিন একই জায়গায় রয়ে গেছে। বেসরকারি খাতের ঋণপ্রবাহ বাড়েনি। পুঁজি যন্ত্রপাতির আমদানি প্রবৃদ্ধিও ঋণাত্মক। এ কারণে বিনিয়োগে গতি সঞ্চার হচ্ছে না, ফলে প্রবৃদ্ধিতে লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না।
২০১৬ সালের প্রত্যাশা হচ্ছে বিনিয়োগের বাধাগুলো দূর করা। আমাদের এখন সবচেয়ে বড় সংকট হচ্ছে, গ্যাস ও বিদ্যুৎ। এর মধ্যে বিদ্যুতের উৎপাদন বাড়লেও শিল্প খাতে উপযোগী করে সুলভ ও সাশ্রয়ী মূল্যে আমাদের কাছে পৌঁছে দিতে হবে। অর্থাৎ ভালো মানের ও টেকসই সরবরাহ আমরা চাই। আবার গ্যাসের যতটা সরবরাহ আছে, তার অগ্রাধিকার আগে ঠিক করতে হবে। কারণ শিল্পে বিনিয়োগ না হলে সামগ্রিক অর্থনীতি এগোবে না, কর্মসংস্থানও সৃষ্টি হবে না। সুতরাং নতুন বছরে আমার প্রত্যাশা, সরকার যেন প্রাথমিক জ্বালানি সংকটের একটি সুরাহা করে।

বিনিয়োগই বড় চ্যালেঞ্জ
মোস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক সেন্টার ফর পলিসি ডায়ালগ

মোস্তাফিজুর রহমান
মোস্তাফিজুর রহমান

বিদায়ী ২০১৫ সালের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে কাজে লাগিয়ে নতুন বছরে বিনিয়োগের ত্বরণ সৃষ্টি করে প্রবৃদ্ধির মাত্রাকে উচ্চস্তরে নিয়ে যাওয়াই হবে বড় চ্যালেঞ্জ। এ জন্য সাশ্রয়ীভাবে প্রয়োজনীয় অবকাঠামো বিনির্মাণ করতে হবে। অন্য চ্যালেঞ্জগুলো হলো অর্থনৈতিক কর্মকাণ্ডের সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠা; প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি; বিনিয়োগের জন্য অনুকূল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি এবং প্রতিযোগীসক্ষম উৎপাদনশীলতার সক্ষমতা বাড়ানো।
২০১৫ সালে যোগাযোগ ও বাজার-সুবিধাসহ আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন বছরে এগুলোকে কাজে লাগিয়ে আঞ্চলিক সহযোগিতাকে আরও এগিয়ে নিতে হবে, যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন নতুন দিক
উন্মোচিত হয়।
কয়েক বছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) সরকারি বিনিয়োগের অংশ কিছুটা বাড়লেও ব্যক্তি বিনিয়োগের ক্ষেত্রে চাঞ্চল্য দেখা যাচ্ছে না। এ জন্য ব্যক্তি বিনিয়োগের অনিশ্চয়তা দূর করতে হবে। ব্যক্তি বিনিয়োগের প্রণোদনাগুলোকে কাজে লাগাতে হবে।

৬,০০০ পয়েন্টে উঠবে সূচক
মোহাম্মদ মুসা, শিক্ষক, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

মোহাম্মদ মুসা
মোহাম্মদ মুসা

বিদায়ী ২০১৫ সালজুড়েই শেয়ারবাজারে একটি সমতল অবস্থা বজায় ছিল। বড় ধরনের কোনো উত্থান-পতন না ঘটলেও একধরনের অস্থিরতা ছিল। বিগত বছরের শুরুতে দেশজুড়ে যে রাজনৈতিক সহিংসতা ঘটে, তার নেতিবাচক প্রভাব শেয়ারবাজারেও পড়ে। এরপরও তালিকাভুক্ত বড় মূলধনের একাধিক বহুজাতিক কোম্পানির শেয়ারের দাম বেড়ে অনেকটাই অতি মূল্যায়িত হয়েছে। সেই তুলনায় অন্যান্য খাতের অনেক শেয়ার আবার অবমূল্যায়িত রয়ে গেছে। এখন পর্যন্ত ২০১৬ সালে শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব ফেলার মতো কোনো ঘটনা দেখতে পাচ্ছি না। তাই আমার ধারণা, এ বছরটিতে শেয়ারবাজার খানিকটা গতি ফিরে পাবে। তার ফলে বছরের কোনো একপর্যায়ে ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ৬ হাজারেও পৌঁছে যেতে পারে। কারণ, অবমূল্যায়িত অবস্থায় থাকা অনেক শেয়ারের ভালো করার সুযোগ রয়েছে। ২০১৬ সালটি শেয়ারবাজারের জন্য গতিশীলতার বছর হওয়ার পেছনে অর্থনৈতিক কারণও রয়েছে। সাধারণত পৃথিবীজুড়ে দেখা যায়, যখনই ব্যাংকের সুদের হার কমে, তখন শেয়ারবাজারে তার প্রভাব পড়ে। কিন্তু ২০১৫ সালে ব্যাংকের সুদের হার কমার পরও তার প্রভাব আমাদের বাজারে পড়েনি। আশা করছি, নতুন বছরে সেই প্রভাবটি বাজারে পড়বে।