নতুন বছরে আরও সাফল্য চায় ট্রান্সকম বেভারেজেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার একটি হোটেলে গতকাল রোববার ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের (টিবিএল) বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়— প্রথম আলো
ঢাকার একটি হোটেলে গতকাল রোববার ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের (টিবিএল) বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়— প্রথম আলো

জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার দোয়া চাইলেন, যাতে সুস্থ থাকতে পারেন। বিশ্বমানের দ্রুতগতির বোলার হওয়ার ইচ্ছার কথা জানালেন জাতীয় দলের আরেক ক্রিকেটার তাসকিন আহমেদ। দুজনেই দেশের জনপ্রিয় কোমল পানীয় পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। দুই ক্রিকেটারই এ সময় বললেন, পেপসির মতো একটি আন্তর্জাতিক পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে তাঁরা গর্বিত। তাঁরা এখন বাংলাদেশকে ক্রিকেটে আরও এগিয়ে নিতে চান, পেপসিকেও তেমনি আরও এগিয়ে নেবেন।
সৌম্য সরকার ও তাসকিন আহমেদ গতকাল রোববার হাজির হয়েছিলেন ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের (টিবিএল) বার্ষিক সম্মেলনে। হোটেল লা মেরিডিয়ানে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ট্রান্সকম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ট্রান্সকম বেভারেজেস বাংলাদেশে পেপসিকোর একমাত্র ফ্র্যাঞ্চাইজি। এ গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মধ্যে আছে পেপসি, সেভেন আপ, মিরিন্ডা, মাউন্টেন ডিউ, পেপসি ডায়েট, সেভেন আপ লাইট, স্লাইস ও অ্যাকুয়াফিনা। সম্মেলনে বিদায়ী ২০১৫ সালের মূল্যায়ন ও ২০১৬ সালের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নতুন বছরে আরও সফল হতে বিভিন্ন কর্মপরিকল্পনার কথা জানানো হয়। পাশাপাশি ২০১৫ সালের জন্য সেরা পারফরমারদের পুরস্কৃত করা হয়। তাঁদের মধ্যে বিক্রয় নির্বাহী শহিদুল ইসলাম সেরা কাস্টমার এক্সিকিউটিভ অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান সফল হতে সবাইকে একসঙ্গে কাজ করার পরামর্শ দেন। তিনি এ সময় জানান, ১৫ বছর আগে ২০০০ সালে ট্রান্সকম বেভারেজেস যখন পেপসিকোর ফ্র্যাঞ্চাইজি হয়, তখন প্রতিষ্ঠানটি ছিল বড় ধরনের লোকসানের মধ্যে। এরপরের ১৫ বছরে বিক্রি বেড়েছে ১২ গুণ, বেড়েছে ব্যবসার পরিমাণও। কয়েক বছর ধরে ট্রান্সকম বেভারেজেস দেশের কোমল পানীয়র বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, এক নম্বর হতে হলে পিছিয়ে যাওয়া চলবে না। সে জন্য সাহসী হতে হবে, আত্মবিশ্বাসী থাকতে হবে। আর অবশ্যই বিনয়ী হতে হবে। তাহলে সাফল্য আসতে বাধ্য। তিনি আশা করেন, সামনের দিনগুলোতেও ট্রান্সকম বেভারেজেস তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পেপসিকোর কান্ট্রি ম্যানেজার দর্পণ ভাসিস্থা, ট্রান্সকম বেভারেজেসের ব্যবস্থাপনা পরিচালক জি কিউ চৌধুরী, সদ্য পদোন্নতি পাওয়া উপব্যবস্থাপনা পরিচালক খুরশীদ ইরফান চৌধুরী, প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রান্সকম গ্রুপের পরিচালক শাহনাজ রহমান, সিমিন হোসেন, সাজরে হক, আরশাদ ওয়ালিউর রহমান ও আতিকুর রহমান।
অনুষ্ঠানে জানানো হয়, সেভেন আপ টানা ছয় বছর বাংলাদেশে সেরা কোমল পানীয় ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে। এ ছাড়া ২০০৯ সালে পেপসিকোর সবচেয়ে সম্মানজনক পুরস্কার ‘ইন্টারন্যাশনাল বটলার অব দ্য ইয়ার’ অর্জন করেছে ট্রান্সকম বেভারেজেস। এ ছাড়া ভারত অঞ্চলে সেরা বটলার হয়েছে পাঁচবার। এমনকি এই অঞ্চলের সেরা প্ল্যান্টের পুরস্কারও পেয়েছে ট্রান্সকম বেভারেজেস লিমিটেড।