নতুন বছরে আশায় বুক বাঁধছেন বিনিয়োগকারীরা
২০১০ সালের ডিসেম্বরে দেশের পুঁজিবাজারে ধস শুরু হয়। এই ধাক্কা আজও কাটিয়ে উঠতে পারেনি বাজার। ধসের রেশ কাটেনি এখনো। ফলে সারা বছরই একধরনের অনিশ্চয়তার মধ্যে দিন কাটান বিনিয়োগকারীরা। কেবল বিনিয়োগকারীরাই নন, অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হয়েছে শেয়ারবাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও। আর তাই নতুন বছরে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে, বাজার স্থিতিশীল হবে—এমনটিই আশা করছেন তাঁরা।২০১২ সালের ১ জানুয়ারি অর্থাত্ গত বছরের প্রথম দিন প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচকের অবস্থান ছিল ৫৩৫১ পয়েন্টে। এক বছরের মাথায় গতকাল মঙ্গলবার ডিএসইর সাধারণ মূল্যসূচক দাঁড়িয়েছে ৪১৯০ পয়েন্টে। এর মধ্যে আবার গত বছর ১১টি কোম্পানি যোগ হয়েছে এই স্টক এক্সচেঞ্জে, যোগ হয়েছে বোনাস ও রাইট শেয়ার। এসব নতুন শেয়ার বাদ দিলে সূচকের অবস্থান আরও নিচে দাঁড়ায়।গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে কথা হয় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরীর সঙ্গে। নতুন বছরের প্রত্যাশা সম্পর্কে তিনি বলেন, ‘বাজারে স্থিতিশীলতা ফেরানোর দাবিতে দুই বছর ধরে আমরা আন্দোলন করে আসছি। এ সময়ে বেশ কয়েকবার আমাদের কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। পুলিশ-বিনিয়োগকারী সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় বেশ কয়েকজন বিনিয়োগকারী আহত হন। তাঁদের বিরুদ্ধে মামলাও করা হয়।’নতুন বছরের প্রথম দিনে একটি স্থিতিশীল বাজারের আশা করছেন বিনিয়োগকারীদের এই নেতা। তিনি বলেন, ‘২০১৩ সালে সরকার-ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন চাই।’ একই সঙ্গে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বানও জানান তিনি।নতুন বছরের প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান প্রথম আলো ডটকমকে বলেন, দুই বছর ধরে বাজারে দরপতন চলছে। এরই মধ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ আইন সংশোধন করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আরও বেশি ক্ষমতা পেয়েছে। বাজার তদারকিতে বিএসইসির নিজস্ব সার্ভিল্যান্স সফটওয়্যার স্থাপন করা হয়েছে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর করপোরেট গভর্নেন্স নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া দুই স্টক এক্সচেঞ্জকে ডিমিউচুয়ালাইজেশনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে, বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সঞ্চার হবে বলে আশা করছেন আল মারুফ খান। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের তাঁদের কর্তব্য পালনে যথাযথ ভূমিকা পালন করতে হবে বলে মত দেন তিনি।এ বিষয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলো ডটকমকে বলেন, ‘বাজারে দরপতন চলছে এটা ঠিক, তবে এখনো আমাদের বাজার শেষ হয়ে যায়নি।’ তিনি আরও বলেন, ১৯৯৬ সালে শেয়ারবাজারে ধস হয়েছিল। ’৯৬ সালের ওই অবস্থা কাটিয়ে উঠতে অনেক সময় লেগেছে। এ হিসেবে বর্তমান অবস্থা থেকে বের হতে কিছুটা সময় লাগতে পারে। তবে সরকারের পক্ষ থেকে সব পক্ষকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে সমস্যা চিহ্নিত করতে হবে। একই সঙ্গে চিহ্নিত সমস্যাগুলো সমাধানে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। নিতে হবে প্রয়োজনীয় উদ্যোগ। আর তাহলেই বাজারে গতি আসবে। বাজার নিজস্ব গতিতে স্থিতিশীলতার দিকে যাবে।তিনি আরও বলেন, মার্চেন্ট ব্যাকগুলোর সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ দিতে হবে। কেননা অব্যাহত দরপতনে কেবল বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তা নয়, মার্চেন্ট ব্যাংকাররাও ক্ষতিতে পড়েছেন। মার্চেন্ট ব্যাংকগুলোর বিপুল অঙ্কের টাকা বিনিয়োগকারীদের ঋণে আটকে আছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফ করতে আটকে যাচ্ছে টাকা। এ অবস্থায় মার্চেন্ট ব্যাংকগুলোর সক্ষমতা বাড়ালে তারা বাজারে সক্রিয় হতে পারবে।এ বিষয়ে জানতে চাইলে বাজার-বিশ্লেষক ও বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মাদ মুসা প্রথম আলো ডটকমকে বলেন, গত এক বছরের বাজারের কর্মকাণ্ড খুবই খারাপ। এতে শুধু যে বিনিয়োগকারীরা খারাপ অবস্থায় রয়েছেন তা নয়। এ ছাড়া বাণিজ্যিক ব্যাংক, মার্চেন্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও খারাপ অবস্থায় রয়েছে। এ অবস্থায় তারা নতুন করে বিনিয়োগে যেতে পারছে না। এ ক্ষেত্রে বাজার তার নিজ গতিতে ঘুরে দাঁড়াতে চাইলে কিছুটা সময় লাগবে। তা ছাড়া এ বছর দেশে রাজনৈতিক অস্থিরতা বেড়ে যেতে পারে। তাই সার্বিকভাবে খুব একটা সুখবর দেখছেন না এই বাজার-বিশ্লেষক।তবে বর্তমানে বাজারের মূল্য আয়ের (পিই) অনুপাত কমে বেশ আকর্ষণীয় অবস্থানে রয়েছে। এ অবস্থায় বিদেশি বিনিয়োগকারীদের বাজারে আকৃষ্ট হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এটা বাজারের জন্য ইতিবাচক হবে। এ ছাড়া এ বছর কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি সহজ হবে বলে আশা করা হচ্ছে। এতে ঋণপ্রবাহ বেড়ে যাবে। ফলে ঋণে সুদের হার কমে গেলে বাজারে তারল্যপ্রবাহ বেড়ে যাবে, যা বাজারের জন্য ইতিবাচক হবে বলে মনে করেন এই বাজার-বিশ্লেষক।