নতুন বছরে ইতিবাচক সূচনা শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন বছরের প্রথম দিনে ফুলের চাহিদা বেশ বেড়ে যায়। সে জন্য বিক্রেতারাও নানা রঙের ফুলের পসরা সাজিয়ে বসেন। নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের নারায়ণগঞ্জ ক্লাবসংলগ্ন ফুলের বাজার থেকে গতকাল বুধবার সকালে ছবিটি তোলা ষ পাপ্পু ভট্টাচার্য্য
নতুন বছরের প্রথম দিনে ফুলের চাহিদা বেশ বেড়ে যায়। সে জন্য বিক্রেতারাও নানা রঙের ফুলের পসরা সাজিয়ে বসেন। নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের নারায়ণগঞ্জ ক্লাবসংলগ্ন ফুলের বাজার থেকে গতকাল বুধবার সকালে ছবিটি তোলা ষ পাপ্পু ভট্টাচার্য্য

শেয়ারবাজারে নতুন বছরের শুরুটা হয়েছে ইতিবাচকভাবে। বছরের প্রথম কার্যদিবসে গতকাল বুধবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন লেনদেন ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ৪০ কোটি টাকা।
বাজারের সবগুলো সূচকের ইতিবাচক অবস্থানের পাশাপাশি গতকাল মূল্যবৃদ্ধির শীর্ষে উঠে আসে ভালো মৌলভিত্তির কোম্পানি। বেশ কিছুদিন ধরে দুই বাজারে মূল্যবৃদ্ধির শীর্ষ তালিকায় দুর্বল মৌলভিত্তির কোম্পানির প্রাধান্য ছিল।
ঢাকার বাজারে এদিন মূল্যবৃদ্ধির শীর্ষে পাঁচ কোম্পানির তালিকায় ছিল যথাক্রমে পদ্মা অয়েল, আইডিএলসি ফিন্যান্স, মেঘনা পেট্রোলিয়াম, আরামিট ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স। দিন শেষে এসব কোম্পানির শেয়ারের দাম সর্বনিম্ন ৬ থেকে সর্বোচ্চ ৯ শতাংশ পর্যন্ত বেড়েছে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন প্রায় ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ২৮৬ পয়েন্টে। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪১২ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ৩০ কোটি টাকা বেশি। এদিন ঢাকার বাজারে ২৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬৫টিরই দাম বেড়েছে, কমেছে ৯৭টির আর অপরিবর্তিত ছিল ২৯টির দাম।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বছরের প্রথম দিনের শুরুটা বেশ ভালো ছিল। মূল্যবৃদ্ধির তালিকায় ভালো মৌলভিত্তির কোম্পানির শেয়ার প্রাধান্য পেয়েছে। এটি বিনিয়োগকারী ও বাজারের জন্য ভালো।
চট্টগ্রামের বাজারে গতকাল ২১২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১০৬টিরই দাম বেড়েছে, কমেছে ৮০টির আর অপরিবর্তিত ছিল ২৬টির দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৩ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে চার কোটি টাকা বেশি। সিএসইর সার্বিক সূচক এদিন ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৬৩ পয়েন্টে।