নতুন বছরে সবার প্রত্যাশা স্থিতিশীল পুঁজিবাজার
অস্থিরতা নয়, নতুন বছরে একটি স্থিতিশীল পুঁজিবাজারের প্রত্যাশা করেন বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীদের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষও একই প্রত্যাশার কথা ব্যক্ত করেছে।পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত বছর পুঁজিবাজারে অস্থিরতা বিরাজ করলেও সরকারের পক্ষ থেকে বেশ কিছু সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে। কিছু ইতিবাচক উদ্যোগও নেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়িত হলে অবশ্যই পুঁজিবাজারে এর ভালো প্রভাব পড়বে। এ বিষয়ে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহাদাত উল্লাহ ফিরোজ প্রথম আলো অনলাইনকে বলেন, অতীতের সব কষ্ট, বেদনা ভুলে নতুন বছরে নতুন কিছুই করছি। আমাদের প্রত্যাশা একটি স্থিতিশীল বাজার। তিনি বলেন, ‘আমরা গত বছরের মতো দুঃস্বপ্নের মধ্য দিয়ে ব্যবসা করতে চাই না। আমাদের স্বপ্ন একটি স্থিতিশীল ও শক্তিশালী বাজার। আমার বিশ্বাস, নতুন বছরে আমাদের এই প্রত্যাশা পূরণ ও স্বপ্ন বাস্তবায়িত হবে।’ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী বলেন, ‘গেল বছর পুঁজিবাজারে চরম অস্থিরতা বিরাজ করেছে। আমরা শুরু থেকেই এই অস্থিরতার বিরুদ্ধে আন্দোলন করে আসছি। অবশেষে নভেম্বরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের পর বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়। এর ফলে কিছুটা হলেও বাজারে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে।’ আর ওই সব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে একটি দীর্ঘমেয়াদি স্থিতিশীল পুঁজিবাজারের প্রত্যাশা করেন তিনি।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাবেক সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ প্রথম আলো অনলাইনকে বলেন, ‘নতুন বছরে একটি স্থিতিশীল পুঁজিবাজার প্রত্যাশা করি।’ এ ক্ষেত্রে বিনিয়োগকারী, উদ্যোক্তা ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) যথাযথ ভূমিকা রাখতে হবে। সবাই মিলে একসঙ্গে কাজ করলে বাজারে স্থিতিশীলতা ধরে রাখা সম্ভব বলে মনে করেন তিনি।ডিএসইর সভাপতি শাকিল রিজভী বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগোলে ভবিষ্যত্ ভালো যাবে বলা যায়। তিনি বলেন, সামনের দিনে নতুন নতুন ভলো প্রতিষ্ঠান বাজারে আসবে। এতে বিনিয়োগকারীরা আশান্বিত হবেন। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই, চড়াই-উতরাইয়ের পর অবশ্যই সম্ভাবনা আসবে।শেয়ারবাজার বিশেষজ্ঞ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মো. মুসা বলেন, ‘আজকের বাজারের যে ইঙ্গিত, তা দেখে মনে হয়, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় রয়েছেন। এটি একটি ভালো লক্ষণ।’ এ অবস্থা বিরাজ করলে বাজারে ভালো প্রভাব পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।