নতুন বছরে সোনার দাম বাড়ল চারবার
বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির কারণে আবার দেশের বাজারে সোনার দর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবারে ভরিতে এবার বাড়ছে ১ হাজার ২২৫ টাকা। এতে করে ভালো মানের এক ভরি সোনার দর দাঁড়াবে ৪৬ হাজার ১৯০ টাকা।
নতুন দর আগামীকাল সোমবার থেকে সারা দেশে কার্যকর হবে বলে জানিয়েছে জুয়েলার্স সমিতি। গতকাল শনিবার দুপুরে সোনার মূল্যবৃদ্ধির সিদ্ধান্তটি জানান সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক খান। সব মিলিয়ে চলতি বছর এই নিয়ে দেশের বাজারে চতুর্থবারের মতো সোনার দাম বাড়ছে।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৬ হাজার ১৯০ টাকা, ২১ ক্যারেট ৪৪ হাজার ৯০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হবে ৩৭ হাজার ৪৪২ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরি হবে ২৬ হাজার ৩৬১ টাকা।
দেশের সব জুয়েলার্সেই আজ রোববার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৪ হাজার ৯৬৫ টাকা, ২১ ক্যারেট ৪২ হাজার ৮৬৫ টাকা এবং ১৮ ক্যারেট ৩৬ হাজার ২১৭ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির সোনার ভরি ২৫ হাজার ১৩৬ টাকা।
ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। সনাতন পদ্ধতির সোনা পুরোনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি হয় বলে এতে কত শতাংশ বিশুদ্ধ সোনা মিলবে, তা নিশ্চিত নয়।
এদিকে রুপার দামও ভরিতে ৫৮ টাকা বেড়ে ১ হাজার ১০৮ টাকা হচ্ছে। অবশ্য আজ রোববার পর্যন্ত রুপার ভরি ১ হাজার ৫০ টাকায় পাওয়া যাবে।
ওয়েবসাইট থেকে জানা যায়, বাংলাদেশের স্থানীয় সময় গতকাল বিকেল পাঁচটার দিকে বিশ্ববাজারে প্রতি আউন্স (২.৪৩ ভরি) সোনার দর ১ হাজার ২৬৯ দশমিক ৯০ মার্কিন ডলারে ওঠে, যা গত ৪ ফেব্রুয়ারি ছিল ১ হাজার ১৪৭ মার্কিন ডলার প্রতি আউন্স। ১০ ফেব্রুয়ারি সেটি বেড়ে হয় ১ হাজার ২৩৪ ডলার। চলতি বছরের শুরুতে বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছিলেন, এবার সারা বছরই সোনার ভালো সময় যাবে।