নতুন বছরের শুরুতেই দর ও সূচকের পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরপতনের মধ্যদিয়েই দেশের শেয়ারবাজারে ইংরেজি নতুন বছরের যাত্রা শুরু হয়েছে। বছরের প্রথম কার্যদিবসে গতকাল মঙ্গলবার দেশের দুই শেয়ারবাজারেই মূল্যসূচক কমেছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও।প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমে নেমে এসেছে প্রায় দেড় শ কোটি টাকায়। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ২০ কোটি টাকায় নেমে এসেছে।এদিকে বছরের শুরুতেই দরপতন ঘটায় রাজধানীর মতিঝিলের ডিএসই ভবনের সামনে একদল বিনিয়োগকারী বিক্ষোভ করেছেন। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, ‘এমনিতেই বছরের শুরুতে বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তা খুব একটা থাকে না। কারণ, তারা বছর শেষে নিজেদের আর্থিক হিসাব নিয়ে কিছুটা ব্যস্ত থাকে। এ জন্য গতকালের বাজারে লেনদেন কিছুটা কম হয়েছে। এ ছাড়া বছরের শুরুতে অনেক বিনিয়োগকারী বাজার পর্যবেক্ষণ করছেন। কয়েক দিনের মধ্যেই হয়তো তাঁরা দেখেশুনে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন।’শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগের বিপরীতে প্রভিশনিং বা নিরাপত্তা সঞ্চিতির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কিছুটা ছাড় দিয়েছে। শিগগির তার ইতিবাচক প্রভাব বাজারে পড়বে বলে মনে করেন মার্চেন্ট ব্যাংকের এই নেতা। ঢাকার বাজারে সাধারণ সূচক গতকাল দিন শেষে ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ১৯০ পয়েন্টে। যদিও সূচকের ঊর্ধ্বগতি দিয়ে এদিন ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। ডিএসইতে এদিন ২৬৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের তুলনায় দাম কমেছে ১৫৪টির, বেড়েছে ৮০টির আর অপরিবর্তিত ছিল ৩০টির। দিন শেষে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৫৩ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ৯৬ কোটি টাকা কম।ঢাকায় এদিন লেনদেনের শীর্ষে ছিল: বেক্সিমকো, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ার, এনবিএল, এক্সিম ব্যাংক, সামিট পাওয়ার, এবি ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবলস, প্রাইম ব্যাংক ও যমুনা অয়েল।অন্যদিকে চট্টগ্রামের বাজারের সার্বিক মূল্যসূচক ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৭৭৬ পয়েন্টে। সিএসইতে এদিন ১৬৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের তুলনায় দাম কমেছে ১০৭টির, বেড়েছে ৪১টির আর অপরিবর্তিত ছিল ১৭টির। চট্টগ্রামের বাজারে এদিন লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২০ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে চার কোটি টাকা কম।