দেশের পণ্য রপ্তানিতে এবার লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ রপ্তানিকারক সমিতির সভাপতি আব্দুস সালাম মুর্শেদীপ্রথম আলো: অর্থবছরের প্রথম ১০ মাসে রপ্তানির প্রবৃদ্ধি হয়েছে মাত্র সাড়ে আট শতাংশ। আর এই সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে তা সাত শতাংশ কম। এমনটি কেন হয়েছে বলে মনে করেন?সালাম মুর্শেদী: আমাদের রপ্তানির প্রধান দুই বাজারেই সংকট চলছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ঋণসংকটে ভুগছে। যুক্তরাষ্ট্র এখনো অর্থনৈতিক মন্দার মধ্যে রয়েছে। মন্দার কারণে চাহিদা সংকুচিত হয়েছে। কমে গেছে পণ্যের দাম। ফলে বাংলাদেশি পণ্যের রপ্তানি কমেছে। এটা গেল বাইরের দিক। আর দেশের ভেতরেও সমস্যা আছে। ব্যাংকঋণের জন্য আমাদের চড়া সুদ গুনতে হচ্ছে। বিদ্যুৎ, গ্যাস, ডিজেল, ফার্নেস অয়েলের দাম দফায় দফায় বেড়েছে। এসবের প্রভাবে উৎপাদন ব্যয়বহুল হয়ে পড়েছে। উৎপাদন ব্যয় বেড়ে রপ্তানিমুখী শিল্পের সক্ষমতা হ্রাস পাচ্ছে। বিশেষ করে প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতের রপ্তানি ব্যাহত হচ্ছে। যেহেতু শিল্পের সক্ষমতা কমে গেছে, সেহেতু রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন করাও কঠিন হয়ে যাচ্ছে। সে কারণেই আশঙ্কা জেগেছে যে এ বছর রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন না-ও হতে পারে।প্রথম আলো: তাহলে এই অবস্থা থেকে উত্তরণের উপায় কী কী হতে পারে?সালাম মুর্শেদী: এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে সরকারকে নীতি-সহায়তা দিতে হবে। জ্বালানি-বিদ্যুতের যে অবস্থা তাতে আপাতত নতুন বিনিয়োগ সম্ভব নয়। সে জন্য প্রয়োজন বিদ্যমান রপ্তানিমুখী কারখানাগুলোকে টিকিয়ে রাখা। ইতিমধ্যে সরকার শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের যে পরিকল্পনা নিয়েছে, তাকে আমরা স্বাগত জানাই। তবে এই বিদ্যুৎ পেতে যে চড়া মূল্য ধার্য করা হচ্ছে, তা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। পাঁচ-ছয় টাকার বিদ্যুৎ বড়জোর দ্বিগুণ দামে কেনা যেতে পারে। তবে ১৭-১৮ টাকায় কেনা সম্ভব নয়। আশা করি সরকার এ বিষয়টি বিবেচনা করবে। আরেকটি দিক হলো, সুদের হার। ঋণের জন্য ১৭-১৮ শতাংশ হারে সুদ দিতে হচ্ছে, যা অনেক বেশি। সুদের হার কমাতে হবে। এ জন্য কিছু ভর্তুকি দিতে হবে। আর নতুন বাজার সম্প্রসারণের জন্য যেসব প্রণোদনা দেওয়া হয়েছিল, তা এ বছর জুন মাসে শেষ হচ্ছে। আগামী বাজেটে যেন তা অব্যাহত রাখা হয়, সে জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।প্রথম আলো: নতুন বাজারে আপনারা কতটা প্রবেশ করতে পেরেছেন?সালাম মুর্শেদী: অনেকটাই পেরেছি। অস্ট্রেলিয়া, ব্রাজিল, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া প্রভৃতি বাজারে আমাদের রপ্তানি কিন্তু বাড়তে শুরু করেছে। শুল্কমুক্ত সুবিধা পাওয়ায় ভারতেও রপ্তানি বাড়ছে। কাজেই এই রপ্তানি বৃদ্ধির ধারাটি ধরে রাখতে হলে আমাদের জোর প্রচেষ্টা চালাতে হবে। এজন্য নীতি-সহায়তাটা জরুরি।প্রথম আলো: রপ্তানির জন্য কোনো ইতিবাচক খবর আমাদের জানাতে পারেন কি?সালাম মুর্শেদী: আপনারা জানেন, আগামীবার বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট হতে যাচ্ছে ব্রাজিলে। ফুটবলপাগল এই দেশে জার্সিসহ খেলাধুলার বিভিন্ন সামগ্রীর চাহিদা এখনই বাড়তে শুরু করেছে। বিশ্ববিখ্যাত ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস, নাইকি, পুমা কিন্তু বাংলাদেশ থেকে অনেক পণ্যই সংগ্রহ করে। বিশ্বকাপ সামনে রেখে এসব পণ্যের জন্য কার্যাদেশ ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। এটা একটা ইতিবাচক দিক। তবে আমদানি-রপ্তানি ব্যবসার জন্য সরাসরি যোগাযোগ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন ব্রাজিলে যেতে হলে ভারত কিংবা দক্ষিণ আফ্রিকা যেতে হলে শ্রীলঙ্কা থেকে ভিসা নিতে হয়। আমরা তাই সরকারের কাছে আবেদন জানিয়েছি যেন এসব দেশের ভিসা কনসাল অফিস বাংলাদেশে চালু করার ব্যবস্থা নেওয়া হয়। ঢাকায় যে ব্রাজিলের রাষ্ট্রদূত আছেন, তাঁর কাছেও আমরা লিখেছি। [সাক্ষাৎকার নিয়েছেন আসজাদুল কিবরিয়া]