নতুন বাজারে ইতিবাচক দিক তুলে ধরতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন যৌথ চেম্বার আয়োজিত সেমিনারে ঢাকায় নিযুক্ত ফ্রান্স, সুইজারল্যান্ড ও কানাডার রাষ্ট্রদূতসহ অতিথিরা l প্রথম আলো
তিন যৌথ চেম্বার আয়োজিত সেমিনারে ঢাকায় নিযুক্ত ফ্রান্স, সুইজারল্যান্ড ও কানাডার রাষ্ট্রদূতসহ অতিথিরা l প্রথম আলো

প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাণিজ্যে ভালো করতে বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিংয়ে জোর দিতে হবে। ঢাকায় নিযুক্ত ফ্রান্স, সুইজারল্যান্ড ও কানাডা—এই তিন দেশের রাষ্ট্রদূতেরা এই অভিমত দিয়েছেন। তাঁরা মনে করেন, বাংলাদেশের অনেক ইতিবাচক দিক রয়েছে, যা ঠিকভাবে উপস্থাপন করা হলে রপ্তানির নতুন বাজার খুলবে। একই সঙ্গে তা বাংলাদেশে নতুন বিনিয়োগ আকর্ষণেও সহায়ক হবে।
রাজধানীর নিকুঞ্জের একটি হোটেলে গতকাল রোববার আয়োজিত ‘বাংলাদেশ ও ফ্রেঞ্চ (ফরাসি) ভাষা ব্যবহারকারী দেশের মধ্যে বাণিজ্য: সুযোগ ও সামনে এগোনোর উপায়’ শীর্ষক এক সেমিনারে বাংলাদেশ সম্পর্কে এমন মতামত দেন তাঁরা। রাষ্ট্রদূতেরা হলেন ফ্রান্সের সোফি অবার্ট, সুইজারল্যান্ডের ক্রিস্টিয়ান ফচ ও কানাডার বেনোয়া পিয়েরে লাঘামে।
ফ্রেঞ্চকে ব্যবহারিক ভাষা হিসেবে ব্যবহার করে এমন তিন দেশ ও বাংলাদেশের যৌথ বাণিজ্য চেম্বার সেমিনারটির আয়োজন করে। চেম্বার তিনটি হলো যথাক্রমে ক্যানচ্যাম-বাংলাদেশ, ফ্রান্স-বাংলাদেশ ও সুইজারল্যান্ড-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এতে স্বাগত বক্তব্য দেন ক্যানচ্যাম-বাংলাদেশ চেম্বারের সভাপতি মাসুদ রহমান।
অনুষ্ঠানে জানানো হয়, ফ্রান্সসহ সারা বিশ্বে ৩২টি দেশ ফ্রেঞ্চ বা ফরাসি ভাষাকে নিজেদের ভাষা হিসেবে ব্যবহার করে। ফ্রেঞ্চ ভাষা ব্যবহারকারী এসব দেশের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক বাণিজ্য সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ককে ভবিষ্যতে আরও এগিয়ে নিতেই এ সেমিনারের আয়োজন।
বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনোয়া পিয়েরে লাঘামে বলেন, অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশকে আন্তর্জাতিক বাণিজ্যে টিকে থাকতে হলে এ দেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে হবে। ফ্রেঞ্চ ভাষা এ ক্ষেত্রে বাংলাদেশের জন্য একটি কৌশলগত সম্পদ হতে পারে। কারণ, বৈদেশিক বাণিজ্য দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর নির্ভরশীল।
সেমিনারে বাংলাদেশ-ফ্রান্স ও বাংলাদেশ-সুইজারল্যান্ডের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য পরিস্থিতি নিয়ে দুটি আলাদা উপস্থাপনা দেওয়া হয়। এর মধ্যে ফ্রান্স-সংক্রান্ত উপস্থাপনায় বলা হয়, বাংলাদেশের সঙ্গে বর্তমানে দেশটির দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বছরে ২৪০ কোটি ইউরো। নিয়মিত বাণিজ্যের বাইরে ২০১৫ সালে বাংলাদেশের প্রথম বঙ্গবন্ধু স্যাটেলাইট ও ডিজিটাল জাতীয় পরিচয়পত্র প্রকল্প বাস্তবায়নের কাজ পেয়েছে দুটি ফরাসি প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার্ট ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ফচ জানান, বাংলাদেশে তাঁদের দেশের আরও বেশি বিনিয়োগের সুযোগ আছে। আর ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের রপ্তানি মূলত তৈরি পোশাকের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তৈরি পোশাকের বাইরেও বাংলাদেশকে এখন নতুন রপ্তানি খাতের দিকে নজর দিতে হবে।