নতুন বাজারে ভালো করছে বাংলাদেশ

মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কানাডা বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রচলিত বা মূল বাজার। তবে পরিমাণে এখনো কম হলেও নতুন বাজারে ভালো করছে দেশের পোশাক খাত। গত তিন অর্থবছরে এই বাজারের রপ্তানি ২৩০ থেকে বেড়ে ৩৬১ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। মোট পোশাক রপ্তানিতে নতুন বাজারের অংশীদার বেড়ে ১৪ দশমিক ৭৫ শতাংশে পৌঁছেছে।
সর্বশেষ ২০১৩-১৪ অর্থবছরে দুই হাজার ৪৪৯ কোটি ডলারের পোশাক রপ্তানি করে বাংলাদেশ। এর মধ্যে ইইউ এক হাজার ৪৭৪, যুক্তরাষ্ট্রে ৫১৪ ও কানাডায় ১০০ কোটি ডলার রপ্তানি হয়। আলোচ্য সময়ে এসব দেশে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ১৪ দশমিক ৭৫, ২ দশমিক ৮৪ ও ২ শতাংশ।
অন্যদিকে, একই সময়ে নতুন বাজারে পোশাক রপ্তানি হয়েছে ৩৬১ কোটি ডলার। এই আয় আগের ২০১২-১৩ অর্থবছরের ২৯৫ কোটি ডলারের চেয়ে ২২ দশমিক ৩১ শতাংশ বেশি। তার মানে প্রচলিত বাজারের চেয়ে নতুন বাজারে প্রবৃদ্ধি বেশি। আর এই নতুন বাজারের মধ্যে তুরস্ক, জাপান, চীন, রাশিয়া, ভারতে ভালো করছে বাংলাদেশ। প্রতিবছরই রপ্তানি বাড়ছে। এমন তথ্যই দিচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান।
পোশাকশিল্পের উদ্যোক্তারা বলছেন, আগামী দিনে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বাড়ানো কিছুটা কঠিন। কারণ এসব দেশে অনেক প্রতিযোগী। দিন দিন সেটি আরও বাড়ছে। এ ক্ষেত্রে বড় উদাহরণ যুক্তরাষ্ট্র। দেশটিতে চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) পোশাক রপ্তানি কমে প্রবৃদ্ধি হয়েছে ঋণাত্মক। যদিও রানা প্লাজা ধস ও গত বছরের রাজনৈতিক অস্থিরতাই আমেরিকার বাজার নিম্নমুখী হওয়ার বড় কারণ। শিগগিরই এই বাজারে রপ্তানি বাড়বে বলে আশা করছেন উদ্যোক্তারা। তবে একই সঙ্গে তাঁরা বলছেন, তৈরি পোশাকের রপ্তানি বৃদ্ধি করতে হলে নতুন বাজারই বড় ভরসা। এ জন্য বিভিন্ন দেশের সঙ্গে শুল্কমুক্ত পণ্য রপ্তানি-সুবিধা চুক্তি, অন্যান্য অশুল্ক বাধা দূর, নীতি-সহায়তা ও মেলা আয়োজন করতে হবে সরকারকে।
এদিকে নতুন বাজারে পোশাক রপ্তানি বাড়াতে সরকার ইতিমধ্যে কিছু কাজ করেছে। কানাডা, জাপান, চীন ও ভারত সরকারের সঙ্গে শুল্কমুক্ত পণ্য রপ্তানি চুক্তি করেছে। এ ছাড়া উদ্যোক্তাদের উৎসাহিত করতে নতুন বাজারে ৩ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। অন্যান্য দেশের সঙ্গে শুল্কমুক্ত পণ্য রপ্তানি চুক্তির চেষ্টা চলছে বলেও সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
ইপিবির পরিসংখ্যান অনুযায়ী, তুরস্কে গত ২০১৩-১৪ অর্থবছরে ৬২ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়, যা তার আগের অর্থবছরের ৪২ কোটি ডলারের চেয়ে ৩২ শতাংশ বেশি। দেশটিতে তিন অর্থবছরের ব্যবধানে তুরস্কে ২৬ কোটি ডলার রপ্তানি বেড়েছে। আলোচ্য সময়ে জাপানে ২০১১-১২ থেকে ২০১৩-১৪, তিন অর্থবছরে রপ্তানি হয় যথাক্রমে ৪০, ৪৭ ও ৫৭ কোটি ডলার।
অন্যদিকে গত ২০১৩-১৪ অর্থবছরে চীনে ২৪, রাশিয়ায় ২০, ব্রাজিলে ১৭, দক্ষিণ কোরিয়ায় সাড়ে ১৩ কোটি, ভারতে নয় কোটি ও দক্ষিণ আফ্রিকায় পৌনে পাঁচ কোটি ডলার আয় হয়। এর মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে চীনে। ৪২ শতাংশ।
পোশাকশিল্পের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা জানান, প্রবৃদ্ধি ভালো হলেও নতুন বাজারে রপ্তানির পরিমাণ এখনো কম। তবে এই বাজারে রপ্তানি আরও বাড়ানোর অনেক সুযোগ আছে। অবশ্য এ ক্ষেত্রে উচ্চ শুল্ক, ব্যাংকিং ও কাস্টমসের কিছু জটিলতা আছে অনেক দেশে। যেমন রাশিয়ায় এখন মাত্র ২০ কোটি ডলার রপ্তানি হলেও সেখানকার বাজার প্রায় এক হাজার ২০০ কোটি ডলারের। দেশটিতে ৪২ শতাংশ শুল্ক ও কর দিয়ে রপ্তানি করতে হয়। অন্যদিকে ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায় যথাক্রমে ৩৫ ও ৪৫ শতাংশ শুল্ক ও কর দিতে হয়।
জানতে চাইলে বিকেএমইএর সাবেক সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, রাশিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার মতো বড় বাজারে শুল্ক হ্রাসে সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নিতে হবে। এগুলো করা গেলে আগামী ১০ বছরে পোশাকের মোট রপ্তানিতে নতুন বাজারের হিস্যা হবে ৬০-৭০ শতাংশ।
জানতে চাইলে বিজিএমইএর সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেন, একক দেশ হিসেবে আমেরিকায় আমাদের রপ্তানি সবচেয়ে বেশি। বর্তমানে দেশটির জনসংখ্যা ৩১ কোটি। আর চীনের জনসংখ্যা ১৩৬ কোটি। তার মানে চীনের বাজার বড়। সে দেশের ব্যবসায়ীরাও পোশাক ব্যবসা থেকে সরে আসছে। এই বাজারটি দখল করার সুযোগ আছে বাংলাদেশের। ফলে যুক্তরাষ্ট্রের বাজারের দিকেই আমাদের তাকিয়ে থাকলে হবে না।