নতুন বাজারে রপ্তানি বাড়ছে

চলতি অর্থবছরের প্রথম আট মাসে নতুন বাজারে ৪২১ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা গত বছরের চেয়ে ২৪ শতাংশ বেশি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৈরি পোশাক কারখানা
ফাইল ছবি

করোনার ধাক্কা কাটিয়ে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রচলিত বাজারগুলোর মতো অপ্রচলিত এবং নতুন বাজারেও ভালো করছেন দেশের পোশাক রপ্তানিকারকেরা। অধিকাংশ নতুন বাজারেই পোশাক রপ্তানিতে ১০ শতাংশের বেশি প্রবৃদ্ধি হচ্ছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম আট মাস জুলাই-ফেব্রুয়ারিতে নতুন বাজারগুলোতে ৪২১ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশের উদ্যোক্তারা, যা দেশীয় মুদ্রায় ৩৬ হাজার ২৯০ কোটি টাকার মতো (প্রতি ডলার ৮৬.২০ টাকা ধরে)। এই আয় আগের বছরের (২০২০২-২১) একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৮১ শতাংশ বেশি। গত অর্থবছরের প্রথম আট মাসে নতুন বাজারে ৩৪০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছিল।

জানতে চাইলে নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, করোনাসহ নানা কারণে চীনের কাঁচামালের সরবরাহব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে। সে কারণে তাঁদের পোশাক রপ্তানি কমছে। দেশটির ছেড়ে দেওয়া ক্রয়াদেশের পণ্য আমদানিতে বর্তমানে ক্রেতাদের প্রথম পছন্দ বাংলাদেশ। তা ছাড়া চীনা কাঁচামালের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হওয়ায় বাংলাদেশের প্রতিযোগী ভিয়েতনাম, কম্বোডিয়া, মিয়ানমার প্রভৃতি দেশও বিপদে আছে।

চলতি অর্থবছরের প্রথম আট মাসে বাংলাদেশ মোট ২ হাজার ৭৪৯ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। এর মধ্যে ইইউভুক্ত দেশগুলোয় ১ হাজার ৩৭৫, যুক্তরাষ্ট্রে ৫৭৭, যুক্তরাজ্যে ২৯৩ ও কানাডায় ৮২ কোটি ডলারের পোশাক গেছে।

নতুন বাজারের মধ্যে জাপানে গত আট মাসে ৭৩ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১৫ শতাংশ বেশি। এ ছাড়া অস্ট্রেলিয়ায় ৫৬ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। তাতে প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৪৮ শতাংশ।

আরেক নতুন বাজার রাশিয়ায় পোশাক রপ্তানি দ্রুত বাড়তে থাকলেও ইউক্রেনের সঙ্গে দেশটি যুদ্ধে জড়ানোর কারণে আগামী মাসগুলোতে কী হবে, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কারণ, এইচঅ্যান্ডএমসহ কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ড ইতিমধ্যে রাশিয়ায় তাদের ব্যবসা সাময়িকভাবে স্থগিত করেছে। গত প্রথম আট মাসে রাশিয়ায় ৪৮ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৫ দশমিক ৩০ শতাংশ বেশি।

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি শহীদউল্লাহ আজিম বলেন, ‘সরবরাহব্যবস্থায় সমস্যার কারণে বৈশ্বিক পোশাক রপ্তানিতে চীনের হিস্যা ৮ শতাংশের মতো কমেছে। তাদের ছেড়ে দেওয়া ব্যবসা আমরা ধীরে ধীরে নিতে সক্ষম হচ্ছি। সে কারণে আমাদের প্রত্যাশা, সামনের দিনে সব বাজারে আমাদের রপ্তানি বাড়বে।’

শহীদউল্লাহ আজিম আরও বলেন, ‘বর্তমানে কৃত্রিম তন্তুর পোশাকের চাহিদা বিশ্বব্যাপী বাড়ছে। আমরা সেখানে পিছিয়ে। দ্রুত পোশাক রপ্তানি বাড়াতে হলে কৃত্রিম তন্তুতে বিনিয়োগ বাড়াতে হবে। আর কর ছাড়সহ অন্যান্য সুযোগ-সুবিধা দিলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে আকৃষ্ট হবেন।’