নতুন বাণিজ্যমন্ত্রীর একগুচ্ছ পরিকল্পনা

দায়িত্ব নেওয়ার প্রথম দিনই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের চেম্বার ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের নিয়ে শিগগিরই তিনি একটি উপদেষ্টা কমিটি গঠন করবেন। যে কমিটির সঙ্গে বৈঠক করা হবে প্রতিমাসেই।
এদিকে, আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধিতে বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার পরিবর্তে দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রতি জোর দেওয়ার ইচ্ছের কথাও জানান তোফায়েল আহমেদ।
নিজ কার্যালয়ে গতকাল সোমবার সাংবাদিকদের সঙ্গে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘মন্ত্রী হিসেবে আমার করণীয় হচ্ছে, ব্যবসায়ীদের জন্য ব্যবসা করার পরিবেশ তৈরি করে দেওয়া এবং সেই কাজটিই আমি করব।’
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘টিসিবি আর আগের টিসিবি নেই। তবে ক্রান্তিকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য যাতে মানুষের নাগালের মধ্যে থাকে, টিসিবির মাধ্যমে সেই চেষ্টা করা হবে।’
বৈদেশিক বাণিজ্য নিয়ে অনেক কিছু করার আছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, একক দেশ হিসেবে বাংলাদেশি পণ্যের প্রধান আমদানিকারক যুক্তরাষ্ট্র। দেশটি বাংলাদেশের জন্য অগ্রাধিকারমূলক বাণিজ্য-সুবিধা (জিএসপি) বাতিল করেছে। এখনকার অন্যতম কাজ হবে জিএসপি ফিরে পাওয়ার জন্য কাজ করা।
বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাসগুলোর কমার্শিয়াল উইংগুলো ভালোভাবে চালু করার চেষ্টা করবেন বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী জানান, ১৬-১৮ জানুয়ারি ভারতে অনুষ্ঠেয় সার্ক চেম্বার অব কমার্সের একটি সম্মেলনে যোগ দিচ্ছেন তিনি।