এ সপ্তাহের সাক্ষাৎকার: কোম্পানি আইনে সরাসরি প্রশাসক নিয়োগের বিধান সংযোজন ও বিদেশি বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফআইসিসিআই) সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ
নতুন বিদেশি বিনিয়োগ সেভাবে আসছে না
প্রথম আলো: কোম্পানি আইনে সরাসরি প্রশাসক নিয়োগের বিধান সংযোজনে ব্যবসায়ী মহল তীব্র আপত্তি জানিয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা এটিকে কীভাবে দেখছেন?সৈয়দ এরশাদ আহমেদ: যুক্তিসংগত কারণেই ব্যবসায়ীরা কোম্পানি আইন সংশোধন করে প্রশাসক নিয়োগের বিধান যুক্ত করার উদ্যোগের আপত্তি জানিয়েছেন। বিদেশি বিনিয়োগকারীরাও এ ধরনের উদ্যোগকে সমর্থন করতে পারছে না। বরং এটা তাদের প্রতি এক ধরনের ভুল বার্তা পাঠাচ্ছে। এই আইন বাস্তবায়িত হলে একদিকে বর্তমান বিনিয়োগকারীরা শঙ্কিত হয়ে পড়বেন, অন্যদিকে নতুন বিনিয়োগকারীরা আর বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবেন না। বিদেশি বিনিয়োগকারীরা একটি স্থিতিশীল পরিবেশ ও নীতির আওতায় বিনিয়োগ করতে এসেছেন এবং তা দীর্ঘমেয়াদে। এখন হঠাৎ এ রকম একটি পদক্ষেপে তাঁরা মনে করবেন যে, দেশে কোনো নীতি স্থিতিশীলতা নেই। আসলে এভাবে প্রশাসক নিয়োগের উদ্যোগ তো কতিপয় এমএলএম কোম্পানির অনিয়মের জন্য ঢালাওভাবে সব ব্যবসা প্রতিষ্ঠানকে শাস্তি দেওয়ার শামিল। আশা করি, সরকার বিষয়টি আরও ভালোভাবে বিবেচনা করবেন।প্রথম আলো: সম্প্রতি আঙ্কটাডের প্রতিবেদনে চলতি বছরের প্রথমার্ধে বৈশ্বিক পরিস্থিতির তুলনায় বাংলাদেশের বিদেশি বিনিয়োগ পরিস্থিতি ভালো বলে উল্লেখ করা হয়েছে। এটা আপনি কীভাবে দেখছেন?সৈয়দ এরশাদ আহমেদ: সার্বিকভাবে বিনিয়োগ পরিস্থিতি ইতিবাচক হলেও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ তিনটি ভাগে বিন্যস্ত করা হয়। প্রথমটি হলো নতুন বিনিয়োগ। বাংলাদেশে নতুন বিনিয়োগ কিন্তু কমে গেছে। দ্বিতীয়টি হলো বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর পুনর্বিনিয়োগ। এটি বেশ বেড়েছে। আর তৃতীয়টি হলো আন্তকোম্পানি ঋণ। এটাও কিছুটা বেড়েছে। অর্থাৎ বিদ্যমান বিনিয়োগগুলোই সম্প্রসারিত হচ্ছে। নতুন বিনিয়োগ সেভাবে আসছে না।প্রথম আলো: নতুন বিনিয়োগ আসছে না কেন?সৈয়দ এরশাদ আহমেদ: গ্যাস-বিদ্যুতের ঘাটতি একটা বড় কারণ। কয়েক দিন আগে বিশ্বব্যাংক ও আইএফসির প্রকাশিত ‘সহজে ব্যবসা করার সূচক’ থেকে দেখা যায়, বাংলাদেশ এবার কয়েক ধাপ পিছিয়ে গেছে। ওই প্রতিবেদনেই বিদ্যুৎ পাওয়া যে বাংলাদেশে সবচেয়ে কঠিন তা বলা হয়েছে। ভৌত অবকাঠামোগত সমস্যা আছে। রাস্তাঘাটের বিষয়টি এখানে বলা যেতে পারে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করা যায়নি এখনো। আর আছে জমির সমস্যা। পর্যাপ্ত জমি পাওয়া যাচ্ছে না। আবার পাওয়া গেলেও জমিতে এত ঝামেলা বা ভেজাল থাকছে যে, কেউ তা নিশ্চিন্তে নিতে পারছে না। প্রথম আলো: সমস্যার কথা বললেন। বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক দিকগুলো একটু বলুন।সৈয়দ এরশাদ আহমেদ: ইতিবাচক কিছু দিক তো আছেই। আমাদের আছে সস্তা শ্রমিক। তুলনামূলকভাবে শ্রমিকের মজুরি কম। পাশাপাশি আমাদের শ্রমমানে কিছু গুণগত পরিবর্তনও এসেছে। শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়ছে। এশিয়ার বিভিন্ন দেশ বিশেষত কম্বোডিয়া, ভিয়েতনাম, ভারতের শ্রমিকদের তুলনায় বাংলাদেশের শ্রমিকেরা অনেক সুশৃঙ্খল। তারা অনেক কিছু দ্রুত রপ্ত করতে পারে। এটাও বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটা ইতিবাচক দিক। চট্টগ্রাম বন্দরের কর্মদক্ষতা অনেক বেড়েছে। গত তিন বছরে বন্দরের পণ্য ওঠানামাসহ বিভিন্ন কার্যক্রম অনেক গতিশীল হয়েছে। অতি সম্প্রতি গ্যাসের চাপ পরিস্থিতিরও উন্নতি হয়েছে। আগামী দিনে আরও কিছু অগ্রগতি আমরা দেখতে পাব।প্রথম আলো: সার্বিকভাবে আগামী দিনগুলোয় অর্থনীতি কোনদিকে যাবে বলে মনে করছেন?সৈয়দ এরশাদ আহমেদ: ইউরোপ ও আমেরিকার তুলনায় এশিয়ার অর্থনীতির অবস্থা ভালো। সে কারণে বাংলাদেশের অবস্থাও তুলনামূলকভাবে ভালো তাতে কোনো সন্দেহ নেই। আর বাংলাদেশের জন্য সামনে এখন এক সম্ভাবনা তৈরি হয়েছে। চীন, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো দেশে ব্যয় বেড়ে যাওয়ায় উদ্যোক্তারা সেখান থেকে শিল্প-কারখানা অন্যত্র স্থানান্তর করতে চাইছেন। বাংলাদেশ তাদের পছন্দের তালিকায় আছে। আবার তুরস্ক, জার্মানিসহ একাধিক ইউরোপীয় দেশ থেকে বিনিয়োগ আসার অপেক্ষায় আছে। সব মিলিয়ে একটি অপূর্ব সুযোগ। এটা আমরা কীভাবে কাজে লাগাব তাই এখন দেখার বিষয়। [সাক্ষাৎকার নিয়েছেন আসজাদুল কিবরিয়া]