নতুন বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

শেভরন বিবিয়ানা গ্যাস প্ল্যান্টের নিকটবর্তী নাদামপুর উচ্চ বিদ্যালয়ের একটি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন শেভরন এশিয়া প্যাসিফিক এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন, বাংলাদেশের প্রেসিডেন্ট মেলোডি মেয়ার। সম্প্রতি তিনি প্রস্তাবিত নতুন ভবনটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
প্রস্তাবিত পাঁচতলা ভবনটির প্রথম তলার নির্মাণ খরচ যৌথভাবে বহন করবে শেভরন এবং শেভরনের কয়েকজন ঠিকাদার। এই তলায় ১৫০ জনেরও অধিক শিক্ষার্থীর জন্য তিনটি শ্রেণিকক্ষ এবং শিক্ষকদের জন্য একটি কমনরুম থাকবে।
এই উদ্বোধন অনুষ্ঠানে মেলোডি মেয়ার বলেন, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে নবীগঞ্জ উপজেলার সেরা মাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতি অর্জন করায় এই বিদ্যালয়কে অভিনন্দন। পর পর চার বছর সফলভাবে ১০০ ভাগ পাসের হার একটি বিরাট অর্জন।
এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেভরন দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ব্র্যাড মিডলটন, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট কেভিন লায়ন, শেভরন বাংলাদেশের এক্সটারনাল অ্যাফেয়ার্স ডিরেক্টর নাসের আহমেদ ও হবিগঞ্জ-১ এর সাংসদ আবদুল মুনিম চৌধুরী প্রমুখ।