নতুন বিনিয়োগ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোসেন খালেদ
হোসেন খালেদ

দেশের ব্যবসা-বাণিজ্যের সাম্প্রতিক পরিস্থিতি, সম্প্রতি অনুষ্ঠিত টিকফার বৈঠকসহ নানা বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ঢাকা চেম্বারের সাবেক সভাপতি ও আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হোসেন খালেদ

প্রথম আলো: রাজনৈতিক অস্থিরতা শেষে বর্তমানে দেশের ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি কেমন বলে মনে করছেন?
হোসেন খালেদ: নির্বাচন ঘিরে গত বছরের শেষের দিকে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছিল, তার সঙ্গে বিবেচনা করলে ব্যবসা-বাণিজ্য এখন একটু ভালো অবস্থায় আছে। তবে এখনো অর্থনীতি পুরোপুরি চাঙা অবস্থায় ফিরেনি। এর বড় কারণ ব্যবসায় নতুন করে পুঁজি বিনিয়োগ হচ্ছে না। ব্যবসায়িক পরিস্থিতির উন্নতি হলেও শিল্পের কাঁচামালের ঊর্ধ্বগতিসহ বিদ্যমান সমস্যাগুলোর কোনো সমাধান এখনো হয়নি।
প্রথম আলো: শিল্পে নতুন করে কেন পুঁজি বিনিয়োগ হচ্ছে না? বিনিয়োগের এই বন্ধ্যত কাটিয়ে ওঠার উপায় কী?
হোসেন খালেদ: অবকাঠামো, গ্যাস, বিদ্যুতের পুরোনো সমস্যার এখনো সমাধান হয়নি। এ ছাড়া দেশে নতুন ব্যবসা শুরু করার প্রক্রিয়াটি এখনো জটিল। অদৃশ্য ব্যয় অনেক বেড়ে গেছে। আবার অবৈধ লেনদেনের শিকারও হতে হচ্ছে উদ্যোক্তাদের। এতে ব্যবসার পরিচালন ব্যয়ও বেড়ে যাচ্ছে। আমি একটা ব্যবসা শুরুর সময় ধরে নিয়েছি, উৎপাদন সক্ষমতার ৬০ থেকে ৭০ শতাংশ করতে পারলে ব্রেক ইভেনে (লাভও নয়, লোকসানও নয়) যেতে পারব। কিন্তু গ্যাস-বিদ্যুতের সংকটে উৎপাদন করতে পারছি ১০ থেকে ১৫ শতাংশ। কীভাবে নতুন উদ্যোগ আশা করেন? এর সঙ্গে যুক্ত হয়েছে নিরাপত্তাহীনতা। দেশের এখনকার যে পরিস্থিতি তাতে দেশীয় উদ্যোক্তা হিসেবে আমি নিরাপদ বোধ করছি না। সেখানে বিদেশি বিনিয়োগকারী কেন আসবে? বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বেটার বিজনেস ফোরাম গঠনের মাধ্যমে ব্যবসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছিল। সে সময় এ ক্ষেত্রে বেশ কিছু অগ্রগতিও হয়েছিল। এই ফোরাম গঠনের আগে নতুন একটি কোম্পানি গঠনে ২৭টি ধাপ পেরোতে হতো। ফোরামের পক্ষ থেকে নানা উদ্যোগের ফলে কিছু ধাপ কমানো সম্ভব হয়েছে। নতুন বিনিয়োগ আনতে হলে অবকাঠামো, বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধানের পাশাপাশি ব্যবসা সহজীকরণ করতে হবে। ২০২১ সালে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্য ঠিক করেছে সরকার। এর আগেই সেটা সম্ভব, যদি নীতিমালা এবং ব্যবসার পরিবেশগত বাধাগুলো দূর করা যেত।
প্রথম আলো: আনোয়ার গ্রুপ নানামুখী ব্যবসার সঙ্গে যুক্ত। আপনাদের প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রসারের ভবিষ্যৎ পরিকল্পনা কী?
হোসেন খালেদ: আমরা ৮-১০টি নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। অনেকগুলোর কাজও গুছিয়ে আনা হয়েছে। কিন্তু বিদ্যুৎ ও গ্যাসের অভাবে সেগুলোকে যথাযথভাবে এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। তবে নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণসামগ্রী, টায়ার, অটোমোটিভ শিল্প গড়ে তোলার পরিকল্পনা আমাদের রয়েছে। বিদ্যমান বস্ত্র খাতের ব্যবসাও বহুমুখী করার পরিকল্পনা রয়েছে।
প্রথম আলো: সাম্প্রতিক সময়ে ব্যাংক খাতে বড় বড় কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। একজন ব্যবসায়ী এবং ব্যাংক পরিচালক হিসেবে দেশের বর্তমান ব্যাংকিং খাতের এ বিষয়টিকে কীভাবে দেখছেন?
হোসেন খালেদ: ব্যাংকিং খাতে এখন ২৬ হাজার কোটি টাকার বেশি তারল্য রয়েছে। কিন্তু বিনিয়োগ হচ্ছে না। তাহলে ব্যাংকিং খাত চলবে কীভাবে? বিনিয়োগসহ ব্যবসা-বাণিজ্যে স্থবিরতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্যদিকে খেলাপির পরিমাণও বাড়ছে। আমার জানামতে, বস্ত্র খাতসহ বেশ কয়েকটি খাতের উদ্যোক্তারা বিপুল ব্যাংক ঋণ নিয়ে শিল্প গড়ে তুলেছেন। কয়েক বছর আগে উৎপাদন শুরুর কথা থাকলেও গ্যাস ও বিদ্যুৎ-সংযোগের অভাবে এসব শিল্পে উৎপাদনই শুরু করা যায়নি। উৎপাদন না হলে উদ্যোক্তা সময়মতো ব্যাংকের ঋণ শোধ দিতে পারবে না। তবে সাম্প্রতিক এসব জালিয়াতির ঘটনায় ব্যাংকগুলোর শিক্ষা হয়েছে। যতটা বিশ্বাসের সঙ্গে আগে ব্যবসায়ীদের ঋণ দেওয়া হতো, এখন তা কমিয়ে প্রকৃত ব্যবসায়ীদেরই ঋণ দেওয়া হচ্ছে। আমরা ঋণ নিতে গেলে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুরু করে পরিবারের সদস্যদেরও বন্ধক রাখতে হয়। কিন্তু হল-মার্ক, বিসমিল্লাহ্র মতো প্রতিষ্ঠানগুলোকে জামানত ছাড়াই ঋণ দেওয়া হয়েছে। ব্যবসায়ী হিসেবে বলি, এসব ঘটনায় প্রকৃত ব্যবসায়ীদের ওপর কোনো প্রভাব পড়েনি।
প্রথম আলো: সম্প্রতি টিকফার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। টিকফার ফলে বাংলাদেশ কতটুকু লাভবান হবে? এ ছাড়া যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি-সুবিধা ফিরে পেতে সরকারের নেওয়া পদক্ষেপকে যথাযথ মনে করেন কি না?
হোসেন খালেদ টিকফা থেকে আমাদের সুবিধা পাওয়ার সম্ভাবনা খুব কম। অবশ্যই এখানে আলোচনা হবে। তবে স্বল্প মেয়াদে কোনো সুবিধা পাওয়া যাবে না। বরং কিছু ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। কারণ এখন বাংলাদেশ যেসব পণ্য বিনা মূল্যে ব্যবহারের সুযোগ পাচ্ছে মেধাস্বত্ব আইন কার্যকর হলে সেটি আর সম্ভব না-ও হতে পারে। তবে দীর্ঘমেয়াদে হয়তো এর সুফল পাওয়া যাবে। আর জিএসপি ফিরে পাওয়ার ব্যাপারে আমি মোটেও আশাবাদী নই। বাংলাদেশ সফরে আসা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছে। আমার কাছে মনে হয়েছে, তারা আগে থেকেই ঠিক করে রেখেছে, এ সুবিধা দেওয়া হবে না। অনেক যুক্তি দিয়ে তাদের কাছে শুল্কমুক্ত এবং কোটামুক্ত সুবিধা দেওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেও তারা বুঝতেই চায়নি।
প্রথম আলো: ব্যবসায়ী সংগঠনগুলো ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় যথাযথ ভূমিকা রাখতে পারছে বলে মনে করেন?
হোসেন খালেদ: বাণিজ্য সম্প্রসারণমূলক বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরতে বাণিজ্য সংগঠন অবশ্য প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, বাণিজ্য সংগঠনগুলোর একমাত্র অস্ত্র হলো সরকারের কাছে এ বিষয়ে শুধু সুপারিশ করা। এ ছাড়া আর কিছুই করার থাকে না। বিগত দিনেও সরকারকে আমাদের বোঝাতে হয়েছে, এখনো হচ্ছে। এ ক্ষেত্রে সরকারের মনোভাব যদি ইতিবাচক হয়, তাহলে ব্যবসাবান্ধব সিদ্ধান্ত আসে, নইলে আসে না।
[সাক্ষাৎকার নিয়েছেন সুজয় মহাজন ও আবুল হাসনাত]