নতুন বিমা করতে পারবে না স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স কোম্পানির লাইসেন্স আদালতেও স্থগিত থাকল। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার একটি আদেশ দিয়েছেন।
দেশের বিমা ইতিহাসে উচ্চ আদালতে লাইসেন্স স্থগিতের ঘটনা এটাই প্রথম।
আদেশ অনুযায়ী স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স নতুন কোনো পলিসি ইস্যু এবং কাভারনোট সনদও প্রদান করতে পারবে না। তবে পুরোনো পলিসির কার্যক্রম চালাতে পারবে। অর্থাৎ কোম্পানিটি সম্পর্কে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটাই সুপ্রিম কোর্ট বহাল রেখেছেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। আইডিআরএর পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আইনজীবী এ এস এম এ মুবিন। আর স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ।
যোগাযোগ করলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, ‘স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স বিষয়ে আইডিআরএ যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটাই ঠিক আছে। আইডিআরএর স্থগিতাদেশ যে স্থগিত হয়ে গিয়েছিল, এখন তা আবার স্থগিত হয়ে গেছে।’
বিমা দাবি পেতে অনিয়ম-দুর্নীতির আশ্রয় নেওয়ায় আইডিআরএ গত ১৭ জুন স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত করে। আইডিআরএ তখন জানায়, এ ব্যাপারে কোম্পানির কোনো বক্তব্য থাকলে আইডিআরএ কার্যালয়ে অনুষ্ঠেয় শুনানিতে অংশ নিতে পারবে এবং সরকারের কাছে আপিলও করতে পারবে। কিন্তু কোম্পানিটি এ পথে না গিয়ে বরং গত ২৯ জুন রিট আবেদন করলে আইডিআরএর স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করে দেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে আইডিআরএ।
৬ জুলাই চেম্বার আদালত স্থগিতাদেশের কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করে আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এরপর গতকাল আপিল বিভাগ ওই আবেদনটির শুনানি শেষে যে আদেশ দেন তা আইডিআরএর পক্ষে যায়।
গাজীপুরের কোনাবাড়ীর জারুন নামক এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের বহুতলবিশিষ্ট পোশাক কারখানা ভবন ২০১৩ সালের ২৮ নভেম্বর মধ্যরাতে আগুনে পুড়ে যায়। কে বা কারা আগুন লাগায়, সে রহস্য এখনো উদ্ঘাটিত হয়নি।